ছবি : সংগৃহীত কারও সুন্দর বাড়ি, সুখের সংসার, সন্তান, শারীরিক সৌন্দর্য, ব্যবসায়িক সাফল্য কিংবা আর্থিক সমৃদ্ধি দেখে অন্যের মনে হিংসা বা অতিরিক্ত বিস্ময় তৈরি হতে পারে। ইসলামে বদনজর বা কুদৃষ্টির বিষয়টি স্বীকৃত। এটি শুধু কুসংস্কার নয়; পবিত্র কুরআন ও হাদিসে এ বিষয়ে আলোচনা রয়েছে। তবে বদনজর হলেই নির্দিষ্ট কিছু লক্ষণ দেখা দেবে, এমন কোনো সর্বজনস্বীকৃত চিকিৎসাবিজ্ঞান বা শরিয়তসম্মত তালিকা নেই। বদনজরের বাস্তবতা সম্পর্কে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘বদনজর সত্য’ (সহিহ মুসলিম, হাদিস ২১৮৭)।
অন্য একটি বর্ণনায় তিনি বলেন, ‘বদনজর সত্য। যদি কোনো কিছু তকদিরকে অতিক্রম করতে পারত, তবে বদনজর তা অতিক্রম করত’ (সহিহ মুসলিম, হাদিস ২১৮৮)। অর্থাৎ বদনজরের প্রভাব থাকতে পারে, তবে সবকিছুই আল্লাহর ইচ্ছা ও তকদিরের অধীন।
বদনজরের সম্ভাব্য প্রভাব : ইসলামি রুকইয়াহ-সংক্রান্ত কিছু আলোচনায় বদনজরের সম্ভাব্য প্রভাব হিসেবে মাথা ব্যথা, বুক ধড়ফড় করা, অস্থিরতা, অকারণ দুশ্চিন্তা, ঘুমের সমস্যা, শরীরের বিভিন্ন স্থানে ব্যথা, ক্ষুধামন্দা, অতিরিক্ত ক্লান্তি ও মনমরা ভাবের কথা উল্লেখ করা হয়েছে। কারও কারও ক্ষেত্রে শারীরিক অসুস্থতার পাশাপাশি মানসিক অস্বস্তিও দেখা দিতে পারে। অনেকে বদনজরের সঙ্গে চুল পড়া, পেটে গ্যাস, হাত-পায়ে ব্যথা, আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করতে অনীহা কিংবা ব্যবসায়িক সমস্যার সম্পর্ক খোঁজেন। তবে এসবের কোনোটিই এককভাবে বদনজরের প্রমাণ নয়। এমনকি স্বপ্নে উঁচু স্থান থেকে পড়ে যাওয়া, মৃত মানুষ দেখা কিংবা কাউকে মারা যেতে দেখাও বদনজরের নিশ্চিত লক্ষণ নয়।
বদনজরের একটি শিক্ষণীয় ঘটনা : সাহাবি সাহল ইবনে হুনাইফ (রা.) একবার গোসল করছিলেন। তাকে দেখে আরেক সাহাবি আমির ইবনে রাবিআ (রা.) তাঁর শরীরের সৌন্দর্যের প্রশংসা করেন। এরপর সাহল (রা.) অসুস্থ হয়ে পড়ে যান এবং মাথা তুলতে পারছিলেন না। বিষয়টি রাসুলুল্লাহ (সা.)-কে জানানো হলে তিনি আমির ইবনে রাবিআকে ডেকে বলেন, তোমাদের কেউ তার ভাইয়ের ক্ষতি করবে কেন? তার জন্য বরকতের দোয়া করলে না কেন? এরপর তাকে ওজু করতে নির্দেশ দেন এবং সেই পানি সাহল (রা.)-এর শরীরে ঢালা হয়। পরে তিনি সুস্থ হয়ে ওঠেন। ঘটনাটি মুআত্তা ইমাম মালিকের বদনজর অধ্যায়ে বর্ণিত হয়েছে। এই ঘটনা থেকে বোঝা যায়, কারও ভালো কিছু দেখলে হিংসা না করে তার জন্য বরকতের দোয়া করা উচিত।’ (ইবনে মাজাহ : ৩৫০৯)
বদনজর থেকে বাঁচার উপায় : বদনজর থেকে সুরক্ষার জন্য নিয়মিত সুরা ইখলাস, সুরা ফালাক ও সুরা নাস পাঠ করা, সকাল-সন্ধ্যার মাসনুন দোয়া পড়া এবং আল্লাহর কাছে আশ্রয় চাওয়া উচিত। নিজের বা অন্যের ভালো কিছু দেখলে ‘বারাকাল্লাহু ফিহি (আল্লাহ এতে বরকত দিন)’ বলা ভালো। নিয়মিত সুরা ইখলাস, সুরা ফালাক ও সুরা নাস পাঠ করতে হবে। রাসুলুল্লাহ (সা.) ঘুমানোর আগে এই তিনটি সুরা পড়ে দুই হাতের তালুতে ফুঁ দিয়ে শরীরে হাত বুলিয়ে নিতেন।’ (সহিহ বুখারি, হাদিস ৫০১৭)
এ ছাড়া সকাল-সন্ধ্যায় মাসনুন দোয়া পড়া, আল্লাহর কাছে সুস্থতা ও নিরাপত্তা চাওয়া এবং প্রয়োজন হলে শরিয়তসম্মত রুকইয়াহ করা যায়। কারও বদনজর লেগেছে বলে সন্দেহ হলে তার জন্য দোয়া ও কুরআনের আয়াত পড়ে ঝাড়ফুঁক করা যেতে পারে। পাশাপাশি অসুস্থতার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াও জরুরি। সব ক্ষেত্রে আল্লাহর ওপর ভরসা রাখতে হবে।
সময়ের আলো/প্রিন্ট/এসএকে