দোজখের আগুন থেকে বাঁচার সহজ ৬ আমল

ইসলামের আলো ডেস্ক

ইসলাম

সকালে ঘুম ভাঙার পর দিনের শুরুটা কীভাবে হয় আপনার? কেউ দিনের শুরুতেই চোখ রাখেন রাজনীতির খবরে, কেউ খোঁজ নেন শেয়ারবাজারের,

2026-11-12T17:49:49+00:00
2026-11-12T17:49:49+00:00
 
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
ইসলাম
দোজখের আগুন থেকে বাঁচার সহজ ৬ আমল
ইসলামের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৫:৪৯ পিএম 
ছবি : সংগৃহীত
সকালে ঘুম ভাঙার পর দিনের শুরুটা কীভাবে হয় আপনার? কেউ দিনের শুরুতেই চোখ রাখেন রাজনীতির খবরে, কেউ খোঁজ নেন শেয়ারবাজারের, আবার কেউ ব্যস্ত হয়ে পড়েন খেলার মাঠের সর্বশেষ হিসাব নিয়ে। মানুষের আগ্রহ ও ব্যস্ততা যার যার মতো। কিন্তু ইসলামের প্রথম যুগের সাহাবিদের কাছে জীবনের সবচেয়ে বড় চিন্তা ছিল অন্য রকম। দুনিয়ার নানা ব্যস্ততার মধ্যেও তাদের মনে সবচেয়ে বেশি তাগিদ ছিল—কীভাবে পরকালে মুক্তি পাওয়া যায়, কীভাবে বাঁচা যায় জাহান্নামের আগুন থেকে।

এই চিন্তা থেকেই একদিন সাহাবি আবু জর গিফারি (রা.) মুহাম্মদ (সা.)-এর কাছে জানতে চাইলেন, কোন কাজ মানুষকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারে?

প্রশ্নটি ছিল ছোট, কিন্তু এর উত্তরজুড়ে রয়েছে মানুষের জীবন গড়ার অসাধারণ শিক্ষা। নবীজি (সা.) শুধু বড় কোনো ইবাদতের কথা বলেননি, বরং এমন কিছু কাজের কথা বলেছেন, যেগুলো মানুষের সামর্থ্য অনুযায়ী পালন করা সম্ভব। এসব কাজের মধ্যে যেমন রয়েছে আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস ও দানশীলতা, তেমনি রয়েছে অসহায়ের পাশে দাঁড়ানো এবং অন্যের ক্ষতি না করার মতো সহজ কিছু আমল।

আবু জর (রা.)-এর সঙ্গে নবীজি (সা.)-এর সেই কথোপকথনে উঠে এসেছে জাহান্নাম থেকে মুক্তির ছয়টি গুরুত্বপূর্ণ পথ।


১. আল্লাহর প্রতি খাঁটি বিশ্বাস

নবীজি (সা.) প্রথমেই আল্লাহর প্রতি খাঁটি ইমানের কথা বলেন। একজন মুমিনের জীবনের মূল ভিত্তি হলো আল্লাহর প্রতি বিশ্বাস। তবে ইমান কেবল মুখে স্বীকার করার বিষয় নয়, বরং তা মানুষের চিন্তা, আচরণ ও কাজের মধ্যেও প্রকাশ পায়।

রাসুলুল্লাহ (সা.) ইমানকে বহু শাখাবিশিষ্ট বলে উল্লেখ করেছেন। এর সর্বোচ্চ শাখা হলো ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ বলা, আর সর্বনিম্ন শাখা হলো চলার পথ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। (মুসলিম, হাদিস : ৩৫)

এই হাদিস থেকে বোঝা যায়, ইমানের সঙ্গে মানুষের কল্যাণের সম্পর্ক গভীর। আল্লাহর প্রতি প্রকৃত বিশ্বাস মানুষকে সৎকাজে উৎসাহিত করে এবং অন্যের কষ্ট লাঘবে অনুপ্রাণিত করে। তাই ইমান শুধু ব্যক্তিগত বিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ নয়; এর প্রতিফলন ঘটতে হয় মানুষের জীবনাচরণেও।

