প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৬:৩৪ এএম
ছবি : সংগৃহীতসংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ আমিরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। ১৮টি গাড়ি ও পাঁচটি ট্রাকের সংঘর্ষে আহত হয়েছেন আরও ৩০ জন। আহতদের মধ্যে ১৫ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বুধবার মধ্যরাতের কিছু আগে আমিরাতের প্রবেশপথে এ দুর্ঘটনা ঘটে। একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি গাড়িকে ধাক্কা দিলে দুটি যানবাহনই রাস্তা থেকে ছিটকে যানজটে আটকে থাকা কয়েকটি গাড়ির ওপর আছড়ে পড়ে।
এ সময় ট্রাকটিতে আগুন ধরে যায়। পরে সেই আগুন আশপাশের আরও কয়েকটি গাড়িতে ছড়িয়ে পড়ে। এতে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনার পর জরুরি সেবা ও বিশেষায়িত উদ্ধারকারী দল উদ্ধারকাজে অংশ নেয়। আহত ৩০ জনের মধ্যে ১৫ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে আমিরাতের নাগরিক ছাড়াও কয়েকজন বিদেশি রয়েছেন। তাদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা করা হচ্ছে।
এদিকে আহতদের মধ্যে সংযুক্ত আরব আমিরাত, ওমান, ভারত, ব্রাজিল, পাকিস্তান, জর্ডান ও মিশরের নাগরিক রয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সময়ের আলো/এমকে