গ্রাফিক : সময়ের আলোপৃথিবীতে মানুষের প্রধান শত্রু শয়তান। পবিত্র কুরআনের অসংখ্য জায়গায় আল্লাহ শয়তান সম্পর্কে মানুষকে সতর্ক করেছেন। তিনি বলেছেন, ‘তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিঃসন্দেহে সে তোমাদের প্রকাশ্য শত্রু’ (সুরা বাকারা : ১৬৮)। শয়তান যেহেতু আল্লাহর অবাধ্য ও অভিশপ্ত; সুতরাং তার ধোঁকায়, নফসের প্ররোচনায়, ইচ্ছায়-অনিচ্ছায় মানুষের গুনাহ হয়ে যেতে পারে। তবে মানুষের কর্তব্য হচ্ছে গুনাহ হয়ে যাওয়ার পর তার ওপর অটল না থেকে মুক্তির উপায় অবলম্বন করা। গুনাহ থেকে মুক্ত হয়ে আবার রবের আশ্রয়ে ফিরে আসা।
তা ছাড়া গুনাহ হলো মুমিনের জন্য মাথার ওপর পতনোন্মুখ বিশাল পাহাড়ের মতো। যেকোনো সময় তা ধ্বংস করে দিতে পারে তাকে। ফলে কোনো গুনাহ হয়ে গেলে মুমিন পেরেশান হয়ে যায়। এ বিষয়ে রাসুল (সা.) থেকে বর্ণিত হয়েছে, ‘মুমিনের কাছে গুনাহ যেন পতনোন্মুখ পাহাড়, যার পাদদেশে সে বসা; যেকোনো মুহূর্তে তা ভেঙে পড়তে পারে তার ওপর এবং ধ্বংস করে দিতে পারে তাকে। আর পাপাচারীদের কাছে গুনাহ যেন নাকের ওপর দিয়ে উড়ে যাওয়া সামান্য মাছির মতো’ (বুখারি : ৬৩০৮)।
মানুষের গুনাহ যাই হোক, সাধারণত তা মোচনের জন্য আল্লাহ খোলা রেখেছেন ক্ষমার দরজা। তা ছাড়া ইসলামে এমন কিছু আমল রয়েছে যা দ্বারা আল্লাহ মানুষের পাপ মোচন করে থাকেন। এমন কিছু আমল সংক্ষেপে বর্ণনা করা হলো—
তওবা করা : প্রভুর দেওয়া সব সুযোগ-সুবিধা ভোগ করার পরও যখন বান্দা আল্লাহকে ভুলে যায়, পাপের দরিয়ায় তলিয়ে যায়, তখনও আল্লাহ বান্দার জন্য ক্ষমার হাত প্রসারিত করে রাখেন। তওবার মাধ্যমে বান্দা হয়ে যেতে পারে গুনাহমুক্ত নিষ্পাপ। এ ব্যাপারে রাসুল (সা.) থেকে বর্ণিত হয়েছে, ‘গুনাহ থেকে তওবাকারী গুনাহমুক্ত ব্যক্তির মতোই’ (ইবনে মাজাহ : ৪২৫০)।
অন্য হাদিসে বর্ণিত হয়েছে, ‘আল্লাহ তায়ালা রাতে তাঁর ক্ষমার হাত প্রসারিত করেন, যাতে দিনে যারা পাপ করেছে তারা তওবা করতে পারে। আর দিনে তাঁর ক্ষমার হাত প্রসারিত করেন, যাতে রাতে যারা পাপ করেছে তারা তওবা করতে পারে। এভাবে তাঁর অবারিত ক্ষমা চলতে থাকবে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়া পর্যন্ত’ (মুসলিম : ২৭৫৯)। তওবার মাধ্যমে ছোট-বড় সব গুনাহ মুছে গেলেও বান্দার হকের বিষয়টি ভিন্ন। এ ক্ষেত্রে বান্দার প্রাপ্য বুঝিয়ে দিতে হবে বা তার থেকে মাফ নিতে হবে। তবেই আল্লাহ মাফ করবেন।
ওজু পরবর্তী সেজদা : ওজু গুরুত্বপূর্ণ এক আমল। কেউ যদি রাসুল (সা.)-এর দেখানো পদ্ধতিতে ওজু করে তা হলে তার সব গুনাহ মাফ করে দেওয়া হয়। হজরত উসমান (রা.) থেকে বর্ণিত, ‘যে ব্যক্তি উত্তমরূপে ওজু করবে, তার আগের পাপরাশি মাফ করে দেওয়া হবে এবং তার নামাজ ও মসজিদের দিকে চলার সওয়াব অতিরিক্ত হিসেবে গণ্য হবে’ (মুসলিম : ৫৬৬)। অন্য হাদিসে বর্ণিত হয়েছে, ‘যে ব্যক্তি সুন্দরভাবে ওজু করে, অতঃপর একাগ্রচিত্তে নির্ভুলভাবে দুই রাকাত নামাজ আদায় করে, তার আগের গুনাহ মাফ করে দেওয়া হয়।’ (আবু দাউদ : ৯০৫)
রুকু থেকে উঠে দোয়া পড়া : জামাতের সঙ্গে নামাজ আদায়কালে ইমাম যখন রুকু থেকে উঠেন তখন মুক্তাদি ‘আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ’ পাঠ করবে। এতেও আগের গুনাহ মাফ করে দেওয়া হয়। এ ব্যাপারে নবীজি (সা.) বলেন, ‘যখন ইমাম সামিয়াল্লাহু লিমান হামিদা বলে, তখন তোমরা আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ বলো। কেননা যার কথা ফেরেশতাদের কথার সঙ্গে মিলে যায়, তার বিগত জীবনের সব গুনাহ মাফ করে দেওয়া হয়।’ (বুখারি : ৭৯৬)
কিয়ামুল লাইল আদায় করা : রাতের ইবাদত আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আমলের অন্যতম একটি। শেষ রাতের একটা সময় আল্লাহ তায়ালা প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দার আকুতি শোনেন ও তা কবুল করেন।
রাত জেগে বা রাতে ঘুম থেকে উঠে যে ব্যক্তি নামাজ পড়বে আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি রমজানের রাতে ঈমানের সঙ্গে সওয়াবের আশায় দাঁড়িয়ে সালাত আদায় করে, তার আগের সব গুনাহ মাফ করে দেওয়া হয়।’ (বুখারি : ৩৭)
খাওয়ার পর দোয়া করা : রাসুল (সা.) বলেন, কেউ যদি খাওয়ার পর এই দোয়া— আলহামদু লিল্লাহিল্লাজি আতআমানি হজাত তায়ামা ওয়া রাজাকানিহি মিন গইরি হাওলিম মিননি ওয়ালা কুউয়াহ পাঠ করে, তা হলে তার আগেরর সব গুনাহ মাফ করে দেওয়া হয় (আবু দাউদ : ৪০২৫)। সুতরাং আমাদের কর্তব্য, এই আমলগুলো আদায় করে নিজেকে গুনাহমুক্ত করা। আল্লাহ তওফিক দান করুন।
সময়ের আলো/প্রিন্ট/এমকে