প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১১:৫৩ এএম
ছবি : সংগৃহীত সৌদি আরবের সঙ্গে ২০২৭ সালের হজের দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। চুক্তি অনুযায়ী, বাংলাদেশের বিশেষ অনুরোধে তাৎক্ষণিকভাবে আরও ৫ হাজার হজযাত্রীর কোটা বাড়িয়েছে সৌদি আরব। ফলে আগামী বছর বাংলাদেশ থেকে মোট ৮৩ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন।
সোমবার (৯ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সৌদি আরবের জেদ্দায় দুই দেশের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি আরবের পক্ষে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর শেষে ধর্মমন্ত্রী জানান, সৌদি আরবের সঙ্গে দ্বিপক্ষীয় হজ চুক্তি সফলভাবে সম্পন্ন হয়েছে। গত বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করেছিলেন। এবার প্রাথমিক কোটার সঙ্গে তাৎক্ষণিকভাবে আরও ৫ হাজার যুক্ত হওয়ায় মোট কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ হয়েছে।
ধর্মমন্ত্রী আরও জানান, কোটা নির্ধারণের আলোচনায় মীনায় তাঁবুর ধারণক্ষমতার সীমাবদ্ধতার বিষয়টি উঠে আসে। তবে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী আশ্বস্ত করেছেন, অন্য কোনো দেশ তাদের নির্ধারিত কোটা ব্যবহার করতে না পারলে বা কোটা বাতিল হলে সেই কোটা অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশকে দেওয়া হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সৌদি হজ ও ওমরাহ সহকারী মন্ত্রী ড. আল হাসান আল মোনাখা, বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলাম, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহ, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন এবং জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেনসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সময়ের আলো/এসএকে