এনভিডিয়ার সাবেক সিইওর আরেক নারী কর্মীর সঙ্গে সম্পর্কের দাবি রয়টার্সের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের সঙ্গে প্রতিষ্ঠানটির আরও এক নারী কর্মীর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে দাবি করেছে

2026-11-13T10:46:53+00:00
2026-11-13T10:46:53+00:00
 
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
এনভিডিয়ার সাবেক সিইওর আরেক নারী কর্মীর সঙ্গে সম্পর্কের দাবি রয়টার্সের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১০:৪৬ এএম 
ছবি : সংগৃহীত
এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের সঙ্গে প্রতিষ্ঠানটির আরও এক নারী কর্মীর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে দাবি করেছে বার্তা সংস্থা রয়টার্স। বিষয়টি সম্পর্কে জানেন, এমন দুই ব্যক্তির বরাতে শুক্রবার (১৩ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি।

প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে জেনসেন হুয়াংয়ের আরও দুটি বিবাহবহির্ভূত সম্পর্কের খবর সামনে এসেছিল। এর মধ্যে অ্যালিস হুয়াং নামে এক নারীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে আলোচনা হয়। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সন্দেহ, অ্যালিস হুয়াং চীনের হয়ে গুপ্তচরবৃত্তিতে জড়িত। অন্যদিকে, কিম্বারলি পাওয়েল এনভিডিয়ার স্বাস্থ্যসেবা বিভাগের ভাইস প্রেসিডেন্ট।

তবে নতুন করে যে নারী কর্মীর সঙ্গে জেনসেন হুয়াংয়ের সম্পর্কের দাবি করা হয়েছে, তার পরিচয় প্রকাশ করেনি রয়টার্স। ওই নারীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সফল হয়নি সংবাদমাধ্যমটি।

এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি এনভিডিয়া। জেনসেন হুয়াং, কিম্বারলি পাওয়েল এবং প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের একজন প্রতিনিধিও মন্তব্যের অনুরোধে সাড়া দেননি। অ্যালিস হুয়াংয়ের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

এর আগে ৮ নভেম্বর প্রকাশিত এক বিবৃতিতে জেনসেন হুয়াং একটি বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেন। তবে ওই বিবৃতিতে সংশ্লিষ্ট নারীর নাম উল্লেখ করেননি তিনি।


রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জেনসেন হুয়াংয়ের পদত্যাগের সিদ্ধান্ত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিল্পে বড় প্রভাব ফেলতে পারে। এনভিডিয়া তাদের আর্থিক সক্ষমতা কাজে লাগিয়ে চিপ কেনার সুবিধার্থে বিভিন্ন জটিল আর্থিক চুক্তি করেছে। পাশাপাশি ক্লাউড কম্পিউটিং প্রতিষ্ঠান ও এআই গবেষণাগারগুলোতে বিনিয়োগের মাধ্যমে এআই শিল্পের বিকাশেও ভূমিকা রেখেছে কোম্পানিটি।

৬৩ বছর বয়সী বিবাহিত জেনসেন হুয়াংয়ের পদত্যাগের দাবিতে চাপ বাড়ে অ্যালিস হুয়াংয়ের সঙ্গে সম্পর্কের খবর প্রকাশের পর। এর পরিপ্রেক্ষিতে পদত্যাগ করেন তিনি।

প্রতিবেদন অনুযায়ী, নতুন সিইও নিয়োগের প্রক্রিয়া চলাকালে এনভিডিয়ার অর্থ বিভাগের প্রধান কোলেট ক্রেসকে অন্তর্বর্তী প্রধান নির্বাহীর দায়িত্ব দেওয়া হয়েছে। স্থায়ীভাবে এ পদে নিয়োগের জন্য প্রতিষ্ঠানের ভেতরের ও বাইরের সম্ভাব্য প্রার্থীদের বিবেচনা করছে পরিচালনা পর্ষদ।

এদিকে, চলতি মাসের শুরুতে জেনসেন হুয়াং বিদেশি কোনো গোয়েন্দা সংস্থার অভিযানের লক্ষ্যবস্তু হয়েছিলেন কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ। স্বাধীন পরিচালকদের নেতৃত্বে পরিচালিত এ তদন্তে বাইরের আইনজীবীদেরও যুক্ত করা হয়েছে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   এনভিডিয়ার  সিইও  রয়টার্স  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: