ছবি : সংগৃহীত নেতানিয়াহুকে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে হুঁশিয়ার করেছেন ইসরাইলের পরবর্তী সরকার গঠনের দায়িত্বপ্রাপ্ত ইয়াশার পার্টির চেয়ারম্যান ও আইনপ্রণেতা গাদি আইজেনকোট। বুধবার তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পাঠানো চিঠিতে জাতীয় নিরাপত্তা-সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সংযত হতে বলেছেন তিনি। একই সঙ্গে ইসরাইলের গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করতে পারে, এমন কোনো সামরিক পদক্ষেপ না নেওয়ার বিষয়ে সতর্ক করেছেন। সরকার গঠনের দায়িত্ব পাওয়ার তিন দিন পর আইজেনকোট এ চিঠি পাঠালেন। অন্যদিকে সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারালেও তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে এখনও দায়িত্ব পালন করছেন নেতানিয়াহু।
ওয়াইনেট নিউজ গ্লোবালের প্রতিবেদন অনুযায়ী, চিঠির শিরোনাম ছিল ‘এ সময়ে আপনার নিরাপত্তা ও জাতীয় দায়িত্ব’। সেখানে আইজেনকোট সতর্ক করে বলেন, জরুরি পদক্ষেপ নেওয়ার মতো সরাসরি ও তাৎক্ষণিক কোনো হুমকি না থাকা সত্ত্বেও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হলে তার সুদূরপ্রসারী পরিণতি হতে পারে। চিঠিতে আইজেনকোট লেখেন, এমন কোনো সরাসরি ও তাৎক্ষণিক হুমকি না থাকা সত্ত্বেও তা মোকাবিলায় পদক্ষেপ বিলম্বিত করা সম্ভব নয়, নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হলে তা ইসরাইলের গণতন্ত্র এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ওপর নাগরিকদের আস্থার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। নেতানিয়াহুকে সরাসরি উদ্দেশ করে আইজেনকোট বলেন, সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারালেও বিদায়ি প্রধানমন্ত্রী এখনও সামরিক বাহিনী ও নিরাপত্তা ব্যবস্থার ওপর কর্তৃত্ব প্রয়োগ করছেন।
তিনি লেখেন, আমি আপনার উদ্দেশে বলছি, কারণ এখনও আপনি সরকার পরিচালনার দায়িত্বে রয়েছেন। এ সময়ে ইসরাইল রাষ্ট্র, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এবং নিরাপত্তা বাহিনীগুলোর নিরাপত্তার দায়িত্বও আপনার ওপর বর্তায়। তিনি আরও বলেন, আপনি খুব ভালো করেই জানেন, এ মুহূর্তে আপনি এমন একজন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী, যিনি আর নেসেটের (ইসরাইলি পার্লামেন্ট) আস্থা ভোগ করেন না। মাত্র ৪৬ সংসদ সদস্য এখনও আপনার প্রধানমন্ত্রী পদে বহাল থাকার পক্ষে রয়েছেন।
নিরাপত্তাবিষয়ক সিদ্ধান্ত গ্রহণে জাতীয় নিরাপত্তার বাইরের বিবেচনা প্রভাব ফেলেছে, সাম্প্রতিক প্রকাশিত এমন কিছু প্রতিবেদনের কথাও উল্লেখ করেন আইজেনকোট। তিনি লেখেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে অত্যন্ত উদ্বেগজনক কিছু প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এসব প্রতিবেদনে ইসরাইলের সবচেয়ে পবিত্র দায়িত্ব জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে গোপন ও অনভিপ্রেত স্বার্থের বিবেচনা যুক্ত হওয়ার বিষয়টি উঠে এসেছে।
তিনি আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত জটিল ও স্পর্শকাতর। সম্ভবত দেশের ইতিহাসে সবচেয়ে স্পর্শকাতর সময় এটি। এ অবস্থায় নিরাপত্তা ও জাতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার অসাধারণ সতর্কতা এবং দায়িত্বশীলতা দেখানো কর্তব্য। প্রধানমন্ত্রীর অনুমোদন প্রয়োজন, এমন সিদ্ধান্তের ক্ষেত্রে নিরাপত্তা সংস্থার প্রধানদের যথাযথ নির্দেশনা দেওয়ার দায়িত্বের কথাও উল্লেখ করেন আইজেনকোট। নতুন সরকার শপথ নেওয়া পর্যন্ত স্থগিত রাখা সম্ভব, এমন ঝুঁকিপূর্ণ পদক্ষেপ থেকে নেতানিয়াহুকে বিরত থাকতে বলেন তিনি।
আইজেনকোট লেখেন, আমি আপনার প্রতি জাতীয় দায়িত্বশীলতা প্রদর্শনের আহ্বান জানাচ্ছি। ঝুঁকিপূর্ণ যেসব পদক্ষেপ নতুন সরকার দায়িত্ব নেওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারে, সেগুলোর ক্ষেত্রে সংযম ও সতর্কতা অবলম্বন করুন। নেসেটের আস্থা রয়েছে, এমন নতুন সরকার শপথ নেওয়ার আগপর্যন্ত এ ধরনের পদক্ষেপ থেকে বিরত থাকুন। তিনি আরও বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার ওপর জনগণের আস্থা নষ্ট করবেন না। চিঠির শেষাংশে আইজেনকোট সতর্ক করে বলেন, ক্ষমতা হস্তান্তরের এ সময়ে বিতর্কিত নিরাপত্তা-সংক্রান্ত সিদ্ধান্ত নিলে সামরিক ও নিরাপত্তা সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তারা সাংবিধানিক সংকটে পড়তে পারেন।
