যুক্তরাজ্যে মুসলিম শিক্ষার্থীদের জন্য বিকল্প শিক্ষাঋণ চালু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাজ্যে উচ্চশিক্ষায় আগ্রহী মুসলিম শিক্ষার্থীদের জন্য প্রচলিত সুদভিত্তিক শিক্ষাঋণের বিকল্প ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে দেশটির ছয়টি বিশ্ববিদ্যালয়। ‘অল্টারনেটিভ স্টুডেন্ট ফাইন্যান্স’

2026-11-12T14:14:12+00:00
2026-11-12T14:14:12+00:00
 
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরাজ্যে মুসলিম শিক্ষার্থীদের জন্য বিকল্প শিক্ষাঋণ চালু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২:১৪ পিএম 
ছবি : সংগৃহীত
যুক্তরাজ্যে উচ্চশিক্ষায় আগ্রহী মুসলিম শিক্ষার্থীদের জন্য প্রচলিত সুদভিত্তিক শিক্ষাঋণের বিকল্প ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে দেশটির ছয়টি বিশ্ববিদ্যালয়। ‘অল্টারনেটিভ স্টুডেন্ট ফাইন্যান্স’ (এএসএফ) নামের এ অর্থায়নব্যবস্থা ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে চালু হতে পারে। তবে নতুন ব্যবস্থাটি ইসলামী শরিয়ত অনুযায়ী প্রকৃত অর্থে সুদমুক্ত কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এখন পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত শরিয়াহ সনদও পাওয়া যায়নি।

বুধবার (১১ নভেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আন্তর্জাতিক ইসলামি সংবাদমাধ্যম দ্য ইসলামিক ইনফরমেশন।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাজ্যের ছয়টি বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে আবেদনকারী শিক্ষার্থীদের এ বিকল্প অর্থায়নব্যবস্থা সম্পর্কে তথ্য দিতে শুরু করেছে। তবে দেশটির শিক্ষা বিভাগ (ডিএফই) এখনো এটি চালুর নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি।

ইসলামী বিধান অনুযায়ী সুদের লেনদেন নিষিদ্ধ। এ কারণে প্রচলিত সুদভিত্তিক শিক্ষাঋণ নিতে অনেক মুসলিম শিক্ষার্থী দ্বিধায় থাকেন। তাদের উচ্চশিক্ষার সুযোগ সহজ করতেই বিকল্প এ অর্থায়নব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। তবে এ ঋণের জন্য শুধু মুসলিম নয়, যেকোনো ধর্মের শিক্ষার্থী আবেদন করতে পারবেন।

যেভাবে কাজ করবে বিকল্প ঋণব্যবস্থা

দ্য ইসলামিক ইনফরমেশনের প্রতিবেদনে বলা হয়েছে, প্রচলিত শিক্ষাঋণের মতো এ ব্যবস্থাতেও পড়াশোনা শেষে নির্ধারিত কিস্তিতে অর্থ পরিশোধ করতে হবে। তবে প্রচলিত ঋণের সুদের পরিবর্তে এখানে সুদের সমপরিমাণ একটি ‘অবদান’ দেওয়ার নিয়ম রাখা হয়েছে।

তবে এই অবদানও সুদের অন্তর্ভুক্ত বলে মনে করেন নদওয়াহ ফিকহ একাডেমির পরিচালক মুফতি আবু সাইদ। তার মতে, এ কারণে ব্যবস্থাটিকে সুদমুক্ত ঋণ হিসেবে বিবেচনা করা যাবে না।

এ ব্যবস্থায় শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অর্থ সরকারি রাজকোষ বা ট্রেজারিতে জমা হবে না। বরং ‘অল্টারনেটিভ স্টুডেন্ট ফাইন্যান্স’ স্কিমের জন্য গঠিত বিশেষ তহবিলে রাখা হবে। পরবর্তী সময়ে সেই অর্থ অন্য শিক্ষার্থীদের ঋণ দিতে ব্যবহার করা হবে। তবে কোনো শিক্ষার্থী ঋণের অর্থ পরিশোধে ব্যর্থ হলে সেই দায়ভার বহন করবে যুক্তরাজ্যের করদাতারা।

বিকল্প এ ঋণব্যবস্থার নকশা ও কাঠামো তৈরির জন্য যুক্তরাজ্য সরকার ‘ইসলামিক ফাইন্যান্স কাউন্সিল ইউকে’কে ৩ লাখ ৬৫ হাজার পাউন্ডের বেশি অর্থ দিয়েছে।

যে ছয় বিশ্ববিদ্যালয় প্রচার করছে

বর্তমানে যুক্তরাজ্যের ছয়টি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে এ বিকল্প ঋণব্যবস্থা সম্পর্কে তথ্য প্রচার করছে। বিশ্ববিদ্যালয়গুলো হলো—ব্রিস্টল বিশ্ববিদ্যালয়, লিডস বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল), সিটি সেন্ট জর্জ, নিউক্যাসেল বিশ্ববিদ্যালয় এবং ডি মন্টফোর্ট বিশ্ববিদ্যালয়।

এর মধ্যে ব্রিস্টল বিশ্ববিদ্যালয় তাদের প্রকাশিত তথ্যে এ ব্যবস্থাকে ‘যুক্তরাজ্য সরকারের সুদমুক্ত ঋণ’ হিসেবে উল্লেখ করেছে। ইউসিএল ও সিটি সেন্ট জর্জ বিশ্ববিদ্যালয়ও জানিয়েছে, এ ঋণব্যবস্থা সুদভিত্তিক হবে না।


উদ্যোগ নিয়ে রাজনৈতিক বিতর্ক

বিকল্প শিক্ষাঋণ চালুর উদ্যোগ নিয়ে যুক্তরাজ্যের রাজনীতিতে বিতর্ক তৈরি হয়েছে। দেশটির রাজনৈতিক দল রিফর্ম ইউকের শিক্ষা বিষয়ক মুখপাত্র সুয়েলা ব্রাভারম্যান এ উদ্যোগের সমালোচনা করেছেন। তিনি একে ‘একটি চরম অ্যান্টি-ব্রিটিশ উদ্যোগ’ আখ্যা দিয়ে দাবি করেছেন, এটি শিক্ষাব্যবস্থায় বৈষম্য তৈরি করবে এবং সমাজকে বিভক্ত করবে।

তবে শিক্ষা বিভাগের এক মুখপাত্র এ সমালোচনা প্রত্যাখ্যান করেছেন। তার ভাষ্য, বিকল্প শিক্ষাঋণের মাধ্যমে মুসলিম শিক্ষার্থীদের বিশেষ কোনো সুবিধা দেওয়া হচ্ছে—এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। প্রচলিত শিক্ষাঋণের মতো এ ঋণও স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীদের পুরোপুরি পরিশোধ করতে হবে।

প্রচলিত ঋণ নিয়ে মুসলিম শিক্ষার্থীদের দ্বিধা

যুক্তরাজ্যে প্রচলিত সুদভিত্তিক শিক্ষাঋণের কারণে অনেক মুসলিম শিক্ষার্থী উচ্চশিক্ষায় অংশ নেওয়ার ক্ষেত্রে দ্বিধায় থাকেন। ২০২১ সালের ‘মুসলিম সেন্সাস’-এর আওতায় প্রায় ৩৯ হাজার ব্রিটিশ মুসলিমের ওপর পরিচালিত এক জরিপে দেখা গেছে, প্রায় ৮০ শতাংশ শিক্ষার্থী প্রচলিত শিক্ষাঋণের সুদব্যবস্থার কারণে দ্বিধাগ্রস্ত বোধ করেন।

বিকল্প এ অর্থায়নব্যবস্থা চালু হলে সুদের কারণে প্রচলিত শিক্ষাঋণ নিতে অনাগ্রহী মুসলিম তরুণদের উচ্চশিক্ষার সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে। তবে ব্যবস্থাটি শরিয়াহসম্মত কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ও সনদ না আসা পর্যন্ত এ নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   যুক্তরাজ্য  মুসলিম  শিক্ষার্থী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: