ছবি : সংগৃহীত বিয়ের মানে কেবল দুটি মানুষের একসঙ্গে পথচলার সিদ্ধান্ত নয়, বরং এটি জীবনের দীর্ঘ একটি অধ্যায়ের শুরু। এই সম্পর্কে ভালোবাসার পাশাপাশি প্রয়োজন পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া, দায়িত্ববোধ ও মানসিক পরিপক্বতা। তাই জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে শুধু বাহ্যিক সৌন্দর্য কিংবা আবেগ নয়, বাস্তবতাকেও গুরুত্ব দেওয়া জরুরি।
বিয়ের ক্ষেত্রে যে বিষয়টি নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকে, তা হলো স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান। কেউ মনে করেন, বয়সের পার্থক্য কম হওয়াই ভালো। আবার কারও মতে, স্বামীর বয়স স্ত্রীর চেয়ে বেশ কয়েক বছর বেশি হওয়া উচিত। কিন্তু ইসলাম এ বিষয়ে কী বলে? স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত? চলুন ইসলামের ইতিহাস ও ধর্মীয় নির্দেশনা থেকে বিষয়টি জেনে নেওয়া যাক।
ইতিহাসে স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান
ইসলামের ইতিহাসের পাতা উল্টালে স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধানের নানা উদাহরণ দেখা যায়। নবীজি (সা.)-এর প্রথম স্ত্রী হজরত খাদিজা (রা.) তার চেয়ে বয়সে বড় ছিলেন। প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী, বিয়ের সময় খাদিজা (রা.)-এর বয়স ছিল ৪০ বছর আর মুহাম্মদ (সা.)-এর বয়স ছিল ২৫ বছর। অর্থাৎ, তাদের বয়সের ব্যবধান ছিল প্রায় ১৫ বছর। খাদিজা (রা.) ছিলেন বুদ্ধিমতী, মর্যাদাসম্পন্ন ও সম্পদশালী নারী। নবীজি (সা.)-এর জীবদ্দশায় খাদিজা (রা.)-এর সঙ্গে দাম্পত্য জীবনেই তিনি দীর্ঘ সময় কাটিয়েছেন এবং তার জীবিত অবস্থায় অন্য কোনো বিয়ে করেননি।
বয়সের বড় ব্যবধানের আরেকটি উদাহরণ পাওয়া যায় সাহাবি জায়েদ ইবনে হারিসা (রা.) ও উম্মে আইমান (রা.)-এর বিয়েতে। উম্মে আইমান (রা.) ছিলেন নবীজি (সা.)-এর লালন-পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা একজন নারী। তার আরেক নাম বারাকাহ। বিভিন্ন ঐতিহাসিক বর্ণনায় তাদের বয়সের ব্যবধান ২০ থেকে ৩০ বছরের বেশি বলে উল্লেখ করা হয়েছে।
মুহাম্মদ (সা.) উম্মে আইমান (রা.)-এর মর্যাদা ও জান্নাতি হওয়ার সুসংবাদ উল্লেখ করে তাকে বিয়ের ব্যাপারে উৎসাহিত করেছিলেন বলে বর্ণনা রয়েছে। পরে জায়েদ (রা.) তাকে বিয়ে করেন। তাদের সন্তান ছিলেন বিখ্যাত সেনানায়ক উসামা ইবনে জায়েদ (রা.)। (উসদুল গাবাহ, ২/১৩০; আল-ইসাবাহ, ২/৪৯৬)
মুহাম্মদ (সা.) ও তার সঙ্গীদের এসব ঘটনা থেকে বোঝা যায়, ইসলামের ইতিহাসে স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান এক রকম ছিল না। বয়সের পার্থক্য থাকলেও পারস্পরিক সম্মান ও দায়িত্বশীলতা দাম্পত্য জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
বয়সের ব্যবধান বেশি হলে বিয়ে কি বৈধ?
ইসলামি শরিয়তে স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধানের কোনো নির্দিষ্ট সীমারেখা নির্ধারণ করা হয়নি। অর্থাৎ, দুজন সমবয়সী হওয়া কিংবা তাদের মধ্যে কয়েক বছরের পার্থক্য থাকা—উভয় ক্ষেত্রেই বিয়ে বৈধ। বয়সের ব্যবধান বেশি হলেই কোনো বিয়ে অবৈধ হয়ে যায় না।
তবে বিয়ের ক্ষেত্রে শুধু বয়সের পার্থক্য বিবেচনা করলেই চলে না। বরং দুজনের মানসিক পরিপক্বতা, পারস্পরিক সম্মতি, জীবনযাপনের দৃষ্টিভঙ্গি, দায়িত্ব পালনের সক্ষমতা এবং একে অপরকে বোঝার মানসিকতা গুরুত্বপূর্ণ।
বয়সের ব্যবধান বেশি হলে অনেক সময় চিন্তাভাবনা, পছন্দ-অপছন্দ ও জীবনযাপনের ধরনে পার্থক্য দেখা দিতে পারে। আবার বয়স কাছাকাছি হলেও দুজনের মধ্যে মতের অমিল থাকতে পারে। তাই সুখী দাম্পত্য জীবনের একমাত্র শর্ত বয়সের মিল নয়।
কোরআন-হাদিসে বয়সের মিলের বিষয়টি
পবিত্র কোরআনে জান্নাতের সঙ্গীদের প্রসঙ্গে সমবয়সী হওয়ার কথা উল্লেখ রয়েছে। মহান আল্লাহ বলেন, وَعِنْدَهُمْ قَاصِرَاتُ الطَّرْفِ أَتْرَابٌ
অর্থ : তাদের পাশে থাকবে সমবয়সী, আনতনয়না সঙ্গিনীরা। (সুরা সাদ, আয়াত : ৫২)
অন্য আয়াতে আল্লাহ বলেন, তিনি জান্নাতি নারীদের বিশেষভাবে সৃষ্টি করেছেন এবং তাদের করেছেন চিরকুমারী, সোহাগিনী ও সমবয়স্কা। (সুরা ওয়াকিয়া, আয়াত : ৩৫-৩৮)
তবে এসব আয়াত জান্নাতের নিয়ামত ও সঙ্গীদের বৈশিষ্ট্য তুলে ধরে। এগুলোকে দুনিয়ায় স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান নির্ধারণের সরাসরি বিধান হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।
এ প্রসঙ্গে হজরত জাবির (রা.)-এর একটি হাদিস উল্লেখযোগ্য। তিনি বিয়ে করার পর মহানবী (সা.) তাকে জিজ্ঞাসা করেন, তিনি কুমারী নারীকে বিয়ে করেছেন, নাকি আগে বিয়ে হয়েছিল এমন নারীকে। জাবির (রা.) জানান, তিনি আগে বিয়ে হয়েছিল এমন নারীকে বিয়ে করেছেন।
তখন নবীজি (সা.) তাকে কুমারী নারীকে বিয়ে না করার কারণ জানতে চান। জবাবে জাবির (রা.) জানান, উহুদের যুদ্ধে তার বাবা শহিদ হয়েছিলেন। তিনি নয় বোনকে রেখে গিয়েছিলেন। তাই এমন একজন নারীকে বিয়ে করতে চেয়েছিলেন, যিনি তার বোনদের দেখাশোনা করতে পারবেন। তার কথা শুনে নবীজি (সা.) সিদ্ধান্তটিকে যথার্থ বলে অভিহিত করেন। (বুখারি, হাদিস : ৩৭৫৬)
এই হাদিস থেকে বোঝা যায়, বিয়ের ক্ষেত্রে ব্যক্তির পারিবারিক পরিস্থিতি, প্রয়োজন ও বাস্তবতাকে গুরুত্ব দেওয়া জরুরি। শুধু বয়স কিংবা অন্য কোনো একটি বৈশিষ্ট্য দিয়ে জীবনসঙ্গী নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।
বয়সের ব্যবধান বেশি হলে যেসব বিষয় ভাবতে হবে
স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান বেশি হলে কিছু বাস্তব বিষয় বিবেচনায় রাখা প্রয়োজন। দুজনের জীবনযাপনের অভ্যাস, ভবিষ্যৎ পরিকল্পনা, সন্তান নেওয়ার সিদ্ধান্ত, আর্থিক দায়িত্ব এবং পারিবারিক প্রত্যাশার মধ্যে সামঞ্জস্য আছে কি না, তা আগে থেকেই আলোচনা করা ভালো।
বয়সের পার্থক্যের কারণে একজনের জীবনদর্শন বা অভিজ্ঞতা অন্যজনের চেয়ে আলাদা হতে পারে। এ ক্ষেত্রে পারস্পরিক শ্রদ্ধা ও খোলামেলা আলোচনার অভাব থাকলে সম্পর্কে দূরত্ব তৈরি হতে পারে। তবে দুজনের মধ্যে বোঝাপড়া ভালো থাকলে বয়সের ব্যবধান বড় বাধা হয়ে দাঁড়ায় না।
ইসলামের ইতিহাসেও হজরত আলি (রা.) ও হজরত ফাতিমা (রা.)-এর বিয়ের উদাহরণ পাওয়া যায়। বিভিন্ন ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী, বিয়ের সময় তাদের বয়স ছিল কাছাকাছি। হজরত আলি (রা.) ও হজরত ফাতিমা (রা.)-এর দাম্পত্য জীবন মুসলিম সমাজে পারিবারিক ভালোবাসা, দায়িত্ববোধ ও সরলতার অন্যতম উদাহরণ হিসেবে বিবেচিত।
তাহলে বয়সের ব্যবধান কত হওয়া ভালো?
স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান দুই, চার কিংবা পাঁচ বছর হওয়া উচিত—এমন কোনো নির্দিষ্ট নিয়ম ইসলাম দেয়নি। বয়স কাছাকাছি হলে অনেক ক্ষেত্রে দুজনের চিন্তাভাবনা, আগ্রহ ও জীবনযাপনে মিল খুঁজে পাওয়া সহজ হতে পারে। তবে এটিই সুখী দাম্পত্য জীবনের নিশ্চয়তা নয়।
বিয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দুজনের সম্মতি, মানসিক পরিপক্বতা, পারস্পরিক বোঝাপড়া এবং দায়িত্ব পালনের সক্ষমতা। পাশাপাশি উভয়ের আইনগত বিয়ের বয়স নিশ্চিত করা জরুরি।
সবশেষে বলা যায়, স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান নিয়ে অযথা কঠোর ধারণা না রেখে বাস্তবতা বিবেচনা করা উচিত। বয়সের সংখ্যা নয়, বরং একে অপরের প্রতি সম্মান, বিশ্বাস, ভালোবাসা ও দায়িত্বশীলতাই একটি সংসারকে সুন্দর করে তোলে।
সময়ের আলো/এসএকে