দেইর আল-বালাহর আরদ আল-রিবাত শরণার্থীশিবিরে বাস্তুচ্যুতদের তাঁবুর ওপর দুই দিন আগে বালুর বাঁধ ধসে পড়ে। এতে তিন শিশুসহ চারজন নিহত হন। ছবি : আল জাজিরা গাজায় শীতের প্রথম ভারী বৃষ্টিতেই নেমে এসেছে ভয়াবহ বিপর্যয়। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবু ও যুদ্ধবিধ্বস্ত এলাকার বিভিন্ন শহর। কোথাও তাঁবুর ভেতর পানি জমেছে, কোথাও উপচে পড়েছে পয়োনিষ্কাশনের ময়লা পানি। এরই মধ্যে দেইর আল-বালাহ এলাকায় বৃষ্টির চাপে বালুর বাঁধ ধসে চাপা পড়েছে কয়েকটি তাঁবু। প্রাণ হারিয়েছে চারজন, যাদের মধ্যে রয়েছে তিন শিশু।
উদ্ধারকাজে ছিল না প্রয়োজনীয় যন্ত্রপাতি। ফলে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষদের উদ্ধারে বাসিন্দাদের হাত দিয়েই বালু সরাতে হয়েছে। অন্ধকার নেমে এলে মোবাইল ফোনের আলো জ্বালিয়ে স্বজনদের খুঁজেছেন তারা। কিন্তু সবার কাছে পৌঁছানো সম্ভব হয়নি।
রোববার সন্ধ্যায় মধ্য গাজার দেইর আল-বালাহর আরদ আল-রিবাত বাস্তুচ্যুত শিবিরে এ ঘটনা ঘটে। সেখানে নিজের তাঁবুতে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন ৫৮ বছর বয়সী জাহিরা আল-সাহার। তার সঙ্গে ছিলেন ২৮ বছর বয়সী মেয়ে। হঠাৎ বালুর বাঁধ ধসে তাঁবুর ওপর পড়ে। মুহূর্তেই বালুর নিচে চাপা পড়েন মা-মেয়ে।
আল-জাজিরাকে জাহিরা বলেন, ‘আমি বিছানায় শুয়ে ছিলাম। হঠাৎ কিছু একটা আমাকে ধাক্কা দিয়ে ওপর থেকে পড়ে। বালু আমার গলা পর্যন্ত উঠে গিয়েছিল। আমার মেয়ে পাশে ছিল, সে প্রায় পুরোপুরি চাপা পড়ে যায়।’
তাদের ছেলেরা ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। জাহিরা বলেন, ‘আমি তাদের বলেছিলাম, আগে তোমাদের বোনকে বের করো, তারপর আমার কাছে এসো। তারা প্রথমে বোনকে বের করে, পরে আমাকে উদ্ধার করে।’
কিন্তু পাশের তাঁবুতে থাকা আল-নাবহান পরিবারের ভাগ্য এতটা ভালো ছিল না। বালুর নিচে চাপা পড়েন পরিবারের সদস্যরা। বিপদ বুঝতে পেরে চিৎকার করে প্রতিবেশীদের ডাকতে থাকেন জাহিরা।
তিনি বলেন, ‘আমি সবাইকে চিৎকার করে বলছিলাম, আমাদের প্রতিবেশীরা চাপা পড়েছেন। তাদের বাঁচান, দয়া করে বাঁচান। আমরা বারবার চিৎকার করছিলাম— আমাদের প্রতিবেশীরা আর নেই।’
কিন্তু আল-নাবহান পরিবারের তাঁবু থেকে আর কোনো সাড়া পাওয়া যায়নি। প্রাণ হারায় আট বছর বয়সী সালাহ, তার ছয় বছর বয়সী বোন মরিয়ম এবং তাদের ৩৬ বছর বয়সী মা তাহরির। তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। পরিবারের একমাত্র জীবিত সদস্য বাবা আহমেদ আল-নাবহান। সম্প্রতি ইসরায়েলি বন্দিদশা থেকে মুক্তি পেয়েছিলেন তিনি।
প্রতিবেশী ৩২ বছর বয়সী সুহাইব আবু দারাবি উদ্ধারকাজে অংশ নিয়েছিলেন। তিনি বলেন, কারাগার থেকে আহমেদ মুক্তি পাওয়ার পর স্বামী-স্ত্রী দুজনই খুব খুশি ছিলেন। কয়েক মাসের মধ্যে পরিবারে নতুন সন্তান আসার অপেক্ষায় ছিলেন তারা।
আবু দারাবি জানান, বাঁধ ধসের শব্দটি বিস্ফোরণের মতো শোনায়। এরপর চারদিকে শুধু মানুষের চিৎকার শোনা যাচ্ছিল। কয়েক মিনিটের বৃষ্টিতেই অস্থিতিশীল মাটির ওপর থাকা বাঁধটি ধসে পড়ে। প্রতিবেশীরা ছুটে এসে দেখেন, দুটি তাঁবু পুরোপুরি বালু ও ধ্বংসাবশেষের নিচে চাপা পড়েছে।
তিনি বলেন, ‘আমরা যে যা পেয়েছি, তা দিয়েই বালু সরানোর চেষ্টা করেছি। কিছু ধ্বংসাবশেষ সরাতে পেরেছিলাম, কিন্তু নিচে চাপা পড়া মানুষদের বাঁচাতে পারিনি। প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় এই বিপর্যয় সামাল দেওয়া আমাদের পক্ষে সম্ভব ছিল না।’
বাঁধের নিচে চাপা পড়া তাঁবুগুলোই শুধু নয়, সেদিন রাতে আশপাশের অনেক তাঁবুও মাটিতে পড়ে যায়। বাসিন্দাদের নিজেদের থাকার জায়গা মেরামত করে আবারও সেখানে বসবাস শুরু করতে হয়েছে।
পাশের আল-জেইন পরিবারের তাঁবুতেও নেমে আসে শোক। চার বছর বয়সী হাবিবা মারা যায়। তার মা রিম ও ভাই ইব্রাহিম গুরুতর আহত হয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন।
বৃষ্টিতে বাড়ছে বাস্তুচ্যুতদের দুর্ভোগ
গত ৬ নভেম্বর শুরু হওয়া শীতের প্রথম বড় ঝড়েই গাজার বাস্তুচ্যুত মানুষের দুরবস্থা আরও স্পষ্ট হয়ে উঠেছে। ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর এটি গাজাবাসীর চতুর্থ শীত। দীর্ঘদিন ধরে যুদ্ধের কারণে ঘরবাড়ি হারানো লাখো মানুষ ছেঁড়া তাঁবু ও অস্থায়ী আশ্রয়ে দিন কাটাচ্ছেন। বৃষ্টি ও ঝড় থেকে এসব আশ্রয়ে সুরক্ষার ব্যবস্থা খুবই সামান্য।
জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ জানিয়েছে, ভারী বৃষ্টিতে গাজায় সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন ১ লাখ ৬ হাজার মানুষ। হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনির তাঁবু পানিতে ডুবে গেছে। শিবিরগুলোর পয়োনিষ্কাশন ব্যবস্থাও ভেঙে পড়েছে।
জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়বিষয়ক দপ্তরের (ওসিএইচএ) তথ্য অনুযায়ী, ৮ নভেম্বর পর্যন্ত ২৬ হাজারের বেশি পরিবার তাদের আশ্রয়কেন্দ্র বা প্রয়োজনীয় জিনিসপত্রের ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে। ঝড় আঘাত হানার সময় গাজার প্রায় ১৪ লাখ মানুষ—মোট জনসংখ্যার ৬৫ শতাংশ—তাঁবু কিংবা অস্থায়ী আশ্রয়ে বসবাস করছিলেন।
যুদ্ধের কারণে গাজার অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। পানি নিষ্কাশনের নালা-নর্দমা নষ্ট হয়ে গেছে, রাস্তাঘাট ও চলাচলের পথ বেহাল। বৃষ্টির পানি সরানো কিংবা জরুরি পরিস্থিতি মোকাবিলার মতো পর্যাপ্ত সরঞ্জামও পৌর কর্তৃপক্ষের হাতে নেই।
দেইর আল-বালাহর বালুর বাঁধ ধসের ঘটনাকে মানবিক বিপর্যয় হিসেবে বর্ণনা করেছে গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়। এ ঘটনার জন্য তারা ইসরায়েল, যুক্তরাষ্ট্র প্রশাসন ও আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়ী করেছে। তাদের অভিযোগ, গাজায় উপযুক্ত আশ্রয়কেন্দ্র, নির্মাণসামগ্রী, ভ্রাম্যমাণ ঘর, জ্বালানি ও যন্ত্রপাতির খুচরা যন্ত্রাংশ প্রবেশে বাধা দেওয়ার কারণে পরিস্থিতি আরও সংকটপূর্ণ হয়েছে।
এদিকে ‘বোর্ড অব পিস’ জানিয়েছে, অস্থায়ী আশ্রয়কেন্দ্র ও পানি নিষ্কাশনের সরঞ্জামসহ প্রয়োজনীয় সামগ্রী গাজায় প্রবেশের অনুমতি দিতে তারা ইসরায়েলকে আহ্বান জানিয়েছে। মানবিক সহায়তা সংস্থাগুলোও বারবার আশ্রয়কেন্দ্র মেরামতের উপকরণ ও প্রয়োজনীয় সরঞ্জাম প্রবেশের দাবি জানিয়ে আসছে।
‘আর কতভাবে মরতে হবে আমাদের’
উদ্ধারকাজে অংশ নেওয়া ২২ বছর বয়সী শাইমা আল-দাউর উত্তর গাজা থেকে বাস্তুচ্যুত হয়ে আরদ আল-রিবাত শিবিরে নার্স হিসেবে কাজ করেন। দুর্ঘটনার পর আহতদের বাঁচানোর চেষ্টা করেছিলেন তিনি।
শাইমা বলেন, ‘ধ্বংসস্তূপের নিচ থেকে একটি শিশুকে বের করার পর আমি তাকে বাঁচানোর চেষ্টা করি। কিন্তু তার শরীরের ভেতরে রক্তক্ষরণ হচ্ছিল। অনেক চেষ্টা করেও তাকে বাঁচাতে পারিনি।’
এরপর শ্বাসকষ্ট নিয়ে ১৫ বছর বয়সী আরেক কিশোরকে তার কাছে আনা হয়। শাইমা তার শ্বাসনালি সচল করার চেষ্টা করলে সে শ্বাস নিতে শুরু করে। কিন্তু তার নাড়ির স্পন্দন ছিল দুর্বল। কাছাকাছি কোনো অ্যাম্বুলেন্স না থাকায় তাকে হাসপাতালে নেওয়ার জন্য আশপাশের লোকজনের কাছে যানবাহন খুঁজতে বলেন তিনি।
শাইমা বলেন, ‘আমি চারপাশের পুরুষদের চিৎকার করে জিজ্ঞেস করছিলাম, কারও কাছে টুকটুক আছে? কোনো গাড়ি বা কিছু আছে, যাতে তাকে হাসপাতালে নেওয়া যায়? যা দেখেছি, তা সহ্য করার মতো নয়। আমার চোখের সামনে থাকা ছোট্ট শিশুটিকে বাঁচাতে পারিনি।’
তিনি বলেন, ‘আমাদের নিরাপদ আশ্রয় দরকার। এমন জমি দরকার, যেখানে মানুষ নিরাপদে থাকতে পারবে। আবার এমন কিছু ঘটলে যেন উদ্ধার করার মতো প্রয়োজনীয় সরঞ্জাম থাকে।’
সেদিনের ঘটনার ভয়াবহতা এখনো কাটিয়ে উঠতে পারেননি শাইমা। সামনে শীতের বাকি সময় কীভাবে কাটবে, তা নিয়েও আতঙ্কে আছেন তিনি।
কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমি এখনো সেদিনের ঘটনা ভুলতে পারছি না। গাজার মানুষকে আর কতভাবে মৃত্যুর মুখোমুখি হতে হবে? দয়া করে আমাদের প্রতি একটু সহানুভূতি দেখান। পৃথিবীর মানুষ, অন্তত আমাদের প্রতি একটু মমতা দেখান।’
সময়ের আলো/ইউএমএইচ