ছবি : সংগৃহীত ইসরাইলসহ মধ্যপ্রাচ্যের মিত্রদের ঘাড়ে ইরান যুদ্ধের ভার চাপাতে চায় যুক্তরাষ্ট্র। তাদের কাছ থেকেই যুদ্ধের খরচ আদায় করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি ইসরাইল নামটি উচ্চারণ করতেও ছাড়েননি তিনি। কদিন আগের মধ্যবর্তী নির্বাচনে দলের ভরাডুবির পরও সরব আছেন বিশ্ব রাজনীতির এই শো ম্যান। একের পর এক কথার ‘বোমা’ ফাটাচ্ছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে রিপাবলিকান নেতা ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যেসব দেশকে যুক্তরাষ্ট্র সুরক্ষা দিয়েছে, তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের পরিকল্পনা করছে ওয়াশিংটন। এর আগেই ইরান যুদ্ধ নির্বাচনে পরাজয়ের অন্যতম কারণ ছিল বলে স্বীকার করেছেন প্রেসিডেন্ট।
সিবিএস নিউজের সংবাদদাতা রস ডাউথ্যাটকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুদ্ধের কারণে আমাদের যা খরচ হয়েছে, তার সবই ওইসব দেশকে পরিশোধ করতে হবে। আমরা সব অর্থ ফেরত নেব। তারা অবশ্যই তা দেবে, শতভাগ। কারণ আমরা না থাকলে তাদের অস্তিত্বই থাকত না। তার দাবি, যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ না করলে ইসরাইলের কোনো অস্তিত্বই থাকত না। ক্ষতিপূরণ আদায়ের কথা বলতে গিয়ে এই প্রথমবারের মতো ইসরাইলের নাম উল্লেখ করলেন ট্রাম্প।
তিনি বলেন, আমরা ইরানের পারমাণবিক অস্ত্রভান্ডার ধ্বংস করে দিয়েছি। আমরা যদি তা না করতাম, তবে এ মুহূর্তে ইসরাইল নামে কোনো দেশের অস্তিত্ব থাকত না, ইসরাইল পুরোপুরি মুছে যেত। এর আগে হরমুজ প্রণালির আশপাশে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির সুবিধাভোগী উপসাগরীয় দেশগুলোর কাছ থেকেও যুদ্ধের খরচ আদায়ের কথা বলেছিলেন ট্রাম্প। ওই এলাকায় মার্কিন বাহিনী জাহাজ চলাচলে নিরাপত্তা দিয়ে আসছে।
জুলাইয়ে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমরা বিশ্বের অত্যন্ত ধনী একটি অঞ্চলকে সুরক্ষা দিচ্ছি, এ জন্য অর্থ ব্যয় করছি। তাই তাদের সুরক্ষা দেওয়ার খরচ আমাদের ফেরত দিতে হবে। যেসব দেশের এ অর্থ পরিশোধ করা উচিত বলে মনে করেন, সেগুলোর মধ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও কুয়েতের নাম উল্লেখ করেছেন তিনি।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হিসাব অনুযায়ী, অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত ইরান যুদ্ধে দেশটির খরচ হয়েছে ৪৭ দশমিক ১ বিলিয়ন ডলারেরও বেশি। তবে প্রকৃত খরচ আরও বেশি হতে পারে। কারণ মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ক্ষয়ক্ষতি মেরামতের ব্যয় এ হিসাবের মধ্যে নেই। যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল বাজেট অফিস গত সেপ্টেম্বরে হিসাব করেছিল, যুদ্ধ যত দিন চলবে, প্রতি মাসে এর জন্য অতিরিক্ত ২ থেকে ৩ বিলিয়ন ডলার খরচ হবে।
বিশ্লেষকদের মতে, মিত্রদের কাছে সরাসরি ক্ষতিপূরণ চাইবেন না ট্রাম্প। এ ধরনের দাবি অবাস্তব। বরং একে ‘রাজনৈতিক বার্তা’ আখ্যা দিয়েছেন তারা। চ্যাথাম হাউসের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা কর্মসূচির সহযোগী ফেলো নিল কুইলিয়াম আলজাজিরাকে বলেন, ট্রাম্পের বক্তব্যকে নীতিগত প্রস্তাবের পরিবর্তে রাজনৈতিক বার্তা হিসেবেই দেখা উচিত। কুয়েত বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক বাদের আল-সাইফ মত দেন, ট্রাম্পের বক্তব্যকে ‘খুব একটা গুরুত্বের সঙ্গে নেবে না’ উপসাগরীয় দেশগুলো।
মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিশ্লেষক স্টেফান লুকাস বলেন, নির্বাচনের ফলের পর কাউকে বলির পাঁঠা বানানোর চেষ্টা করছেন ট্রাম্প। তার এই বক্তব্য সেই প্রচেষ্টারই অংশ। লুকাস আরও বলেন, এ অঞ্চলে ওয়াশিংটনের আরব মিত্রদের বড় অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে, ‘এমন কিছু হওয়ার সম্ভাবনা কম’।
তবে লুকাস মনে করেন, ইসরাইলের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। তাদের কাছ থেকে সরাসরি ক্ষতিপূরণ আদায় না করলেও তাদের প্রতি সহায়তা আরও কমাতে পারেন ট্রাম্প। ইতিমধ্যে তিনি স্পষ্ট করেছেন, চলতি বছরের পর তেল আবিবকে আর কোনো সহায়তা বাবদ অর্থ পাঠাবে না ওয়াশিংটন। ট্রাম্প বিশ্বাস করেন ইসরাইলই তাকে ইরানের সঙ্গে যুদ্ধে জড়াতে বাধ্য করেছে, এমন মত দেন লুকাস।
বিশ্লেষকদের মতে, ক্ষতিপূরণ আদায়ে ভিন্ন কৌশল নিতে পারেন ট্রাম্প। এ ক্ষেত্রে সরাসরি অর্থ না চেয়ে দেশগুলোর সঙ্গে হওয়া বিদ্যমান বাণিজ্য চুক্তি কিংবা তাদের বিনিয়োগের বিষয়টিও সামনে আনতে পারেন তিনি। আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্যের রাজনীতিবিষয়ক সহকারী অধ্যাপক ফরিদ বুসাইদ বলেন, ওয়াশিংটন উপসাগরীয় দেশগুলোকে আরও বিনিয়োগে চাপ দিতে পারে এবং সেটিকে ক্ষতিপূরণ হিসেবে উপস্থাপন করতে পারে।
অতীতেও বিদেশি বিনিয়োগ ও বাণিজ্য চুক্তি নিয়ে বারবার বিভ্রান্তিকর দাবি করেছেন ট্রাম্প। এসব বিনিয়োগ যুক্তরাষ্ট্রকে দেওয়া অর্থ বা উপহার হিসেবে তুলে ধরেছেন তিনি। উপসাগরীয় দেশগুলোর দাবি, ইরানে হামলার পরিকল্পনা সম্পর্কে তাদের জানানো হয়নি। যুদ্ধের কারণে ইতিমধ্যে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়া উপসাগরীয় মিত্রদের আরও অর্থ দিতে বলা হলে তারা বিষয়টি ভালোভাবে নেবে না। এমনই মত দেন বিশেষজ্ঞরা।
চ্যাথাম হাউসের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা কর্মসূচির সহযোগী ফেলো নিল কুইলিয়াম বলেন, সরাসরি ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হলে উপসাগরীয় নেতারা সম্ভবত ‘নীরবে প্রতিরোধ’ করবেন। প্রতিরক্ষা সহযোগিতা, বিনিয়োগ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্বের মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে তারা ইতিমধ্যে উল্লেখযোগ্য অবদান রাখছেন।
সময়ের আলো/প্রিন্ট/জেডি