এ ধরনের চিপ চীনে পাঠাতে বিশেষ অনুমোদন প্রয়োজন। ছবি : রয়টার্স যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞার তালিকায় থাকা চীনের একটি বিশ্ববিদ্যালয় গত মাসে এনভিডিয়ার শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ এইচ২০০ কিনেছে। চীনা সরবরাহকারীদের কাছ থেকে এসব চিপ কেনা হয়েছে। এতে উন্নত প্রযুক্তির চিপে চীনের প্রবেশাধিকার সীমিত করতে ওয়াশিংটনের রফতানি নিয়ন্ত্রণের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।
বুধবার (১১ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চীনের নর্থওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটি গত ২১ অক্টোবর প্রকাশিত একটি ক্রয়াদেশের মাধ্যমে দুটি এইচ২০০ চিপ কিনেছে। এর জন্য বিশ্ববিদ্যালয়টি ব্যয় করেছে ৮ লাখ ৭৪ হাজার ৭০০ ইউয়ান, যা প্রায় ১ লাখ ২৩ হাজার মার্কিন ডলারের সমান।
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর শিয়ানে অবস্থিত বিশ্ববিদ্যালয়টি দেশটির প্রতিরক্ষা খাতের সঙ্গে ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্ট। এটি চীনের ‘সেভেন সন্স অব ন্যাশনাল ডিফেন্স’ নামে পরিচিত সাতটি বিশ্ববিদ্যালয়ের একটি। এসব বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে প্রতিরক্ষাসংশ্লিষ্ট গবেষণায় যুক্ত থাকার অভিযোগ রয়েছে।
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা বিশ্ববিদ্যালয়টি সরাসরি এনভিডিয়ার কাছ থেকে চিপ কেনেনি। ক্রয়সংক্রান্ত নথি অনুযায়ী, শানসি বোসুয়ান নেটওয়ার্ক টেকনোলজি নামের একটি চীনা প্রতিষ্ঠানের কাছ থেকে চিপ দুটি কেনা হয়েছে।
এইচ২০০ এনভিডিয়ার সবচেয়ে শক্তিশালী এআই প্রসেসরগুলোর একটি। উন্নত এআই ব্যবস্থা তৈরি ও পরিচালনায় এটি ব্যবহৃত হয়। যুক্তরাষ্ট্রের রফতানি নীতিমালা অনুযায়ী, এ ধরনের চিপ চীনে পাঠাতে বিশেষ অনুমোদন প্রয়োজন। তবে নর্থওয়েস্টার্ন পলিটেকনিক্যালের মতো নিষেধাজ্ঞার তালিকাভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে সাধারণত এ অনুমোদন দেওয়া হয় না।
রয়টার্স জানিয়েছে, চলতি বছর বিশ্ববিদ্যালয়টি চীনা প্রতিষ্ঠানের কাছ থেকে কম্পিউটিং সক্ষমতা ভাড়া নেওয়ার পাঁচটি চুক্তিও করেছে। এসব চুক্তির মাধ্যমে এইচ২০০সহ এনভিডিয়ার অন্যান্য শক্তিশালী এআই চিপ ব্যবহারের সুযোগ পেয়েছে তারা।
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় বিশ্ববিদ্যালয়টি
২০০১ সালে ক্ষেপণাস্ত্র বিস্তার ও সামরিক গবেষণায় সংশ্লিষ্টতার অভিযোগে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয়টিকে বাণিজ্য নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করে। ২০১৯ সালে নিষেধাজ্ঞা আরও কঠোর করা হয়। এর ফলে বিশ্ববিদ্যালয়টিতে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রিত প্রযুক্তি রফতানির অনুমোদন সাধারণত প্রত্যাখ্যান করার নীতি কার্যকর হয়।
বিশ্ববিদ্যালয়টি সামরিক উড়োজাহাজ, ক্ষেপণাস্ত্র ও স্যাটেলাইট নিয়ে গবেষণা করে। রয়টার্সের পর্যালোচনা করা চলতি বছরের ২৬টি চীনা ক্রয় ও করপোরেট নথিতে দেখা গেছে, দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান স্থানীয় সরবরাহকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতাভুক্ত এনভিডিয়ার চিপ কিনছে। পাশাপাশি এসব চিপযুক্ত সার্ভার ব্যবহারের সক্ষমতাও ভাড়া নিচ্ছে। এসব প্রতিষ্ঠানের কয়েকটির সঙ্গে চীনের প্রতিরক্ষা শিল্প ও সামরিক গবেষণার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
