ডিজিটাল তাসবি দিয়ে জিকির করা কি বৈধ?

ইসলামের আলো ডেস্ক

ইসলাম

আল্লাহর স্মরণ মুমিনের হৃদয়ে প্রশান্তি আনে। জিকিরের মাধ্যমে বান্দা তার রবের নৈকট্য লাভ করে। একসময় জিকিরের সংখ্যা মনে রাখতে মানুষ

2026-11-12T12:33:14+00:00
2026-11-12T12:33:14+00:00
 
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
ইসলাম
ডিজিটাল তাসবি দিয়ে জিকির করা কি বৈধ?
ইসলামের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১২:৩৩ পিএম 
জিকিরের সংখ্যা মনে রাখার জন্য ডিজিটাল কাউন্টার। ছবি : সংগৃহীত
আল্লাহর স্মরণ মুমিনের হৃদয়ে প্রশান্তি আনে। জিকিরের মাধ্যমে বান্দা তার রবের নৈকট্য লাভ করে। একসময় জিকিরের সংখ্যা মনে রাখতে মানুষ আঙুল, তাসবির দানা, খেজুরের বিচি কিংবা ছোট পাথর ব্যবহার করতেন। সময়ের সঙ্গে বদলেছে জীবনযাপনের ধরন, এসেছে প্রযুক্তির ছোঁয়া। এখন জিকির গণনার জন্য অনেকেই ব্যবহার করেন ছোট্ট ডিজিটাল তাসবি বা কাউন্টার।

পকেটে রাখা যায়, ব্যবহারেও সহজ। একটি বোতাম চাপলেই জিকিরের সংখ্যা হিসাব রাখা সম্ভব। তবে এ নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে—ডিজিটাল তাসবি দিয়ে জিকির করা কি শরিয়তসম্মত, নাকি এটি বিদআত? হাদিস ও ইসলামি বিধানের আলোকে বিষয়টি জেনে নেওয়া যাক।

ডিজিটাল তাসবি ব্যবহারের বিধান

জিকিরের সংখ্যা মনে রাখার জন্য ডিজিটাল কাউন্টার ব্যবহার করা জায়েজ। একইভাবে তাসবির দানা, সুতোয় গিঁট, খেজুরের বিচি কিংবা ছোট পাথর দিয়েও জিকির গণনা করা যায়। কারণ, এসব মাধ্যমের উদ্দেশ্য হলো জিকিরের সংখ্যা হিসাব রাখা। এগুলো নিজেরা ইবাদত নয়, বরং ইবাদত পালনের সহায়ক উপকরণ।

তাই ডিজিটাল কাউন্টার ব্যবহার করাকে ঢালাওভাবে বিদআত বা নাজায়েজ বলার সুযোগ নেই। তবে কোনো মাধ্যম ব্যবহারের কারণে জিকিরের মূল উদ্দেশ্য—আল্লাহর স্মরণ ও তাঁর প্রতি মনোযোগ—যেন ব্যাহত না হয়, সেদিকে খেয়াল রাখা জরুরি।

হাদিসে যা বলা হয়েছে

আঙুলের পাশাপাশি অন্য উপকরণ দিয়ে জিকির গণনার বৈধতার পক্ষে হাদিসে প্রমাণ পাওয়া যায়। আবু দাউদে হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, একবার তিনি রাসুলুল্লাহ (সা.)-এর সঙ্গে এক নারীর কাছে যান। ওই নারীর সামনে কিছু খেজুরের বিচি বা পাথর রাখা ছিল। সেগুলো দিয়ে তিনি তাসবি পাঠ করছিলেন।

এ সময় রাসুলুল্লাহ (সা.) তাকে একটি সহজ ও অধিক কল্যাণকর জিকিরের শিক্ষা দেন। তিনি বলেন, ‘আমি কি তোমাকে এর চেয়ে সহজ বা উত্তম পদ্ধতি শিখিয়ে দেব না? তুমি বলো—

سُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا خَلَقَ فِي السَّمَاءِ وَسُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا خَلَقَ فِي الأَرْضِ وَسُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا خَلَقَ بَيْنَ ذَلِكَ وَسُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا هُوَ خَالِقٌ

উচ্চারণ : সুবহানাল্লাহি আদাদা মা খালাকা ফিস সামায়ি, ওয়া সুবহানাল্লাহি আদাদা মা খালাকা ফিল আরদি, ওয়া সুবহানাল্লাহি আদাদা মা খালাকা বাইনা যালিকা, ওয়া সুবহানাল্লাহি আদাদা মা হুয়া খালিক।

অর্থ : আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি, আকাশে তিনি যত কিছু সৃষ্টি করেছেন তার সংখ্যা পরিমাণ; পৃথিবীতে তিনি যত কিছু সৃষ্টি করেছেন তার সংখ্যা পরিমাণ; এ দুয়ের মধ্যবর্তী স্থানে তিনি যত কিছু সৃষ্টি করেছেন তার সংখ্যা পরিমাণ এবং তিনি যা সৃষ্টি করবেন তার সংখ্যা পরিমাণ।

এরপর তিনি আরও বলেন, এভাবে ‘লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ’, ‘লা ইলাহা ইল্লাল্লাহ’, ‘আলহামদুলিল্লাহ’ ও ‘আল্লাহু আকবার’ পাঠ করতে। (আবু দাউদ, হাদিস : ১৫০০)

এই হাদিস থেকে আলেমরা তাসবি গণনায় আঙুলের বাইরেও বিচি বা পাথরের মতো উপকরণ ব্যবহারের বৈধতার প্রমাণ গ্রহণ করেছেন। কারণ, ওই নারীকে এভাবে জিকির করার জন্য রাসুলুল্লাহ (সা.) নিষেধ করেননি; বরং তাকে আরও উত্তম জিকির শিখিয়েছেন। সে হিসেবে ডিজিটাল কাউন্টারও জিকিরের সংখ্যা গণনার একটি আধুনিক উপকরণ হিসেবে ব্যবহার করা যায়।


জিকির গণনায় কোন পদ্ধতি উত্তম?

অন্য উপকরণ দিয়ে জিকির গণনা করা জায়েজ হলেও সুন্নাহ অনুযায়ী আঙুলে তাসবি গণনা করাই উত্তম। রাসুলুল্লাহ (সা.) নিজের আঙুলের মাধ্যমে জিকির গণনা করতেন। এ বিষয়ে হাদিসে আঙুলে জিকির গণনার প্রতি উৎসাহ দেওয়া হয়েছে। কারণ, কিয়ামতের দিন মানুষের অঙ্গপ্রত্যঙ্গ তার কাজের সাক্ষ্য দেবে।

তাই সুযোগ থাকলে হাতের আঙুলে জিকির গণনা করাকে প্রাধান্য দেওয়া ভালো। তবে প্রয়োজনে তাসবির দানা, পাথর কিংবা ডিজিটাল কাউন্টার ব্যবহারেও বাধা নেই।

জিকিরের মূল বিষয় আল্লাহর স্মরণ

ডিজিটাল তাসবি আধুনিক জীবনে জিকিরের সংখ্যা মনে রাখার একটি সহজ মাধ্যম। এটি ব্যবহার করে আল্লাহর জিকির করলে গুনাহ হবে—এমন ধারণার ভিত্তি নেই। তবে মনে রাখতে হবে, জিকিরের সৌন্দর্য শুধু সংখ্যা পূরণে নয়; বরং অন্তরের একাগ্রতা, আল্লাহর প্রতি ভালোবাসা ও তাঁর স্মরণে মনকে নিবিষ্ট রাখার মধ্যেই এর প্রকৃত তাৎপর্য।

তাই যে মাধ্যমেই জিকির করা হোক, লক্ষ্য থাকা উচিত আল্লাহর স্মরণ। আর সম্ভব হলে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ অনুসরণ করে আঙুলে জিকির গণনা করাই উত্তম।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   ডিজিটাল তাসবি  জিকির  ইসলাম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: