গ্রাফিক : সময়ের আলো মানুষের জীবনে প্রতিটি দিনই কাটে নানা ব্যস্ততায়। ইবাদত, পরিবার, কর্মজীবন, সামাজিক সম্পর্ক কিংবা বিশ্রাম—সবকিছুর মধ্যে ভারসাম্য বজায় রাখাই সুন্দর জীবনের অন্যতম শর্ত। জীবনের প্রতিটি ক্ষেত্রে কীভাবে এই ভারসাম্য রক্ষা করতে হয়, তার অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)। তাঁর জীবনাচরণে প্রতিফলিত হয়েছে আল্লাহর প্রতি গভীর ভালোবাসা, মানুষের প্রতি মমত্ববোধ, দায়িত্বশীলতা এবং অনাড়ম্বর জীবনযাপনের শিক্ষা। তাঁর প্রতিটি কাজ ও অভ্যাসে ছিল এমন এক জীবনদর্শন, যা আজও মানুষের জন্য অনুসরণীয়।
রাতের নির্জনে ইবাদত থেকে শুরু করে দিনের কর্মব্যস্ততা, পরিবারের সঙ্গে সময় কাটানো কিংবা অসহায় মানুষের পাশে দাঁড়ানো—জীবনের প্রতিটি ক্ষেত্রেই তিনি ছিলেন অনুসরণীয়। হাদিসের বর্ণনায় উঠে এসেছে, কীভাবে ইবাদত, পরিবার, সমাজ ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য রেখে দিন কাটাতেন রাসুলুল্লাহ (সা.)।
রাতের শেষাংশ ও তাহাজ্জুদ
রাতের নীরবতা ছিল রাসুলুল্লাহ (সা.)-এর ইবাদতের বিশেষ সময়। ঘুম থেকে জেগে তিনি আল্লাহর প্রশংসা ও দোয়া পাঠ করতেন। এরপর আকাশের দিকে তাকিয়ে সুরা আলে ইমরানের শেষ ১০ আয়াত তিলাওয়াত করতেন। মিসওয়াক করে অজু সম্পন্ন করতেন এবং তাহাজ্জুদের নামাজে দাঁড়াতেন। দীর্ঘ সময় নামাজে দাঁড়িয়ে থাকার কারণে তার পা ফুলে যেত। এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলতেন, ‘আমি কি কৃতজ্ঞ বান্দা হব না?’
ফজর ও মসজিদে যাওয়া
ফজরের আজানের পর তিনি দুই রাকাত সুন্নত নামাজ আদায় করতেন। এরপর কখনো ডান কাতে শুয়ে বিশ্রাম নিতেন। ফজরের নামাজ শেষে তিনি নিজের নামাজের স্থানে সূর্য ওঠা পর্যন্ত বসে থাকতেন। এ সময় সাহাবিরা বিভিন্ন বিষয়ে কথা বলতেন, আর তিনি তাদের সঙ্গে থাকতেন।
সকাল থেকে জোহর
সকালের সময়টিও তিনি ইবাদত ও মানুষের সঙ্গে যোগাযোগের কাজে ব্যয় করতেন। সূর্য কিছুটা ওপরে উঠলে তিনি চাশতের নামাজ আদায় করতেন। সাহাবিদের সঙ্গে কথা বলতেন, তাদের খোঁজখবর নিতেন এবং বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দিতেন।
ঘরের কাজেও তিনি পরিবারের সদস্যদের সহযোগিতা করতেন। নিজের পরিবারের সেবা করাকে তিনি কখনো ছোট করে দেখেননি। নামাজের সময় হলে মসজিদে চলে যেতেন। অসুস্থদের দেখতে যাওয়া, মানুষের সমস্যা শোনা এবং প্রয়োজনীয় বিষয়ে সহযোগিতা করাও ছিল তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ। প্রতি শনিবার তিনি কখনো হেঁটে, কখনো বাহনে চড়ে কুবা মসজিদে যেতেন।
জোহর থেকে আসর
জোহরের নামাজ আদায়ের পরও মানুষের সঙ্গে তার যোগাযোগ অব্যাহত থাকত। মসজিদ ছিল ইবাদতের পাশাপাশি মানুষের সঙ্গে দেখা-সাক্ষাৎ, পরামর্শ ও বিভিন্ন বিষয়ে আলোচনা করার জায়গা। সাহাবিরা তাদের কথা ও সমস্যার কথা জানাতেন; তিনি মনোযোগ দিয়ে শুনতেন এবং সামর্থ্য অনুযায়ী সমাধান দিতেন। দিনের ব্যস্ততার মধ্যে সুযোগ পেলে তিনি দুপুরে বিশ্রামও নিতেন।
আসর থেকে মাগরিব
পরিবারের প্রতিও ছিল তার বিশেষ মনোযোগ। স্ত্রীদের খোঁজখবর নিতেন, তাদের সঙ্গে কথা বলতেন এবং স্নেহ-মমতা প্রকাশ করতেন। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোকে তিনি দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ করে তুলেছিলেন।
মাগরিব থেকে এশা
মাগরিবের নামাজের পর তিনি ইবাদত ও পরিবারের সঙ্গে সময় কাটাতেন। দিনের অন্যান্য সময়ের মতো এ সময়েও আল্লাহর স্মরণে মনোযোগী থাকতেন। এরপর এশার নামাজ আদায় করতেন। রাতের অপ্রয়োজনীয় আলাপচারিতা তিনি পছন্দ করতেন না।
রাতের ঘুম
এশার নামাজের পর তিনি ঘুমাতে যেতেন। ঘুমের আগে আয়াতুল কুরসি, সুরা ইখলাস, ফালাক ও নাস পাঠ করে দুই হাতে ফুঁ দিয়ে শরীরে মুছে নিতেন। সুরা বাকারার শেষ দুই আয়াতও পাঠ করতেন। ঘুমানোর সময় ডান কাতে শোয়ার অভ্যাস ছিল তার।
রাতের শেষাংশে কখনো তিনি মদিনার জান্নাতুল বাকিতে যেতেন। সেখানে সমাহিত মুমিনদের জন্য দোয়া ও ক্ষমা প্রার্থনা করতেন। এভাবেই ইবাদত, পরিবার ও মানুষের প্রতি দায়িত্ব পালনের মধ্য দিয়ে কাটত রাসুলুল্লাহ (সা.)-এর জীবন। তার দৈনন্দিন জীবন আমাদের শেখায়—আল্লাহর ইবাদত, পারিবারিক দায়িত্ব ও মানুষের কল্যাণের কাজ একে অপরের পরিপূরক।
সময়ের আলো/জেডি