নথি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়টির সাইবার নিরাপত্তা বিভাগ জানুয়ারিতে দুটি সাত মাসের চুক্তি করে। প্রতিটি চুক্তিতে আটটি করে এইচ২০০ চিপযুক্ত সার্ভার ব্যবহারের সুযোগ রাখা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল উন্নত করা এবং রিইনফোর্সমেন্ট লার্নিং প্রশিক্ষণে এসব সার্ভার ব্যবহারের জন্য চুক্তি দুটির মূল্য ছিল যথাক্রমে ৪ লাখ ৪১ হাজার ৭০০ ও ৪ লাখ ৪১ হাজার ইউয়ান।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়টি আটটি এনভিডিয়া এ১০০ এবং আটটি এ৮০০ চিপযুক্ত সার্ভার ব্যবহারের সুযোগও ভাড়া নিয়েছে। এইচ২০০-এর পাশাপাশি এ১০০ ও এ৮০০ চিপও চীনে রপ্তানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।
অন্য বিশ্ববিদ্যালয়েও নিষিদ্ধ চিপের ব্যবহার
রয়টার্সের অনুসন্ধানে চীনের আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ এনভিডিয়া চিপ কেনা ও ব্যবহারের তথ্য পাওয়া গেছে।
এর মধ্যে শেনজেন বিশ্ববিদ্যালয় সেপ্টেম্বরে তিনটি এইচ১০০ প্রসেসর কিনেছে ৭ লাখ ৬৯ হাজার ৮০০ ইউয়ানে। উহান ইউনিভার্সিটি অব টেকনোলজি জুনে একটি এইচ১০০ চিপযুক্ত সার্ভার কেনে ৩ লাখ ৫৫ হাজার ইউয়ানে। একই বিশ্ববিদ্যালয় পৃথক আরেকটি ক্রয়ে চারটি এ১০০ চিপ কেনে ৩ লাখ ৪৪ হাজার ইউয়ানে।
প্রতিরক্ষা খাতের সঙ্গে সংশ্লিষ্ট আরেক প্রতিষ্ঠান বেইহাং বিশ্ববিদ্যালয় এপ্রিলে চারটি এ৮০০ প্রসেসর কিনেছে ৪ লাখ ৮৯ হাজার ইউয়ানে।
এ ছাড়া ইউনিভার্সিটি অব চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের জন্য এনভিডিয়ার এইচ৮০০ ও এ৮০০ চিপ ব্যবহার করে কম্পিউটিং সেবা দেওয়ার একাধিক সরকারি ক্রয়াদেশের তথ্যও পাওয়া গেছে। এর একটি ক্রয়াদেশে প্রতি চিপ ব্যবহারের ঘণ্টাপ্রতি মূল্য ১০ ইউয়ান নির্ধারণ করা হয়েছিল।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জানুয়ারিতে নির্দিষ্ট শর্তে চীনে কিছু এইচ২০০ চিপ রপ্তানির অনুমতি দেওয়া শুরু করে। তবে ওই নীতিতে নিষেধাজ্ঞার তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর ওপর আগে থেকে থাকা বিধিনিষেধ প্রত্যাহার করা হয়নি।
এদিকে চীনে এনভিডিয়ার চিপ বিক্রির ওপর নিষেধাজ্ঞা শিথিলের পক্ষে দীর্ঘদিন ধরে যুক্তি দিয়ে আসছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং। তার দাবি, চীনে বিক্রি অব্যাহত থাকলে মার্কিন প্রযুক্তির ওপর দেশটির নির্ভরতা বজায় থাকবে এবং বৈশ্বিক প্রযুক্তি খাতে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব শক্তিশালী হবে।
তবে মার্কিন আইনপ্রণেতাদের একাংশের আশঙ্কা, এনভিডিয়ার উন্নত চিপ চীনের হাতে পৌঁছালে অস্ত্রের নকশা, গোয়েন্দা বিশ্লেষণ ও সামরিক আধুনিকায়নে দেশটির সক্ষমতা বাড়তে পারে। এ কারণে চীনে উন্নত এআই চিপের প্রবেশাধিকার নিয়ন্ত্রণে আরও কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন কংগ্রেসের ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের সদস্যরা।
সময়ের আলো/ইউএমএইচ