ছবি : সংগৃহীত কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের চোখের চিকিৎসা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দুদিন আগেও আবার তার চোখে ইনজেকশন দেওয়া হয়েছে। এটি কোনো সাধারণ ইনজেকশন নয়। ইনজেকশনটির নাম ইনট্রাভিট্রিয়াল অ্যান্টি-ভিইজিএফ। চোখের রেটিনার রক্তনালিসংক্রান্ত জটিলতা এবং দৃষ্টিশক্তি রক্ষায় এই ইনজেকশন ব্যবহার করা হয়। ইমরান খানের ডান চোখে সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন নামের একটি রোগ হয়েছে বলে পাকিস্তান সরকার ও তার আইনজীবীরা জানিয়েছেন। এ রোগের কারণে তার দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। রোগটির জটিলতা নিয়ন্ত্রণে রাখতে এবং দৃষ্টিশক্তির আরও অবনতি ঠেকাতে তাকে এই ইনজেকশন দেওয়া হচ্ছে।
বিবিসির এক প্রতিবেদন বলছে, গত ১১ নভেম্বর প্রথম প্রহরে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে তাকে ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস বা পিমস হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, স্বাস্থ্য পরীক্ষা এবং চোখের চিকিৎসার ফলোআপের জন্য তাকে সেখানে নেওয়া হয়েছিল। পিমসের এক বিবৃতিতে বলা হয়, চক্ষু বিশেষজ্ঞদের পরামর্শে ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এর মধ্যে চোখের পরীক্ষাও ছিল। পরীক্ষায় তার শারীরিক অবস্থা স্থিতিশীল পাওয়া যায়। সাধারণ স্বাস্থ্য পরীক্ষার ফলও স্বাভাবিক ছিল।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ইমরান খানের সম্মতি নিয়ে প্রয়োজনীয় সতর্কতা ও চিকিৎসাবিধি অনুসরণ করে চক্ষু বিশেষজ্ঞদের একটি দল তার চোখে ইনট্রাভিট্রিয়াল অ্যান্টি-ভিইজিএফ ইনজেকশন প্রয়োগ করে। রাত আড়াইটার দিকে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। পরে তাকে আবার আদিয়ালা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। পিমসের এক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, ইমরান খানকে প্রায় দেড় ঘণ্টা হাসপাতালে রাখা হয়েছিল। চিকিৎসা শেষে তাকে পরবর্তী পরিচর্যা ও ফলোআপ সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়।
তবে হাসপাতালের বিবৃতিতে তার চোখের রোগের বিস্তারিত বিবরণ দেওয়া হয়নি। এর আগে অবশ্য তাকে একাধিকবার একই ধরনের ইনজেকশন দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কারাগারে ইমরান খানকে সর্বোত্তম চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। তার চিকিৎসায় কোনো ঘাটতি রাখা হয়নি।
পাকিস্তানি সরকারের দাবি অনুযায়ী, ইমরান খানের ডান চোখের দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ হলো সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন। এটি চোখের রেটিনার প্রধান শিরায় রক্ত চলাচল বাধাগ্রস্ত হওয়ার একটি রোগ। যুক্তরাজ্যের জনস্বাস্থ্য প্রতিষ্ঠান এনএইচএসের (ন্যাশনাল হেলথ সার্ভিস) তথ্য অনুযায়ী, রেটিনাল ভেইন অক্লুশন বয়স্ক মানুষের দৃষ্টিশক্তি কমে যাওয়ার একটি পরিচিত কারণ। এ অবস্থায় চোখের রেটিনার শিরায় রক্ত জমাট বাঁধতে পারে। ফলে স্বাভাবিক রক্ত চলাচল ব্যাহত হয়। রেটিনা হলো চোখের ভেতরের পেছনের দিকে থাকা একটি সূক্ষ্ম আলোকসংবেদনশীল স্তর। এটি অনেকটা পুরোনো ক্যামেরার ফিল্মের মতো কাজ করে। চোখে প্রবেশ করা আলো রেটিনায় গিয়ে প্রতিফলিত হয়। এরপর সেই সংকেত মস্তিষ্কে পৌঁছালে আমরা দেখতে পাই।
