ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান রাকাবুমিং রাকা । ছবি : সংগৃহীতউচ্চমাধ্যমিকের সনদ নিয়ে বিতর্কের মুখে পদত্যাগ করেছেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান রাকাবুমিং রাকা। অর্থনীতি, দুর্নীতি এবং দাবানলের মতো বিষয়গুলো নিয়ে ব্যাপক অসন্তোষে থাকার পর এই ঘটনা নতুন করে চাপ তৈরি করেছে দেশটির সরকারের ওপর।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দেশটির পার্লামেন্টের প্রধান এ তথ্য জানিয়েছেন। তিনি সাংবাদিকদের জানান, জিবরান রাকাবুমিন রাকা প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ানতো এবং পার্লামেন্টের কাছে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন। তিনি সাবেক প্রেসিডেন্ট জোকো উইদোদোর জ্যেষ্ঠ পুত্র। জোকো উইদোদো ছিলেন প্রাবোও-র আগের প্রেসিডেন্ট।
৩৯ বছর বয়সী জিবরান পাঁচ বছরের মেয়াদের মধ্যে দুই বছর দায়িত্ব পালনের পর পদ ছাড়লেন। সাম্প্রতিক কয়েকটি আদালতের রায়ে তার শিক্ষাগত যোগ্যতার নথি নিয়ে প্রশ্ন ওঠার পর থেকেই তার নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতা নিয়ে বিতর্ক চলছিল।
পদত্যাগের কয়েক ঘণ্টা পর প্রেসিডেন্সিয়াল প্যালেসে জিবরানের পাশে দাঁড়িয়ে এক সংবাদ সম্মেলনে প্রাবোউ বলেন, তিনি ভারাক্রান্ত হৃদয়ে এই পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
এদিকে, পদত্যাগের পর নিজের শহর সলো থেকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উইদোদো বলেন, ‘সরকারি পদে রাজনৈতিক গতিশীলতা সবসময়ই থাকবে, এটাই স্বাভাবিক।’ তিনি আরও জানান, তিনি তার ছেলেকে মনে করিয়ে দিয়েছেন যে রাজনৈতিক পদ সাময়িক।ডই
অন্যদিকে, ইন্দোনেশিয়ার সংবিধান অনুযায়ী, ভাইস প্রেসিডেন্টের পদ শূন্য হলে নতুন করে কোনো নির্বাচনের প্রয়োজন হয় না। প্রেসিডেন্ট কর্তৃক মনোনীত দুজন প্রার্থীর মধ্য থেকে ‘পিপলস কনসালটেটিভ অ্যাসেম্বলি’ (গণ পরামর্শক সভা) পরবর্তী ভাইস প্রেসিডেন্ট নির্বাচন না করা পর্যন্ত এই পদটি শূন্যই থাকে; আর এই নির্বাচন প্রক্রিয়াটি ৬০ দিনের মধ্যে সম্পন্ন করতে হয়।
গত মঙ্গলবার প্রেসিডেন্টের সঙ্গে এক বৈঠকে জিবরান পদত্যাগ করার প্রস্তাব দেন। তিনি বলেছিলেন, দীর্ঘস্থায়ী রাজনৈতিক বিতর্ক এড়াতে চান তিনি।
প্রসঙ্গত, গত মাসে ইন্দোনেশিয়ার সাংবিধানিক আদালত ও সুপ্রিম কোর্ট রায় দেন, বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিষয়ে জিবরানের জমা দেয়া নথিপত্র নির্বাচনের শর্তাবলি পূরণ করেনি। সমালোচকদের অভিযোগ, জিবরান উচ্চমাধ্যমিকের (হাইস্কুল) সনদ অর্জন করেননি।
তবে নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে ওঠা প্রশ্নের জবাবে বরাবরই আত্মপক্ষ সমর্থন করেছেন জিবরান। তিনি বলেন, আমি যদি উচ্চমাধ্যমিক পাস না করতাম, তাহলে নিশ্চয়ই কলেজে পড়তে পারতাম না। আমি সিঙ্গাপুরে স্নাতক পর্যন্ত পড়াশোনা করেছি।’
সময়ের আলো/এসকে