প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৭:০৮ এএম
ছবি : সংগৃহীতকাতারে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা ‘আওয়ালুল আওয়াইল’-এর তৃতীয় আসর শুরু হয়েছে। গত সোমবার ইমাম মুহাম্মদ বিন আবদুল ওয়াহহাব মসজিদে তা শুরু হয়েছে।
দেশটির আওকাফ ও ইসলামবিষয়ক মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি ড. শেখ খালিদ বিন মুহাম্মদ বিন গানিম আলে সানি প্রথম দিনের প্রতিযোগিতা পরিদর্শন করেন। এটি শেখ জাসিম বিন মুহাম্মদ বিন সানি পবিত্র কুরআন প্রতিযোগিতার আন্তর্জাতিক শাখা।
এই প্রতিযোগিতায় ১৯টি দেশের ৪২ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন। প্রতিযোগীরা চূড়ান্ত পর্বের ১০টি আসনের জন্য লড়ছেন। চূড়ান্ত বিজয়ী পুরস্কার হিসেবে পাবেন ১০ লাখ কাতারি রিয়াল। প্রতিযোগিতার বিচারক প্যানেলে আছেন কুরআন তেলাওয়াত ও তাজবিদের বিশিষ্ট আলেমরা।
এসব পরীক্ষায় প্রতিযোগীদের কুরআন মুখস্থের দক্ষতা, শুদ্ধতা, তেলাওয়াতের মান এবং পবিত্র কুরআনের অর্থ অনুধাবনের সক্ষমতা যাচাই করা হয়। প্রথম দিনে সকাল ও সন্ধ্যার অধিবেশনে আট দেশের ৯ জন প্রতিযোগী অংশ নেন। তাদের মধ্যে ছিলেন লিবিয়া, রাশিয়া, ইয়েমেন, ওমান, যুক্তরাষ্ট্র, মিসর, সোমালিয়া ও বাংলাদেশের প্রতিনিধিরা।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের দক্ষতা ও অভিজ্ঞতার মান অত্যন্ত উচ্চপর্যায়ের। তাদের প্রত্যেকেই আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন। কয়েকজন প্রতিযোগীর কুরআনের কেরাত বিষয়ে উচ্চতর সনদও রয়েছে।
এ বছর ৩৫টি দেশ থেকে ৯৮ জন প্রতিযোগী নিবন্ধন করেন। প্রাথমিক পর্বে ৩৩টি দেশের ৮২ জন অংশ নেন। ভিডিও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে দূরবর্তী পরীক্ষা নেওয়ার পর ১৯টি দেশের ৪২ জন প্রতিযোগী দোহায় সরাসরি অনুষ্ঠেয় পর্বের জন্য উত্তীর্ণ হন।
পরীক্ষায় সম্পূর্ণ পবিত্র কুরআন মুখস্থ, তাজবিদ, তেলাওয়াত এবং কুরআনের শব্দার্থ অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিযোগিতার প্রথম পর্ব চলবে ১৪ নভেম্বর পর্যন্ত। ফলাফল ঘোষণা করা হবে ১৫ নভেম্বর। এরপর ১০ জন চূড়ান্ত প্রতিযোগী ১৬ ও ১৭ নভেম্বর প্রতিদ্বন্দ্বিতা করবেন। সমাপনী অনুষ্ঠান হবে ১৯ নভেম্বর।
সময়ের আল/প্রিন্ট/এমকে