রেটিনার শিরায় রক্ত চলাচলে বাধা সৃষ্টি হলে সেখান থেকে রক্ত ও তরল পদার্থ আশপাশের টিস্যুতে ছড়িয়ে পড়তে পারে। এতে রেটিনায় ফোলাভাব দেখা দেয়। কোথাও কোথাও রক্তক্ষরণও হতে পারে। আবার রক্ত সরবরাহ কমে যাওয়ায় রেটিনার কোষগুলো পর্যাপ্ত অক্সিজেন পায় না। এসব কারণে চোখের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। ধীরে ধীরে দৃষ্টিশক্তি কমে যেতে পারে। রেটিনাল ভেইন অক্লুশন সাধারণত দুই ধরনের। এর একটি হলো ব্রাঞ্চ রেটিনাল ভেইন অক্লুশন। এতে রেটিনার কোনো শাখা শিরায় বাধা তৈরি হয়। অন্যটি সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন। এতে রেটিনার প্রধান শিরায় রক্ত চলাচল বন্ধ বা বাধাগ্রস্ত হয়। দ্বিতীয় ধরনের ক্ষেত্রে দৃষ্টিশক্তি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।
এ বিষয়ে চক্ষুরোগ বিশেষজ্ঞ হিরা আওয়াইস বিবিসি উর্দুকে বলেন, রোগটি সবার ক্ষেত্রে একইভাবে প্রকাশ পায় না। এর উপসর্গ ও প্রভাব নির্ভর করে রোগীর চোখের আগের অবস্থা এবং রক্তনালিতে বাধার মাত্রার ওপর। রক্তনালি বন্ধ হয়ে গেলে রেটিনার বিভিন্ন স্থানে রক্তক্ষরণের চিহ্ন দেখা যেতে পারে। কোনো কোনো রোগীর দৃষ্টিশক্তি এতটাই কমে যায় যে তিনি আলো পর্যন্ত দেখতে পান না। আবার কারও ক্ষেত্রে দৃষ্টিশক্তি তুলনামূলক ভালো থাকে। রোগটি প্রথম শনাক্ত হওয়ার সময় দৃষ্টিশক্তি যতবেশি ক্ষতিগ্রস্ত হয়, পরবর্তী সময়ে তা ফিরে পাওয়ার সম্ভাবনা সাধারণত তত কমে যায়।
আর এই সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশনের চিকিৎসায় ব্যবহৃত হয় ইনট্রাভিট্রিয়াল অ্যান্টি-ভিইজিএফ ইনজেকশন। এটি সরাসরি চোখের ভেতরে ওষুধ পৌঁছে দেওয়ার একটি পদ্ধতি। ভিইজিএফের পূর্ণরূপ ভাসকুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর। এটি এক ধরনের প্রোটিন, যা রক্তনালির বৃদ্ধি ও গঠনে ভূমিকা রাখে। চোখে রক্ত সরবরাহ কমে গেলে রেটিনার কোষগুলো থেকে এই প্রোটিনের উৎপাদন বেড়ে যেতে পারে। ফলে চোখের ভেতরে অস্বাভাবিক নতুন রক্তনালি তৈরি হতে পারে।
সমস্যা হলো, এসব নতুন রক্তনালি সাধারণত দুর্বল হয়। এগুলো থেকে সহজেই রক্তক্ষরণ হতে পারে। রেটিনায় টানও তৈরি করতে পারে। এতে দৃষ্টিশক্তির আরও ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। অ্যান্টি-ভিইজিএফ ইনজেকশন এই প্রোটিনের কার্যক্রম বাধাগ্রস্ত করে। ফলে অস্বাভাবিক রক্তনালির বৃদ্ধি কমে। এটি রেটিনায় তরল জমা ও ফোলাভাব নিয়ন্ত্রণ করে।
চিকিৎসক হিরা আওয়াইসের মতে, এ ইনজেকশনের দুটি গুরুত্বপূর্ণ উপকারিতা রয়েছে। প্রথমত এটি রেটিনায় জমে থাকা তরল কমিয়ে ফোলাভাব নিয়ন্ত্রণ করে। দ্বিতীয়ত রক্ত সরবরাহ কমে যাওয়ার কারণে তৈরি হওয়া জটিলতা এবং অস্বাভাবিক রক্তনালির বৃদ্ধি প্রতিরোধে সহায়তা করে। অর্থাৎ এই চিকিৎসার প্রধান লক্ষ্য হলো রেটিনার ক্ষতি নিয়ন্ত্রণ করা এবং দৃষ্টিশক্তির আরও অবনতি ঠেকানো। কিছু ক্ষেত্রে দৃষ্টিশক্তির উন্নতিও হতে পারে।
