প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৭:১৪ পিএম
মাসুদ পেজেশকিয়ান। ছবি : সংগৃহীত চাপ ও নিষেধাজ্ঞার কাছে ইরান মাথা নত করবে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, নিজস্ব সক্ষমতার ওপর নির্ভর করেই ইরান অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠবে। শত্রুরা দেশটিকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করতে পারবে না।
তুরস্কে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু সম্মেলনের ফাঁকে ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের তথ্য অনুযায়ী, ইরাকি কুর্দিস্তান অঞ্চলের প্রেসিডেন্ট নেচিরভান বারজানির সঙ্গে বৈঠকে এসব কথা বলেন পেজেশকিয়ান।
তিনি বলেন, ইরানের ওপর চাপ, নিষেধাজ্ঞা এবং নানা ক্ষয়ক্ষতি দেশটির মানুষের মনোবল দুর্বল করতে পারেনি। ইরানের ভালো বন্ধু ও প্রতিবেশী রয়েছে। ইরাকি কুর্দিস্তানের জনগণও তাদের অন্যতম। তাই শত্রুরা চাইলেও ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করতে পারবে না।
পেজেশকিয়ানের অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের পথ সীমিত করে ইরানের মানুষের জীবিকা ও অর্থনীতিকে লক্ষ্যবস্তু করছে শত্রুরা। এমনকি খাদ্য ও ওষুধ সরবরাহের পথ বন্ধ করতে তারা অঞ্চলের বিভিন্ন দেশের ওপর চাপ সৃষ্টি করেছে।
তিনি বলেন, কিছু দেশের নেতাদের মতো ইরানের নেতৃত্ব কিংবা জনগণ—কেউই ভয়ভীতি ও চাপের কাছে আত্মসমর্পণ করবে না।
বৈঠকে ইরানি প্রেসিডেন্ট কুর্দিস্তান অঞ্চলের সঙ্গে সব ক্ষেত্রে, বিশেষ করে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের আহ্বান জানান। জবাবে বারজানি বলেন, ইরানের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণে কুর্দিস্তান অঞ্চল প্রস্তুত রয়েছে।
সময়ের আলো/জেডি