ছবি : সময়ের আলো সম্মান মানুষের জীবনের অমূল্য সম্পদ। অর্থ-সম্পদ হারালে তা আবার পাওয়া যায়, কিন্তু মিথ্যা অভিযোগে যে সম্মানহানি হয়, তা সহজে পূরণ করা যায় না। একটি মিথ্যা অপবাদ মানুষের সামাজিক অবস্থান, পারিবারিক শান্তি, ব্যক্তিগত সম্পর্ক ও মানসিক প্রশান্তি নষ্ট করে দিতে পারে। অথচ দুঃখজনক বাস্তবতা হলো, আমাদের সমাজে অনেক সময় অপবাদকে অন্যায়ের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়।
অপবাদ হলো সাধারণত কাউকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে তার বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন দোষারোপ করা। কখনো ব্যক্তিগত শত্রুতা, কখনো হিংসা-বিদ্বেষ, আবার কখনো নিজেকে নির্দোষ প্রমাণ কিংবা অন্যের অগ্রযাত্রা থামিয়ে দেওয়ার উদ্দেশ্যে মানুষ অপবাদের আশ্রয় নেয়। কারও সুনাম নষ্ট করতে তার কথাকে বিকৃত করা হয়, আচরণের ভুল ব্যাখ্যা দেওয়া হয়, এমনকি তার চরিত্র নিয়েও মিথ্যা প্রচার চালানো হয়। এভাবে সত্যকে আড়াল করে মিথ্যাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা চলে।
অপবাদ শুধু এক ব্যক্তিকে আঘাত করে না, সমাজের নৈতিক ভিত্তিকেও দুর্বল করে দেয়। একজন নিরপরাধ যখন অন্যের মিথ্যা অভিযোগের শিকার হন, তখন তাকে শুধু অভিযোগের জবাবই দিতে হয় না; অনেক সময় নিজের নির্দোষিতার প্রমাণ দিতে গিয়ে তাকে অবর্ণনীয় মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়। পরিচিত মানুষের সন্দেহ, আপনজনের অবিশ্বাস এবং সমাজের কটূক্তি তার জীবনকে দুর্বিষহ করে তুলতে পারে। সবচেয়ে কষ্টের বিষয় হলো, অপবাদদাতা হয়তো কয়েকটি কথা বলেই দায়মুক্ত হয়ে যান, কিন্তু অপবাদের শিকার ব্যক্তিকে দীর্ঘদিন তার বোঝা বহন করতে হয়।
আরও ভয়াবহ বিষয় হলো, অনেকেই সত্য-মিথ্যা যাচাই না করেই অপবাদ ছড়িয়ে দেয়। কেউ একজন বলল, আরেকজন তা শুনে বিশ্বাস করল, তৃতীয়জন সেটিকে আরও রং চড়িয়ে প্রচার করল। এভাবেই একটি ভিত্তিহীন কথা মানুষের মুখে মুখে প্রতিষ্ঠিত সত্যের রূপ নিতে শুরু করে। অথচ কোনো কথা বহু মানুষের মুখে উচ্চারিত হলেই তা সত্য হয়ে যায় না। সত্যের মানদণ্ড মানুষের সংখ্যা নয়, বরং নির্ভরযোগ্য তথ্য ও যথাযথ প্রমাণ।
পবিত্র কুরআন আমাদের এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছে। আল্লাহ তায়ালা বলেন, ‘হে মুমিনগণ! কোনো পাপাচারী ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে এলে তোমরা তা যাচাই করে নাও, যাতে অজ্ঞতাবশত তোমরা কোনো সম্প্রদায়ের ক্ষতি করে না বসো এবং পরে নিজেদের কৃতকর্মের জন্য অনুতপ্ত না হও (সুরা আল-হুজুরাত, আয়াত ৬)’। এই নির্দেশনা শুধু সংবাদ যাচাইয়ের শিক্ষা দেয় না; বরং কারও সম্মান, অধিকার ও সামাজিক নিরাপত্তা রক্ষার একটি মৌলিক নীতিও প্রতিষ্ঠা করে। বিশেষত সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে এ শিক্ষার প্রয়োজনীয়তা আরও বেড়েছে। একটি মিথ্যা পোস্ট, সম্পাদিত ছবি, অসম্পূর্ণ বক্তব্য কিংবা যাচাইহীন অভিযোগ মুহূর্তেই অসংখ্য মানুষের কাছে পৌঁছে যেতে পারে। পরে ভুল প্রমাণিত হলেও সেই অপপ্রচারের ক্ষত সহজে মুছে যায় না।
