গ্রাফিক : সময়ের আলো একটি বাড়ির দরজা বন্ধ হলেই কি তার ভেতরের সবকিছু ব্যক্তিগত হয়ে যায়? চার-দেয়ালের আড়ালে একজন মানুষ নির্যাতনের শিকার হলেও কি সমাজের কারও কিছু বলার থাকে না? যে নারী কিংবা শিশুটি সকাল থেকে রাত পর্যন্ত অন্যের সংসার সামলায়, রান্না করে, ঘর পরিষ্কার করে, শিশুদের দেখাশোনা করে, তার নিজের জীবনেও যে কত অজানা কষ্ট জমে থাকে, তা আমরা কতটুকু জানি?
কখনো সামান্য ভুলের জন্য গালাগাল, কখনো চড়-থাপ্পড়, কখনো খাবার না দেওয়া, আবার কখনো শারীরিক ও যৌন নির্যাতন। বাইরে থেকে একটি বাড়িকে যতই সুশৃঙ্খল ও শান্ত মনে হোক, তার ভেতরে হয়তো প্রতিদিন বয়ে যাচ্ছে একজন মানুষের নীরব কান্না। কাজ হারানোর ভয়, আশ্রয় হারানোর শঙ্কা কিংবা আরও বড় নির্যাতনের আশঙ্কায় অনেকেই মুখ খুলতে পারেন না। ফলে অপরাধ আড়ালে থেকে যায়, আর নির্যাতনকারীরা পেয়ে যায় অন্যায় চালিয়ে যাওয়ার সুযোগ।
এ প্রশ্ন শুধু মানবিকতার নয়, ধর্মীয় মূল্যবোধেরও। যে ইসলাম মানুষের অধিকার, ন্যায়বিচার ও মর্যাদার শিক্ষা দিয়েছে, সেই ইসলামের অনুসারী হয়ে আমরা কীভাবে একজন শ্রমজীবী মানুষকে অবহেলা করি? কীভাবে তার ওপর হাত তুলি? কীভাবে ভুলে যাই, সেও কারও সন্তান, কারও মা, কারও বোন কিংবা একটি পরিবারের স্বপ্ন ও আশ্রয়? ইসলামের দৃষ্টিতে মানুষের মর্যাদা তার পেশা কিংবা আর্থিক অবস্থান দিয়ে নির্ধারিত হয় না। পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ জালিমদের ভালোবাসেন না’ (সুরা আলে ইমরান, আয়াত : ৫৭)।
এই ঘোষণা শুধু ব্যক্তিগত জীবনের জন্য নয়; মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, সামাজিক আচরণ এবং ক্ষমতার ব্যবহারের ক্ষেত্রেও এক সুস্পষ্ট নৈতিক নির্দেশনা। কারও অধীনে কাজ করলেই তার ওপর নির্যাতন চালানোর অধিকার জন্মায় না। অর্থ দিয়ে শ্রম কেনা যায়, মানুষের আত্মমর্যাদা নয়।
নবীজি (সা.) অধীনস্থ মানুষের সঙ্গে মানবিক আচরণের যে শিক্ষা দিয়েছেন, তা আজও আমাদের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। তিনি বলেছেন, ‘তারা তোমাদের ভাই। আল্লাহ তাদের তোমাদের অধীন করেছেন। সুতরাং যার অধীনে তার কোনো ভাই রয়েছে, সে যেন তাকে তাই খাওয়ায়, যা সে নিজে খায় এবং তাই পরিধান করায়, যা সে নিজে পরিধান করে। তাদের সাধ্যের বাইরে কোনো কাজের দায়িত্ব দেবে না। আর যদি এমন দায়িত্ব দাও, তা হলে তাদের সহযোগিতা করবে’ (সহিহ বুখারি ও সহিহ মুসলিম)।
হাদিসটির মূল শিক্ষা হলো, অধীনস্থ মানুষের প্রতিও সম্মান, সহমর্মিতা ও ন্যায়বিচার বজায় রাখতে হবে। ক্ষমতার অবস্থানে থাকলেই কেউ অন্যের প্রতি নিষ্ঠুর হওয়ার অধিকার পায় না। বরং যার হাতে দায়িত্ব বেশি, তার জবাবদিহিও বেশি। এই নববী শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, শ্রমের সম্পর্ক কখনোই মানবিক সম্পর্কের ঊর্ধ্বে হতে পারে না।
দুঃখজনক বাস্তবতা হলো, আমাদের সমাজের একটি অংশ এখনও গৃহকর্মীকে মানুষ হিসেবে নয়, বরং কেবল কাজ করার একটি মাধ্যম হিসেবে বিবেচনা করে। তার বিশ্রামের প্রয়োজন, অসুস্থতা, ব্যক্তিগত অনুভূতি কিংবা আত্মসম্মানকে গুরুত্ব দেওয়া হয় না। কখনো সামান্য ভুলের জন্য অপমান করা হয়, কখনো প্রাপ্য মজুরি আটকে রাখা হয়, আবার কখনো নির্ধারিত কাজের বাইরেও অতিরিক্ত দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়। অথচ যে মানুষটি আমাদের সংসারের দৈনন্দিন স্বস্তি নিশ্চিত করতে নিজের শ্রম ব্যয় করেন, তার প্রতিও আমাদের ন্যূনতম দায়িত্ব রয়েছে। গৃহকর্মী নির্যাতনের সবচেয়ে বেদনাদায়ক দিক হলো, অনেক ক্ষেত্রে এর শিকার হয় অল্পবয়সি শিশুরা।
যে বয়সে তাদের হাতে থাকার কথা বই, খাতা ও খেলনা, সে বয়সে তাদের হাতে তুলে দেওয়া হয় অন্যের সংসারের ভার। যে বয়সে বিদ্যালয়ের আঙিনায় ছুটে বেড়ানোর কথা, সে বয়সে তারা গৃহস্থালির কাজে ব্যস্ত থাকে। কোথাও কোথাও তাদের ভাগ্যে জোটে মারধর, অপমান, অনাহার ও শারীরিক নির্যাতন। একটি শিশুর শৈশব কোনো পরিবারের গৃহস্থালি সুবিধার বিনিময়যোগ্য সম্পদ নয়। দারিদ্র্যের সুযোগ নিয়ে শিশুকে শ্রমে বাধ্য করা, তার শিক্ষা ও স্বাভাবিক বিকাশের পথ বন্ধ করে দেওয়া কিংবা তাকে নির্যাতন করা গুরুতর অন্যায়। নবীজি (সা.) বলেছেন, ‘যে আমাদের ছোটদের প্রতি দয়া করে না এবং বড়দের সম্মান করে না, সে আমাদের দলভুক্ত নয়।’ (সুনানে তিরমিজি)
যে ধর্ম শিশুদের প্রতি দয়া ও কোমলতার শিক্ষা দেয়, সেই ধর্মের অনুসারী পরিচয় দিয়ে কোনো শিশুর প্রতি নিষ্ঠুর আচরণ করার সুযোগ নেই। শিশুর নিরাপত্তা, শিক্ষা, সুস্থ বিকাশ ও মর্যাদা নিশ্চিত করা পরিবার, সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব। আমাদের মনে রাখতে হবে, গৃহকর্মীরা কেবল অন্যের সংসারের কাজ করেন না; তারাও একটি পরিবারের সদস্য। তাদেরও স্বপ্ন আছে, ব্যক্তিগত জীবন আছে, অসুস্থতা আছে, ক্লান্তি আছে। দিনের পর দিন অন্যের সংসার সামলাতে গিয়ে তাদের নিজের সংসার থেকে দূরে থাকতে হয়। তাদের শ্রমে আমাদের জীবন কিছুটা সহজ হয়। অথচ সেই শ্রমের যথাযথ মূল্যায়ন না করে যদি আমরা তাদের অবহেলা করি, তা হলে আমাদের সামাজিক মূল্যবোধের দুর্বলতাই প্রকাশ পায়।
গৃহকর্মীর প্রতি সদাচরণ কেবল সামাজিক শিষ্টাচার নয়, এটি ধর্মীয় ও নৈতিক দায়িত্বও। সময়মতো ন্যায্য মজুরি দেওয়া, কাজের সময় ও বিশ্রামের সুযোগ নির্ধারণ করা, পর্যাপ্ত খাবার নিশ্চিত করা, অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করা এবং শারীরিক ও মানসিক নিরাপত্তা বজায় রাখা প্রত্যেক নিয়োগকর্তার কর্তব্য। কোনো অবস্থাতেই গালাগাল, মারধর, আটকে রাখা কিংবা যৌন হয়রানিকে প্রশ্রয় দেওয়া যায় না। আসুন, গৃহকর্মীকে করুণা নয়, তার প্রাপ্য সম্মান দিই। তাদের শ্রমের যথাযথ মূল্যায়ন করি। তাদের নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠায় নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করি। কারণ একটি সমাজ কতটা সভ্য, তা তার অট্টালিকার উচ্চতায় কিংবা সম্পদের প্রাচুর্যে নির্ধারিত হয় না; বরং সেই সমাজ দুর্বল, অসহায় ও অধিকারবঞ্চিত মানুষের সঙ্গে কেমন আচরণ করে, তার মধ্যেই প্রকৃত পরিচয় ফুটে ওঠে। ঘরের দরজা বন্ধ থাকুক নিরাপত্তার জন্য, নির্যাতন আড়াল করার জন্য নয়। গৃহকর্মীর চোখের জল মুছে যাক, প্রতিটি ঘরে প্রতিষ্ঠিত হোক সম্মান, নিরাপত্তা ও মানবিকতা।
সময়ের আলো/এসএকে