জমাদিউস সানি শুরু কাল, কবে হচ্ছে রোজা

সময়ের আলো ডেস্ক

ইসলাম

বৃহস্পতিবার (১২ নভেম্বর) থেকে শুরু হচ্ছে ১৪৪৮ হিজরি সনের পবিত্র জমাদিউস সানি মাস। আজ ৩০ দিন পূর্ণ হচ্ছে জমাদিউল আউয়াল

2026-11-11T17:31:07+00:00
2026-11-11T17:31:07+00:00
 
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
ইসলাম
জমাদিউস সানি শুরু কাল, কবে হচ্ছে রোজা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৫:৩১ পিএম 
কাল থেকে শুরু হচ্ছে ১৪৪৮ হিজরি সনের পবিত্র জমাদিউস সানি মাস। সংগৃহীত ছবি
বৃহস্পতিবার (১২ নভেম্বর) থেকে শুরু হচ্ছে ১৪৪৮ হিজরি সনের পবিত্র জমাদিউস সানি মাস। আজ ৩০ দিন পূর্ণ হচ্ছে জমাদিউল আউয়াল মাসের। সেই হিসাবে পবিত্র রমজান মাস শুরু হতে বাকি রয়েছে আর মাত্র তিন মাস।

গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় জানানো হয়, দেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের জমাদিউস সানি মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আজ বুধবার জমাদিউল আউয়াল মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামীকাল বৃহস্পতিবার থেকে জমাদিউস সানি মাস গণনা শুরু হবে।

দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেয় জাতীয় চাঁদ দেখা কমিটি।

আরবি বর্ষপঞ্জি অনুযায়ী, জমাদিউস সানির পর আসবে রজব, শাবান ও রমজান মাস। চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে পবিত্র রমজান মাস। সেই হিসাবে আজ থেকে রমজান শুরু হতে বাকি ৮৯ দিন। 

রমজান মাস ৩০ দিনের হলে আগামী ১০ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। আর ২৯ দিনে মাস শেষ হলে ঈদ হবে ৯ মার্চ। সরকারের প্রকাশিত ২০২৭ সালের সরকারি ক্যালেন্ডারেও ৮ ফেব্রুয়ারি রমজান শুরুর সম্ভাব্য দিন এবং ১০ মার্চ ঈদুল ফিতরের তারিখ উল্লেখ করা হয়েছে।

এদিকে রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে কয়েকটি মুসলিম দেশ। কাজাখস্তানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কাজইনফর্ম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে পবিত্র রমজান। মাসব্যাপী রোজা পালনের পর ৯ মার্চ উদযাপিত হতে পারে ঈদুল ফিতর। এ ছাড়া ৫ মার্চ দিবাগত রাতে পবিত্র শবে কদর বা লাইলাতুল কদর পালনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী বছরের ১৬ থেকে ১৮ মে পর্যন্ত তিন দিনব্যাপী উদযাপিত হওয়ার কথা রয়েছে পবিত্র ঈদুল আজহা। এর আগের দিন ১৫ মে পালিত হতে পারে পবিত্র আরাফাতের দিন।

হিজরি বর্ষপঞ্জির অন্যান্য গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবসের সম্ভাব্য তারিখও প্রকাশ করেছে কাজাখস্তান। সূচি অনুযায়ী, ৪-৫ জানুয়ারি দিবাগত রাতে শবে মেরাজ এবং ২২-২৩ জানুয়ারি দিবাগত রাতে শবে বরাত পালিত হতে পারে। এ ছাড়া ১৫ জুন পবিত্র আশুরা এবং ১৪-১৫ আগস্ট মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকী ঈদে মিলাদুন্নবী পালনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। বছরের শেষ দিকে ২৪-২৫ ডিসেম্বরও শবে মেরাজের আরেকটি তারিখ উল্লেখ রয়েছে।

তবে কাজাখস্তানের মুসলিম ধর্মীয় প্রশাসন জানিয়েছে, এসব ধর্মীয় দিবসের তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল। ফলে চূড়ান্ত তারিখে এক দিনের পরিবর্তন হতে পারে।


অন্যদিকে, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে ১৪৪৮ হিজরি সনের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য সময়সূচি প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ। তাদের পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে শুরু হতে পারে পবিত্র রমজান মাস।

প্রতিবেদনে বলা হয়েছে, ৭ ফেব্রুয়ারি, রোববার সন্ধ্যায় পবিত্র রমজানের চাঁদ দেখার চেষ্টা করা হবে। সেদিন চাঁদ দেখা গেলে রাতে প্রথম তারাবির নামাজ আদায় করবেন মুসল্লিরা। এরপর সেহরি খেয়ে ৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হবে।

জ্যোতির্বিজ্ঞানীদের গণনা অনুযায়ী, ২০২৭ সালের ১০ মার্চ, বুধবার ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। তবে এ ক্ষেত্রেও চাঁদ দেখার ওপর নির্ভর করবে ঈদের চূড়ান্ত তারিখ।

উল্লেখ্য, ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান মাস শুরু হয়েছিল। মাসব্যাপী সিয়াম সাধনা শেষে ২০ মার্চ উদযাপিত হয়েছিল পবিত্র ঈদুল ফিতর।

তবে ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের তারিখ নিয়ে কাজাখস্তানের প্রকাশিত ক্যালেন্ডার এবং গালফ নিউজের জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাসে কিছুটা পার্থক্য রয়েছে। তাই চূড়ান্ত তারিখ জানতে সংশ্লিষ্ট দেশের চাঁদ দেখা কমিটির ঘোষণার অপেক্ষা করতে হবে।


সময়ের আলো/ইউএমএইচ


  বিষয়:   রোজা  জমাদিউস সানি 


Advertisement
Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: