প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৫:২২ পিএম
মুফতি মুহাম্মদ তাকি উসমানি। ছবি : সময়ের আলোমুসলিম বিশ্বের প্রখ্যাত ইসলামি স্কলার ও পাকিস্তানের বিশিষ্ট আলেম শায়খুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকি উসমানির সাত দিনের বাংলাদেশ সফরের চূড়ান্ত কর্মসূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২২ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত সফরে দেশের বিভিন্ন স্থানে নয়টি ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলন, দস্তারবন্দি সম্মেলন, উলামা সম্মেলন, ইসলাহি সম্মেলন ও দরসে বুখারি।
বুধবার (১১ নভেম্বর) সফরের প্রধান সমন্বয়কারী মুফতি মিজানুর রহমান সাঈদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি জানানো হয়।
সফরসূচি অনুযায়ী, ২২ নভেম্বর রোববার বাংলাদেশে পৌঁছে মাগরিব বা এশার পর শেখ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারে ১৫ সালা দস্তারবন্দি ও আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলনে অংশ নেবেন মুফতি তাকি উসমানি।
পরদিন ২৩ নভেম্বর সোমবার এশার পর ঢাকার গেন্ডারিয়ার ধূপখোলা মাঠে জামিয়া আরাবিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি সম্মেলনে উপস্থিত থাকবেন তিনি।
২৪ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী হাটহাজারী মাদরাসা সফর করবেন এই আলেম। ২৫ নভেম্বর বুধবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত নরসিংদীর হেরিটেজ রিসোর্টে যাত্রাবিরতি করবেন। একই দিন এশার পর সিলেটের আলিয়া মাঠে উলামা সম্মেলনে অংশ নেবেন।
২৬ নভেম্বর বৃহস্পতিবার মাগরিবের পর বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) ও আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত উলামা সম্মেলনে যোগ দেবেন তিনি।
সফরের ষষ্ঠ দিন ২৭ নভেম্বর শুক্রবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার খুতবা ও সাধারণ বয়ান করবেন মুফতি তাকি উসমানি। একই দিন এশার পর কেরানীগঞ্জের জামিয়া হাকিমুল উম্মতে ইসলাহি সম্মেলনে অংশ নেবেন।
সফরের শেষ দিন ২৮ নভেম্বর শনিবার মাগরিবের পর জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ীতে দরসে বুখারি প্রদান করবেন তিনি।
এর আগে বার্ধক্যজনিত দুর্বলতা ও শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে মুফতি তাকি উসমানির সফরসূচিতে কয়েক দফা পরিবর্তন আনা হয়। প্রথমদিকে প্রতিদিন একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার পরিকল্পনা থাকলেও ৬ নভেম্বর চূড়ান্ত সূচি প্রকাশের সময় অনুষ্ঠানের সংখ্যা কমিয়ে আনা হয়। এতে আগের পরিকল্পনায় থাকা কয়েকটি আয়োজন বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
সময়ের আলো/এসএকে