ইসলাম মানুষের সম্মান রক্ষাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে। পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা একে অন্যকে উপহাস করা, দোষারোপ করা এবং মন্দ নামে ডাকার ব্যাপারে নিষেধ করেছেন। (সুরা আল-হুজুরাত, আয়াত ১১)। পরের আয়াতে কু-ধারণা, গোপন দোষ অনুসন্ধান ও গিবত থেকেও বিরত থাকার নির্দেশ দিয়েছেন। এসব নির্দেশনা থেকে বোঝা যায়, একজনের মর্যাদা ক্ষুণ্ন করে এমন আচরণ ইসলামের নৈতিক শিক্ষার পরিপন্থী।
তবে একটি বিষয় মনে রাখা জরুরি, প্রমাণভিত্তিক অভিযোগ, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়সংগত প্রতিবাদ এবং মিথ্যা অপবাদ এক বিষয় নয়। কেউ অন্যায় করলে তার বিরুদ্ধে যথাযথ কর্তৃপক্ষের কাছে তথ্য-প্রমাণসহ অভিযোগ জানানো অপরাধ নয়; বরং ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য কখনো তা প্রয়োজনীয়। কিন্তু ব্যক্তিগত বিদ্বেষ থেকে মিথ্যা অভিযোগ তৈরি করা, প্রমাণ ছাড়া কাউকে অপরাধী সাব্যস্ত করা কিংবা জনসমক্ষে হেয় করা সম্পূর্ণ ভিন্ন বিষয়। ন্যায়বিচারের নামে অন্যায় করার সুযোগ কারও নেই।
অপবাদের পেছনে অনেক সময় ক্ষমতার অপব্যবহারও কাজ করে। কোনো ব্যক্তি যখন যুক্তিতে পরাজিত হয়, তখন কখনো প্রতিপক্ষের চরিত্রহননের চেষ্টা করে। কেউ নিজের ব্যর্থতা আড়াল করতে অন্যের ওপর দোষ চাপায়। আবার কেউ কারও জনপ্রিয়তা, যোগ্যতা কিংবা সাফল্য সহ্য করতে না পেরে তার বিরুদ্ধে কুৎসা রটায়। এতে সাময়িকভাবে কাউকে দুর্বল করা সম্ভব হলেও সত্যকে চিরকাল আড়াল করা যায় না। বরং অপবাদদাতার নিজের নৈতিক অবস্থানই প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে।
এ ক্ষেত্রে আমাদের সামাজিক দায়িত্বও কম নয়। কোনো অভিযোগ শুনেই তা প্রচার করা থেকে বিরত থাকতে হবে। অভিযোগের উৎস, প্রমাণ ও প্রেক্ষাপট যাচাই করতে হবে। কারও ব্যক্তিগত বিষয় নিয়ে অপ্রয়োজনীয় আলোচনা এড়িয়ে চলতে হবে। কেউ অপবাদের শিকার হলে যাচাই ছাড়া তাকে দোষী ধরে নেওয়া যাবে না। প্রয়োজনে নিরপেক্ষভাবে সত্য অনুসন্ধান করতে হবে এবং অন্যায়ের শিকার ব্যক্তির সম্মান রক্ষায় সচেতন ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে অপবাদ ছড়িয়ে দেওয়ার পর ভুল বুঝতে পারলে তা স্বীকার করা, সংশ্লিষ্ট ব্যক্তির কাছে ক্ষমা চাওয়া এবং যেখানে মিথ্যা প্রচার করা হয়েছে, সেখানে সত্যটি স্পষ্ট করা জরুরি। কারণ ব্যক্তিগতভাবে ক্ষমা চাইলেই সব ক্ষতি পূরণ হয় না; জনসমক্ষে অপবাদ দেওয়া হলে জনসমক্ষেই তা সংশোধনের চেষ্টা করা উচিত।
মোট কথা একটি সুন্দর সমাজ গড়তে শুধু মিথ্যা বলা থেকে বিরত থাকাই যথেষ্ট নয়; অন্যের সম্মানহানি করে এমন কথা শোনা, বিশ্বাস করা ও প্রচার করা থেকেও বিরত থাকতে হবে। মতভেদ থাকবে, ভুল-ত্রুটি থাকবে, অভিযোগও উঠতে পারে। কিন্তু কোনো অবস্থাতেই ব্যক্তিগত বিদ্বেষকে সত্যের আসনে বসানো যাবে না। মনে রাখতে হবে, অভিযোগের আগে প্রমাণ, প্রচারের আগে যাচাই এবং বিচারের আগে ন্যায়বোধ জরুরি। অপবাদকে অন্যায়ের হাতিয়ার হিসেবে ব্যবহার না করে সত্য, ন্যায় ও মানবিকতাকে সামাজিক জীবনের ভিত্তি করতে পারলেই মানুষের সম্মান সুরক্ষিত হবে এবং সমাজে পারস্পরিক বিশ্বাস প্রতিষ্ঠিত হবে।
শিক্ষক, মাদরাসাতুদ দাওয়াহ আশ-শরইয়্যাহ, নারায়ণগঞ্জ
সময়ের আলো/প্রিন্ট/এসএকে