তথ্যপ্রযুক্তির এ সময়ে ইন্টারনেট আমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। সংগৃহীত ছবি তথ্যপ্রযুক্তির এ সময়ে ইন্টারনেট আমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। ইন্টারনেটের মাধ্যমে মুহূর্তের মধ্যে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তথ্য ও সংবাদ আদান-প্রদান করা যায়। এর কল্যাণে ভালো ও কল্যাণকর বিষয়ের দাওয়াত যেমন ছড়িয়ে দেওয়া সম্ভব, তেমনি অন্যায় ও পাপাচারের বিষয়ও ছড়িয়ে পড়তে পারে।
এ অবস্থায় ইন্টারনেটের ব্যবসা করা ইসলামের দৃষ্টিতে হালাল নাকি হারাম— এ প্রশ্ন অনেকের মনেই আসে।
ইসলামে যেসব ব্যবসার মাধ্যমে হালাল ও হারাম উভয় ধরনের কাজ করার সুযোগ রয়েছে, সেসব ক্ষেত্রে মূলনীতি হলো— যে বস্তু দিয়ে ভালো ও মন্দ উভয় কাজই করা সম্ভব, তা কাউকে দেওয়া বা বিক্রি করা জায়েজ। সে বিবেচনায় ইন্টারনেটের মাধ্যমে ভালো ও মন্দ উভয় কাজ করার সুযোগ থাকায় এর ব্যবসা করাও জায়েজ।
তবে কোনো ক্রেতা ইন্টারনেট ব্যবহার করে গুনাহের কাজে জড়ালে সেই গুনাহের দায় তার নিজের ওপর বর্তাবে। কিন্তু বিক্রেতা যদি নিশ্চিতভাবে জানেন, ক্রেতা শুধু গুনাহের কাজেই এটি ব্যবহার করবেন, তাহলে তার কাছে ইন্টারনেট বিক্রি করা জায়েজ হবে না।
পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন,
وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ۚ وَاتَّقُوا اللَّهَ ۖ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ
অর্থ: ‘সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ কঠোর শাস্তিদাতা।’ (সুরা মায়িদা, আয়াত: ২)
ফতোয়ার কিতাবে উল্লেখ করা হয়েছে, যা কিছু মানুষের জন্য উপকারী, তা জায়েজ। তাই তা বিক্রি করাও জায়েজ। কারণ, প্রত্যেক বস্তু মানুষের উপকারের জন্য সৃষ্টি করা হয়েছে।
মহান আল্লাহ বলেন, ‘তিনিই জমিনে যা আছে সব তোমাদের জন্য সৃষ্টি করেছেন।’ (আল-ফিকহুল ইসলামি ওয়া আদিল্লাতুহু: ৪/২১৭)
তবে যে বস্তু অধিকাংশ ক্ষেত্রে হারাম কাজে ব্যবহৃত হয়, তার ব্যবসা করা, বিক্রি করা কিংবা দান করা জায়েজ নয়। (ফতোয়ায়ে হিন্দিয়া: ৩/১১৬)
অন্যদিকে, যেসব বিষয়ে হালাল ও হারাম উভয় ধরনের সম্ভাবনা রয়েছে, সেসব ক্ষেত্রে তাকওয়ার দাবি হলো যথাসম্ভব নিজেকে বিরত রাখার চেষ্টা করা। কারণ, একজন বিক্রেতার পক্ষে প্রত্যেক ক্রেতা ইন্টারনেট কোন কাজে ব্যবহার করবেন, তা জানা সম্ভব নয়। তাই সতর্কতার দৃষ্টিকোণ থেকে এমন ব্যবসা থেকে বিরত থাকাকে নিরাপদ মনে করা যেতে পারে।
তবে অন্য দৃষ্টিকোণ থেকে ইন্টারনেটের ব্যবসা জায়েজ। কারণ, ইন্টারনেট মূলত একটি সেবা, যার মাধ্যমে মানুষ বৈধ ও উপকারী বিভিন্ন কাজ করতে পারে।
সময়ের আলো/ইউএমএইচ