২. সামর্থ্য অনুযায়ী দান করা

ইমানের পর নবীজি (সা.) মানুষের কল্যাণে সম্পদ ব্যয় করার কথা বলেন। নিজের উপার্জন থেকে অসহায় ও দরিদ্র মানুষের জন্য কিছু ব্যয় করা ইসলামে অত্যন্ত মর্যাদাপূর্ণ আমল।

আল্লাহ তায়ালা বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ অণু পরিমাণও জুলুম করেন না। আর কোনো পুণ্যকাজ হলে তিনি তা বহুগুণে বাড়িয়ে দেন।’ (সুরা নিসা, আয়াত : ৪০)

তবে আবু জর (রা.) জানতে চাইলেন, কারও কাছে যদি দান করার মতো সম্পদ না থাকে, তাহলে সে কী করবে? নবীজি (সা.)-এর শিক্ষা হলো, মানুষের কল্যাণে কাজ করার জন্য ধনসম্পদই একমাত্র উপায় নয়। অর্থ না থাকলেও অন্যভাবে ভালো কাজের সুযোগ রয়েছে।

৩. মানুষকে সৎকাজের পরামর্শ দেওয়া

সম্পদ না থাকলেও মানুষের কাছে একটি মূল্যবান সম্পদ থাকে—তার কথা ও পরামর্শ। সুন্দরভাবে কাউকে ভালো কাজের উৎসাহ দেওয়া, অন্যায় থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া কিংবা সত্য ও ন্যায়ের পথে আহ্বান জানানোও কল্যাণকর কাজ।

একটি ভালো কথা কখনো মানুষের চিন্তা বদলে দিতে পারে। ভুল পথে চলা কাউকে সঠিক পথ দেখাতে পারে। তাই সামর্থ্য অনুযায়ী মানুষকে ভালো কাজের দিকে আহ্বান জানানো এবং অন্যায় থেকে বিরত রাখার চেষ্টা করাও গুরুত্বপূর্ণ আমল।

৪. অসহায় মানুষের কাজে এগিয়ে আসা

আবু জর (রা.) জানতে চাইলেন, কেউ যদি সৎকাজের পরামর্শ দেওয়ার মতো সামর্থ্যও না রাখে, তাহলে তার করণীয় কী?

জবাবে নবীজি (সা.) এমন মানুষকে সাহায্য করার কথা বলেন, যে নিজের কাজ নিজে গুছিয়ে করতে পারে না। অর্থাৎ শারীরিক দুর্বলতা, অক্ষমতা কিংবা অন্য কোনো কারণে যে ব্যক্তি দৈনন্দিন প্রয়োজন মেটাতে হিমশিম খায়, তার পাশে দাঁড়ানোও মহৎ কাজ।

আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন, যাদের সামান্য সহযোগিতাও অনেক বড় উপকারে আসে। কোনো বৃদ্ধ মানুষের বাজারের ব্যাগ এগিয়ে দেওয়া, অসুস্থ কাউকে হাসপাতালে পৌঁছে দেওয়া কিংবা পথ হারানো মানুষকে গন্তব্য চিনিয়ে দেওয়া—এসব ছোট কাজের মধ্যেও রয়েছে মানবিকতার পরিচয়। মানুষের প্রয়োজনের সময় পাশে দাঁড়ানোই হতে পারে আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি পথ।

৫. নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো

যে ব্যক্তি নিজেই দুর্বল, অন্যের কাজে সহযোগিতা করার মতো সামর্থ্যও যার নেই, তার জন্য কী করণীয়—আবু জর (রা.)-এর এমন প্রশ্নের উত্তরে নবীজি (সা.) নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেন।

কোনো মানুষ অন্যায়ের শিকার হলে তার পাশে দাঁড়ানো, তাকে সাহস দেওয়া কিংবা অত্যাচারীর হাত থেকে রক্ষার চেষ্টা করা অত্যন্ত মহৎ কাজ। কারণ অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া শুধু একজন অসহায় মানুষের উপকার করে না, সমাজেও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ তৈরি করে।

মানুষের বিপদের সময় পাশে দাঁড়ানোর জন্য সব সময় অর্থ বা বিশেষ ক্ষমতার প্রয়োজন হয় না। কখনো সাহস জোগানো, কখনো সত্যের পক্ষে কথা বলা, আবার কখনো নির্যাতিত ব্যক্তিকে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেওয়াও বড় সহায়তা হতে পারে।

৬. অন্তত অন্যের ক্ষতি না করা

মানুষের উপকার করার মতো সামর্থ্য নেই, অসহায়ের পাশে দাঁড়ানোর শক্তিও নেই—এমন ব্যক্তির জন্যও নবীজি (সা.) একটি সহজ পথ দেখিয়েছেন। তা হলো, অন্তত নিজের অনিষ্ট থেকে অন্য মানুষকে নিরাপদ রাখা।

অর্থাৎ কারও উপকার করতে না পারলেও যেন কারও ক্ষতির কারণ না হওয়া হয়। নিজের কথা, আচরণ ও কাজের মাধ্যমে অন্যকে কষ্ট না দেওয়াও গুরুত্বপূর্ণ নেক আমল।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘প্রকৃত মুসলিম সেই ব্যক্তি, যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলিমরা নিরাপদ থাকে।’ (বুখারি, হাদিস : ১০)

কথার আঘাত অনেক সময় শারীরিক আঘাতের চেয়েও গভীর ক্ষত তৈরি করে। আবার কারও প্রতি অন্যায় আচরণ, অপমান কিংবা কষ্ট দেওয়ার মধ্য দিয়েও মানুষের অধিকার নষ্ট হয়। তাই নিজের জিহ্বা ও হাতকে অন্যের অনিষ্ট থেকে বিরত রাখা একজন মুমিনের গুরুত্বপূর্ণ দায়িত্ব।


এই আমলগুলো কি জান্নাতে পৌঁছে দিতে পারে?

নবীজি (সা.)-এর সঙ্গে আবু জর (রা.)-এর কথোপকথনে উঠে আসা শিক্ষাগুলো মানুষের সামর্থ্য ও বাস্তব জীবনের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। এখানে শুধু বড় কোনো দান বা কঠিন ইবাদতের কথা বলা হয়নি, বরং একজন মানুষ তার অবস্থান ও সামর্থ্য অনুযায়ী কীভাবে ভালো কাজ করতে পারে, তার পথ দেখানো হয়েছে।

বর্ণিত হাদিসে নবীজি (সা.) এই আমলগুলোর যেকোনো একটি অর্জনের মাধ্যমে জান্নাত লাভের আশার কথা জানিয়েছেন। (বায়হাকি, শুআবুল ইমান, খণ্ড ৩, পৃষ্ঠা ২০৫)

নবীজি (সা.)-এর এই শিক্ষাগুলোর দিকে তাকালে একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে—ইসলামে ইবাদত শুধু ব্যক্তিগত আমলের মধ্যে সীমাবদ্ধ নয়। আল্লাহর প্রতি বিশ্বাসের পাশাপাশি মানুষের প্রতি দায়িত্বশীল আচরণ, অসহায়ের সহযোগিতা এবং অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়াও মুমিনের জীবনের গুরুত্বপূর্ণ অংশ।

সবাই হয়তো দান করার মতো সম্পদের মালিক নন, সবাই হয়তো শারীরিকভাবে অন্যের কাজে এগিয়ে আসতে পারেন না। কিন্তু ভালো কথা বলা, কাউকে সৎ পরামর্শ দেওয়া কিংবা অন্তত নিজের আচরণে অন্যকে কষ্ট না দেওয়ার সামর্থ্য সবারই রয়েছে।

তাই মানুষের কল্যাণে নিজের সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসা এবং কারও ক্ষতির কারণ না হওয়াই হোক আমাদের প্রতিদিনের চর্চা। ছোট ছোট ভালো কাজও যে পরকালের মুক্তির পথে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, নবীজি (সা.)-এর এই শিক্ষায় রয়েছে তারই সুন্দর দৃষ্টান্ত।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   দোজখ  আগুন  আমল  ইসলাম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: