ছবি : সংগৃহীত যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির ব্যস্ত সড়কে বন্দুকধারীর গুলিতে অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজন নিহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। হামলার পর সন্দেহভাজন বন্দুকধারী একটি ভবনের ভেতরে অবস্থান নিয়েছে। তাকে আটক করতে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টা ২৩ মিনিটে লোগান সার্কেলের কাছে ১৫তম স্ট্রিট এনডব্লিউ ও পি স্ট্রিটের সংযোগস্থলে এ ঘটনা ঘটে। স্থানীয় সময় তখন ছিল কর্মব্যস্ত সকাল।
আল জাজিরার প্রতিবেদক জন হলম্যান ঘটনাস্থল থেকে জানান, সন্দেহভাজনকে আটক করতে পুলিশ, এফবিআই ও সিক্রেট সার্ভিসসহ স্থানীয় ও কেন্দ্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে। কর্তৃপক্ষের দেওয়া বর্ণনা অনুযায়ী, সন্দেহভাজন ব্যক্তি শ্বেতাঙ্গ পুরুষ এবং তার পরনে ধূসর রঙের শার্ট।
প্রত্যক্ষদর্শী জেমস স্পেলম্যান বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান, ঘটনার সময় তিনি একটি জিমে ছিলেন। সেখানে প্রায় ৫০ জন মানুষ ছিলেন। হঠাৎ গুলির শব্দ শুনে তিনি দেখতে পান, এক ব্যক্তি মেঝেতে পড়ে গেছেন এবং তার চারপাশে রক্ত জমে গেছে।
স্পেলম্যান বলেন, ‘কয়েক সেকেন্ডের মধ্যেই এক ব্যক্তি মাটিতে পড়ে যান। তার চারপাশে রক্ত ছড়িয়ে পড়ে। জিমের একজন সদস্য তাকে সাহায্য করতে ছুটে যান। কিন্তু তিনি সঙ্গে সঙ্গেই মারা যান। তার ঘাড়ে গুলি লেগেছিল।’
তিনি আরও জানান, এরপর তিনি ও জিমের অন্য সদস্যরা সেখান থেকে বেরিয়ে যান। বাইরে ১৫তম স্ট্রিটের দিকেও গুলির শব্দ শুনতে পান। তার ভাষ্য অনুযায়ী, জিমের ভেতরে প্রায় দুটি এবং বাইরে পাঁচ থেকে ছয়টি গুলির শব্দ শোনা যায়।
হোয়াইট হাউস থেকে প্রায় এক মাইল দূরে এ হামলার ঘটনা ঘটে। হামলার পর আশপাশের স্কুলগুলোতে লকডাউন জারি করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর পর কর্তৃপক্ষ এলাকাবাসীকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেয়।
নির্দেশনায় বলা হয়, ‘নিকটবর্তী কোনো ভবনের ভেতরে প্রবেশ করুন, জানালা থেকে দূরে থাকুন এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঘরের ভেতর অবস্থান করুন।’
আহতদের শারীরিক অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এর আগে গত বছরের নভেম্বরে ১৭তম ও আই স্ট্রিট এনডব্লিউ এলাকায় দায়িত্ব পালনকালে এক বন্দুকধারীর গুলিতে ন্যাশনাল গার্ডের এক সদস্য নিহত হন। আহত হন আরেক সদস্য। এ ছাড়া অক্টোবরে ওয়াশিংটনের দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্দুকযুদ্ধের সময় ন্যাশনাল গার্ডের আরেক সদস্য গুলিবিদ্ধ হন।
সময়ের আলো/জেডি