ছবি : সংগৃহীতজেনসেন হুয়াংয়ের পদত্যাগের পর প্রথমবারের মতো নারী নেতৃত্ব পেয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া। কোম্পানিটির অন্তর্বর্তী প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পেয়েছেন বর্তমান প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) কোলেট ক্রেস। স্থায়ী উত্তরসূরি নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।
একই সঙ্গে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন হার্ভি সি জোন্স। পর্ষদ জানিয়েছে, স্থায়ী সিইও নিয়োগের জন্য প্রতিষ্ঠানের ভেতর ও বাইরে থেকে প্রার্থী বিবেচনা করা হবে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থায়ী সিইও পদের সম্ভাব্য প্রার্থী হিসেবেও ক্রেসের নাম আলোচনায় রয়েছে। ১৯৯৩ সালে এনভিডিয়া প্রতিষ্ঠার পর থেকে ৩৩ বছর কোম্পানিটির নেতৃত্ব দিয়েছেন সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং। বৃহস্পতিবার তাঁর নেতৃত্বের অবসান ঘটে। এ সময়ে তিনি কোম্পানির প্রেসিডেন্ট, সিইও ও পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন।
কে এই কোলেট ক্রেস
এনভিডিয়ার নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও সিএফও হিসেবে দায়িত্ব পালন করছেন কোলেট ক্রেস। ২০১৩ সালের সেপ্টেম্বরে তিনি কোম্পানিটিতে যোগ দেন। এরপর থেকে প্রতিষ্ঠানটির অর্থ বিভাগ পরিচালনার পাশাপাশি এর প্রবৃদ্ধি ও ব্যবসায়িক বিকাশে ভূমিকা রেখেছেন।
এনভিডিয়ায় যোগ দেওয়ার আগে প্রায় ২৫ বছর সিসকো ও মাইক্রোসফটসহ বিভিন্ন শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানে অর্থ বিভাগের দায়িত্বে কাজ করেছেন তিনি।
কোলেট ক্রেস সম্পর্কে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হার্ভি জোন্স বলেন, কোম্পানির অসাধারণ প্রবৃদ্ধির সময়ে ক্রেস গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ব্যবসা, গ্রাহক, কার্যক্রম ও আর্থিক অবস্থা সম্পর্কে তার গভীর ধারণা রয়েছে। এনভিডিয়ার কৌশল বাস্তবায়ন ও প্রযুক্তিগত পরিকল্পনা এগিয়ে নিতে তার নেতৃত্বাধীন দল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
দায়িত্ব পাওয়ার পর ক্রেস বলেন, এনভিডিয়ার সবচেয়ে বড় শক্তি এর কর্মীরা। জেনসেন হুয়াং গত ৩৩ বছরে যে ভিত্তি তৈরি করেছেন, তার ওপর দাঁড়িয়ে কোম্পানিকে আরও এগিয়ে নিতে তিনি সবার সঙ্গে কাজ করবেন। দ্রুতগতির কম্পিউটিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে এনভিডিয়ার অগ্রযাত্রা অব্যাহত রাখার পাশাপাশি নতুন সুযোগ কাজে লাগানোর কথাও জানান তিনি।
কোলেট ক্রেসের সম্পদের পরিমাণ কত
রয়টার্সের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) জমা দেওয়া এনভিডিয়ার বার্ষিক প্রতিবেদন থেকে ক্রেসের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানা যায়। তিনি অ্যারিজোনা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্সে স্নাতক এবং সাউদার্ন মেথডিস্ট বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) ডিগ্রি অর্জন করেছেন।
২০২৪ সালে ফরচুন সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রেস জানিয়েছিলেন, ২০১৩ সালে এনভিডিয়ায় যোগ দেওয়ার সময় তার কর্মজীবনে এটিই ছিল সবচেয়ে ছোট কোম্পানি।
ফরচুনের বৃহস্পতিবারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ অর্থবছরে এনভিডিয়া থেকে মূল বেতন হিসেবে ৯ লাখ ডলার পেয়েছেন ক্রেস। বোনাস ও অন্যান্য সুবিধাসহ তার মোট পারিশ্রমিকের পরিমাণ ছিল ১ কোটি ৬০ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৯৯ কোটি ৬০ লাখ টাকা।
ফোর্বসের ২০২৬ সালের যুক্তরাষ্ট্রের শীর্ষ ধনী নারীদের তালিকায় ৩২তম অবস্থানে রয়েছেন ক্রেস। রয়টার্স জানিয়েছে, গত বুধবারের লেনদেন শেষে এনভিডিয়ার শেয়ারে তাঁর মালিকানার মূল্য ছিল প্রায় ৭৫ কোটি ডলার। গত মাসে শেয়ারের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালে এর মূল্য ১০০ কোটি ডলার ছাড়িয়েছিল।
ফরচুনের তথ্য অনুযায়ী, ক্রেসের সিএফও হিসেবে দায়িত্ব পালনের সময়ে এনভিডিয়ার আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০১৪ অর্থবছরে কোম্পানিটির আয় ছিল ৪ দশমিক ১৩ বিলিয়ন ডলার। ২০২৫ অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ১৩০ দশমিক ৫ বিলিয়ন ডলারে।
একই সময়ে এনভিডিয়ার বাজারমূল্যও বেড়েছে ব্যাপকভাবে। ২০১৩ সালে ক্রেস যোগ দেওয়ার সময় কোম্পানিটির বাজারমূল্য ছিল প্রায় ৯ বিলিয়ন ডলার। বর্তমানে তা প্রায় ৪ ট্রিলিয়ন ডলার।
সময়ের আল/টিকে