তিনি আরও লেখেন, নিরাপত্তা ব্যবস্থার শীর্ষ কর্মকর্তাদের এমন গুরুতর সাংবিধানিক সংঘাতের মুখে ঠেলে দেওয়া উচিত নয়, যেখানে তাদের করণীয় কী এবং কোনটি সঠিক— তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। তাদের ওপর অর্পিত পবিত্র দায়িত্ব যেন তারা দ্বিধাহীনভাবে পালন করতে পারেন, সেই সুযোগ দিন।
ইসরাইলের প্রথম প্রধানমন্ত্রী ডেভিড বেন গুরিয়নের একটি বহুল পরিচিত উদ্ধৃতি দিয়ে চিঠিটি শেষ করেন আইজেনকোট। উদ্ধৃতিটিতে অধীনস্থ সেনাদের প্রতি সামরিক কমান্ডারদের দায়িত্বের কথা তুলে ধরা হয়েছে। উদ্ধৃতিটি হলো, ‘প্রত্যেক হিব্রু মায়ের জানা উচিত, তিনি তার সন্তানদের ভাগ্য এমন কমান্ডারদের হাতে তুলে দিয়েছেন, যারা সেই দায়িত্ব পালনের যোগ্য।’
তবে আইজেনকোটের সতর্কবার্তা প্রত্যাখ্যান করেছে নেতানিয়াহুর কার্যালয়। তার চিঠিকে ‘দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ’ আখ্যা দিয়ে জাতীয় নিরাপত্তার বিষয়টিকে রাজনীতিকরণের অভিযোগ তুলেছে তারা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের নেওয়া সব সিদ্ধান্ত কেবল নিরাপত্তা-সংক্রান্ত বিবেচনার ভিত্তিতে এবং নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে পূর্ণ সমন্বয়ের মাধ্যমে গ্রহণ করা হয়েছে। এসব সিদ্ধান্ত ইসরাইল রাষ্ট্রের জন্য নজিরবিহীন সাফল্য এনে দিয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
বিবৃতিতে আরও বলা হয়, ভয় ও বিভেদ ছড়ানোর পরিবর্তে দায়িত্বশীল আচরণ করা উচিত। আইজেনকোটের চিঠি একটি দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ। এতে সংবেদনশীল নিরাপত্তার বিষয়গুলো প্রকাশ্যে আলোচনা করা হয়েছে। এটি ইসরাইলের জাতীয় নিরাপত্তার বিষয়গুলোকে রাজনীতিকরণের একটি সুস্পষ্ট প্রচেষ্টা।
বিবৃতিতে নেতানিয়াহু আবারও আইজেনকোটকে তার নেতৃত্বাধীন জাতীয় ঐক্যের সরকারে যোগ দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে প্রধানমন্ত্রী যেসব দলকে সন্ত্রাসবাদের সমর্থক বলে আখ্যা দিয়েছেন, সেসব দলকে নিয়ে জোট সরকার গঠনের চেষ্টা করার অভিযোগও তোলেন তিনি। বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসবাদের সমর্থকদের নিয়ে সরকার গঠনের চেষ্টা না করে প্রধানমন্ত্রী নেতানিয়াহু আবারও গাদি আইজেনকোটকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইরত একটি সরকারে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছেন।
আরও পড়ুন
এর জবাবে দ্বিতীয় আরেকটি চিঠি পাঠান আইজেনকোট। এতে নিরাপত্তাবিষয়ক ব্রিফিং দিতে নেতানিয়াহুর অস্বীকৃতি নিয়ে প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি সংসদীয় নজরদারিতে বাধা দেওয়ার অভিযোগ করেন। আইজেনকোট লেখেন, যদি বিষয়টি এমনই হয়, তা হলে প্রচলিত সরকারি প্রক্রিয়া অনুসরণ করে আমার চাওয়া একটি সামরিক কার্যক্রমবিষয়ক ব্রিফিং দিতে আপনি অস্বীকৃতি জানালেন কেন? আগামী সপ্তাহের আগে নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষাবিষয়ক কমিটির বৈঠক আয়োজন করতে বিলম্ব করার চেষ্টা করছেন কেন?
তিনি আরও লেখেন, সংসদের আস্থা হারানো একটি সরকারের ওপর নজরদারির ক্ষেত্রে কোনো শূন্যতা তৈরি হতে দেব না। নিরাপত্তা-সংক্রান্ত বিবেচনার সামান্যতম বিচ্যুতিও মেনে নেব না। এটাই আমার অঙ্গীকার। ২৬তম নেসেটের সদস্যদের শপথ গ্রহণ এবং বিরোধী জোটের প্রথম সংসদীয় বিজয়ের পর আইজেনকোটের প্রথম চিঠিটি আসে। ওই ভোটে ইয়াশার পার্টির আইনপ্রণেতা রয় ফকসম্যানের নেতৃত্বাধীন নেসেটের কার্যক্রমবিষয়ক কমিটির সদস্যদের অনুমোদন দেওয়া হয়।
প্রস্তাবটির পক্ষে ভোট পড়ে ৬৩টি এবং বিপক্ষে ৫০টি। আরব দলগুলোর সমর্থনে প্রস্তাবটি পাস হয়। এদিকে এর আগের দিন নেসেটে দেওয়া বিতর্কিত ভাষণের পরও নেতানিয়াহু তার নেতৃত্বে জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান অব্যাহত রেখেছেন। বুধবার আইনপ্রণেতাদের উদ্দেশে নেতানিয়াহু বলেন, পরীক্ষার মুহূর্তে কীভাবে ঐক্যবদ্ধ হতে হয়, এ জাতি তা জানে। এখন এটাই সময়ের দাবি এবং জনগণের সংখ্যাগরিষ্ঠ অংশও এটাই চায়।
সময়ের আলো/প্রিন্ট/জেডি