প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১:৫৯ পিএম
ছবি : সংগৃহীত মোবাইল ফোনে কথা বলা কিংবা ইন্টারনেট ব্যবহারের প্রয়োজন, অথচ সিমে পর্যাপ্ত টাকা নেই। জরুরি মুহূর্তে এমন পরিস্থিতিতে অনেকেই অপারেটরের কাছ থেকে ইমার্জেন্সি ব্যালেন্স নেন। পরে রিচার্জ করলে মূল ব্যালেন্সের সঙ্গে কেটে নেওয়া হয় অতিরিক্ত অর্থও। কিন্তু এই অতিরিক্ত অর্থ কি সুদ? নাকি শরিয়তের দৃষ্টিতে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়া বৈধ? চলুর আজকে আমরা এই বিষয়টি জেনে নিই।
ইসলামি মাসালা-মাসায়েলবিষয়ক ওয়েব পোর্টাল মুসলিম বাংলায় প্রকাশিত এক প্রশ্নের উত্তরে মুফতি সাইদুজ্জামান কাসেমি এ বিষয়ে ফতোয়া দিয়েছেন। ফতোয়া দেখতে ক্লিক করুন। ফতোয়ায় বলা হয়েছে, মোবাইল অপারেটর গ্রাহকদের কাছ থেকে অর্থ নিয়ে বিভিন্ন সেবা দিয়ে থাকে। সিমে যে ব্যালেন্স দেখা যায়, তা সরাসরি নগদ অর্থ নয়, বরং নির্দিষ্ট পরিমাণ সেবা গ্রহণের সুযোগ। গ্রাহক চাইলেই ওই ব্যালেন্স নগদ টাকা হিসেবে তুলে নিতে পারেন না।
ইমার্জেন্সি ব্যালেন্সের ক্ষেত্রেও বিষয়টি একই। অপারেটর গ্রাহককে নগদ টাকা ধার দেয় না, বরং নির্দিষ্ট পরিমাণ মোবাইল সেবা ব্যবহারের সুযোগ দেয়। পরে রিচার্জ করলে সেই সেবার মূল্য এবং নির্ধারিত অতিরিক্ত অর্থ কেটে নেওয়া হয়।
ফতোয়ায় এই পার্থক্য তুলে ধরে বলা হয়েছে, অপারেটর এখানে অর্থের বিনিময়ে অতিরিক্ত অর্থ দিচ্ছে না, বরং অর্থের বিনিময়ে সেবা দিচ্ছে। তাই সেবার বিপরীতে অতিরিক্ত অর্থ নেওয়াকে ঋণের ওপর সুদ হিসেবে গণ্য করা হবে না।
ফতোয়া অনুযায়ী, এ ধরনের ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়া শরিয়তের দৃষ্টিতে বৈধ এবং তা সুদের অন্তর্ভুক্ত নয়।
তথ্যসূত্র : মুসলিম বাংলা
সময়ের আলো/এসএকে