তবে অ্যান্টি-ভিইজিএফ ইনজেকশন একবার দিলেই সব সমস্যার সমাধান হয় না। রোগীর চোখের অবস্থা এবং চিকিৎসায় সাড়া দেওয়ার ওপর নির্ভর করে একাধিকবার ইনজেকশন দেওয়ার প্রয়োজন হতে পারে। হিরা আওয়াইস বলেন, এ চিকিৎসায় অ্যান্টি-ভিইজিএফ ওষুধের বিভিন্ন ধরন রয়েছে। কোনো কোনো রোগীকে প্রতি মাসে ইনজেকশন দিতে হয়। আবার কিছু ক্ষেত্রে নির্দিষ্ট সময় পর চোখের অবস্থা পরীক্ষা করে পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হয়।
চিকিৎসার অগ্রগতি বুঝতে বিভিন্ন পরীক্ষা করা হয়। এর মধ্যে ওসিটি (অপটিক্যাল কোহেরেন্স টমোগ্রাফি) গুরুত্বপূর্ণ। এই পরীক্ষার মাধ্যমে রেটিনার পুরুত্ব, ফোলাভাব এবং সেখানে তরল জমেছে কি না তা দেখা যায়। ইনজেকশন দেওয়ার পর রেটিনার ফোলাভাব কমেছে কি না সেটিও পরীক্ষা করে দেখা হয়। যদি উন্নতি দেখা গেলেও চোখে তরল জমা বা ফোলাভাব থেকে যায়, তা হলে আবার ইনজেকশন দেওয়ার প্রয়োজন হতে পারে।
কোনো কোনো ইনজেকশনের কার্যকারিতা ৬০ দিন পর মূল্যায়ন করা হয়। আবার কিছু ক্ষেত্রে প্রতি মাসে রোগীকে পরীক্ষা করতে হয়। অর্থাৎ সব রোগীর চিকিৎসার সময়সূচি এক নয়। রোগীর অবস্থা বুঝেই চিকিৎসক পরবর্তী ইনজেকশনের সিদ্ধান্ত নেন। এ কারণেই ইমরান খানকে একাধিকবার এই ইনজেকশন দেওয়া হয়েছে। তবে তার ক্ষেত্রে ঠিক কত দিন পরপর ইনজেকশন প্রয়োজন এবং বর্তমানে চোখের অবস্থা কী, সে বিষয়ে পিমস কর্তৃপক্ষ বিস্তারিত কিছু জানায়নি।
যদিও চোখের ভেতরে ইনজেকশন দেওয়ার কথা শুনলে অনেকেরই ভয় লাগতে পারে। তবে চিকিৎসকদের মতে, এটি একটি প্রচলিত চিকিৎসাপদ্ধতি। সাধারণত হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হয় না। এনএইচএসের তথ্য অনুযায়ী, পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে প্রায় ১৫ মিনিট সময় লাগে। তবে ইনজেকশন প্রয়োগ করতে মাত্র কয়েক সেকেন্ড লাগে।
প্রথমে রোগীকে আরামদায়ক অবস্থায় বসানো বা শোয়ানো হয়। এরপর চোখ অবশ করার জন্য কয়েক ফোঁটা ওষুধ দেওয়া হয়। চোখের চারপাশ জীবাণুমুক্তভাবে পরিষ্কার করা হয়। পরে চোখের পাতা খোলা রাখতে স্পেকুলাম নামের একটি ছোট যন্ত্র ব্যবহার করা হয়। এরপর খুব সূক্ষ্ম একটি সুচের সাহায্যে চোখের সাদা অংশ দিয়ে ভেতরের ভিট্রিয়াসে ওষুধ প্রবেশ করানো হয়। ভিট্রিয়াস হলো চোখের ভেতরে থাকা জেলির মতো স্বচ্ছ পদার্থ। এর মাধ্যমে ওষুধ সরাসরি রেটিনার প্রয়োজনীয় স্থানে পৌঁছাতে পারে।
ইনজেকশন দেওয়ার পর চোখে লুব্রিকেটিং ড্রপ ব্যবহার করা হয়। প্রয়োজনে চোখের অভ্যন্তরীণ চাপও পরীক্ষা করা হয়। এনএইচএসের মতে, ইনজেকশন দেওয়ার সময় সাধারণত খুব বেশি ব্যথা হয় না। চিকিৎসা শেষে অধিকাংশ রোগী এক ঘণ্টার মধ্যে হাসপাতাল থেকে বাড়ি ফিরতে পারেন। হিরা আওয়াইস জানান, পরিচ্ছন্নতা ও জীবাণুমুক্ত পরিবেশ নিশ্চিত করা গেলে কিছু দেশে ক্লিনিকেও এই চিকিৎসা দেওয়া হয়। তবে পাকিস্তানে সাধারণত মাইনর অপারেশন থিয়েটারে এ প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
সময়ের আলো/প্রিন্ট/জেডি