ইরানি পারমাণবিক উপাদানের এক কণাও দেশের বাইরে যাবে না : রেজায়ি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সমৃদ্ধ পারমাণবিক উপাদানের এক কণাও দেশের বাইরে পাঠানো হবে না বলে স্পষ্ট জানিয়েছেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজায়ি। একই

2026-11-11T23:03:42+00:00
2026-11-11T23:03:42+00:00
 
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইরানি পারমাণবিক উপাদানের এক কণাও দেশের বাইরে যাবে না : রেজায়ি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১১:০৩ পিএম 
ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজায়ি। সংগৃহীত ছবি
সমৃদ্ধ পারমাণবিক উপাদানের এক কণাও দেশের বাইরে পাঠানো হবে না বলে স্পষ্ট জানিয়েছেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজায়ি। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, ইরানে নতুন করে হামলা হলে যুক্তরাষ্ট্রের দূরবর্তী সামরিক ঘাঁটিগুলোও নিশানা করা হবে।

লেবাননের আল মায়াদিন টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন রেজায়ি। ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে কিছুটা নমনীয়তা দেখা গেছে। মার্কিন কর্মকর্তারাও ইরানে নতুন করে বড় ধরনের সামরিক অভিযানের প্রয়োজন নেই বলে মন্তব্য করছেন। তবে রেজায়ি জানিয়েছেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে এখন কোনো আলোচনা বা সমঝোতা বৈঠক চলছে না।

সমৃদ্ধ পারমাণবিক উপাদানের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে রেজায়ি বলেন, ‘পারমাণবিক শক্তিতে চালিত জাহাজ ও সাবমেরিনের নকশা তৈরির জন্য আমাদের এই সমৃদ্ধ উপাদান প্রয়োজন।’

বিষয়টি মস্কোকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সমৃদ্ধ পারমাণবিক উপাদান ইরানেই থাকবে এবং দেশটি নিজের প্রয়োজনে তা ব্যবহার করবে। যুক্তরাষ্ট্রের উদ্বেগ কমাতে এর আগে রাশিয়া ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছিল। তবে মস্কো জানিয়েছিল, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তেহরান।


অস্ত্র তৈরির কাছাকাছি মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানো যাবে না—এমন নির্দেশনা ইরানের সর্বোচ্চ নেতা আগেই দিয়েছিলেন বলে গত মে মাসে দেশটির শীর্ষ পর্যায়ের দুটি সূত্র নিশ্চিত করেছিল।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) হিসাব অনুযায়ী, ২০২৫ সালের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার সময় দেশটির কাছে ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ৪৪০ দশমিক ৯ কেজি ইউরেনিয়াম ছিল। বেসামরিক ব্যবহারের জন্য প্রয়োজনীয় মাত্রার তুলনায় এই সমৃদ্ধির হার অনেক বেশি। তবে ওই হামলার পর মজুতের কতটা অবশিষ্ট রয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

যুক্তরাষ্ট্র, ইসরায়েলসহ পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টার অভিযোগ করে আসছে। তবে তেহরান বরাবরই এ অভিযোগ অস্বীকার করেছে। অন্যদিকে, যুদ্ধ অবসানের যেকোনো প্রাথমিক আলোচনায় পারমাণবিক ইস্যু অন্তর্ভুক্ত করার ওপর জোর দিয়েছে ওয়াশিংটন।

এ বিষয়ে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, কাতারের মধ্যস্থতায় ওয়াশিংটনের কাছে একটি পারমাণবিক রূপরেখা পাঠিয়েছে তেহরান। তবে ইরানের দেওয়া সাত দফা শর্ত যুক্তরাষ্ট্র পূরণ করলেই কেবল ওই প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে। 

সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   রেজায়ি  ইরান  পারমাণবিক উপাদান 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: