শান্তি আলোচনা চললেও হরমুজে ট্যাংকারে হামলা বাড়াচ্ছে ইরান, নেপথ্যে কী কৌশল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা চললেও হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরে তেলবাহী জাহাজে হামলা অব্যাহত রেখেছে ইরান। সাম্প্রতিক সময়ে

2026-11-11T21:19:56+00:00
2026-11-11T21:19:56+00:00
 
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
শান্তি আলোচনা চললেও হরমুজে ট্যাংকারে হামলা বাড়াচ্ছে ইরান, নেপথ্যে কী কৌশল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:১৯ পিএম 
ওমানের উপকূলে একটি তেলবাহী ট্যাংকারে আগুন জ্বলছে। ছবি : গালফ নিউজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা চললেও হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরে তেলবাহী জাহাজে হামলা অব্যাহত রেখেছে ইরান। সাম্প্রতিক সময়ে এসব হামলার মাত্রা বেড়ে যাওয়ায় তেহরানের কৌশল নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিশ্লেষকদের ধারণা, আন্তর্জাতিক জ্বালানি পরিবহনে চাপ সৃষ্টি করে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় নিজেদের অবস্থান শক্তিশালী করতে চাইছে ইরান।

মঙ্গলবার (১০ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জলসীমায় দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির (এডিএনওসি) সঙ্গে সংশ্লিষ্ট একটি জাহাজ হামলার শিকার হয়। এতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়।

একই দিন পারস্য উপসাগর দিয়ে যাওয়ার সময় লাইবেরিয়ার পতাকাবাহী তেলবাহী জাহাজ এমটি ফুজাইরাহ এনার্জিতে একটি বস্তু আঘাত হানে। এতে চার নাবিক আহত হন বলে জানান ভারতের বন্দর, নৌপরিবহন ও জলপথবিষয়ক মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। জাহাজটিতে ছয়জন ভারতীয় নাবিক ছিলেন। আহত একজনকে চিকিৎসার জন্য তীরে নেওয়া হয়।

এরপর বুধবার (১১ নভেম্বর) হরমুজ প্রণালিতে আরেকটি ট্যাংকার-সংশ্লিষ্ট ঘটনার খবর পায় যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)। এতে বাণিজ্যিক জাহাজ চলাচলে ঝুঁকি আরও বেড়েছে।

রয়টার্সের উদ্ধৃত পরিসংখ্যান অনুযায়ী, গত অক্টোবরে ৩৭টি জাহাজ হামলার শিকার হয়েছে, যা গত ফেব্রুয়ারিতে সংঘাত শুরুর পর এক মাসে সর্বোচ্চ। চলতি নভেম্বরের ১১ তারিখ পর্যন্ত আরও ১০টি হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে। আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) হিসাবে, অঞ্চলটিতে এ পর্যন্ত অন্তত ১৩০টি সামুদ্রিক নিরাপত্তা-সংক্রান্ত ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত ২৫ জন নাবিক নিহত হয়েছেন।

জাহাজে হামলার পেছনে কী কৌশল ইরানের?

ইরানের জাহাজে হামলা ও হরমুজ প্রণালিতে চলাচল নিয়ন্ত্রণের প্রচেষ্টাকে অর্থনৈতিক চাপ তৈরির কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।

গত ১৪ অক্টোবর প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে রয়টার্স জানায়, ইরানের জ্যেষ্ঠ দুই কর্মকর্তা জানিয়েছেন, বিশ্ববাজারে তেলের দাম উঁচু রাখতে এবং যুক্তরাষ্ট্রের জ্বালানি মূল্য কমানোর প্রচেষ্টা বাধাগ্রস্ত করতে জাহাজে হামলার কৌশল জোরদার করেছে তেহরান। ৩ নভেম্বর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনকে প্রভাবিত করাও এ কৌশলের একটি উদ্দেশ্য ছিল বলে জানিয়েছিলেন তারা।

ওই কর্মকর্তাদের দাবি, ইরানের সর্বোচ্চ পর্যায়ের নেতৃত্বের সমন্বয়ে এ কৌশল নেওয়া হয়েছিল। তবে যুক্তরাষ্ট্রের নির্বাচন শেষ হওয়ার পরও হামলা অব্যাহত থাকায় ধারণা করা হচ্ছে, সামুদ্রিক পথে চাপ সৃষ্টি এখনো ইরানের সংঘাতকৌশলের গুরুত্বপূর্ণ অংশ। যদিও বর্তমান হামলাগুলোর নির্দিষ্ট উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর বিধিনিষেধ আরোপের চেষ্টা করছে। তেহরানের দাবি, নির্ধারিত নৌপথের বাইরে চলাচলকারী জাহাজগুলো অননুমোদিত পথ ব্যবহার করছে।

রোববার অননুমোদিত পথে চলাচলের অভিযোগে তিনটি ট্যাংকারে হামলার খবর জানায় ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি। তাদের দাবি, আইআরজিসির নৌবাহিনী এসব হামলা চালিয়েছে।

রয়টার্স যাচাই করা ভিডিওতে ওমানের উপকূলের কাছে ন্যাভিগএইট পরিচালিত একটি ট্যাংকারে আগুন জ্বলতে দেখা গেছে। ন্যাভিগএইটের সংখ্যাগরিষ্ঠ মালিকানা এডিএনওসি লজিস্টিকস অ্যান্ড সার্ভিসেসের হাতে।

এ ছাড়া দুটি ট্যাংকার সামুদ্রিক মাইনে আঘাত পেয়ে আগুন ধরে যাওয়ার দাবি করেছে আইআরজিসি। তবে এসব ঘটনার প্রকৃত কারণ স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হতো। ফলে এই নৌপথে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব ফেলতে পারবে ইরান।

যুক্তরাষ্ট্রের অবরোধের পাল্টা চাপ?

হরমুজ প্রণালিতে ইরানের বিধিনিষেধের পাশাপাশি দেশটির বন্দরগুলোতে অবরোধ কার্যকর রেখেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের একটি বন্দরে যাওয়া এবং সেখান থেকে বের হওয়ার চেষ্টা করা সেন্ট কিটসের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজে মার্কিন সামরিক বিমান হামলা চালিয়ে সেটিকে অচল করে দিয়েছে।

এভাবে দুই দেশের পাল্টাপাল্টি পদক্ষেপে বাণিজ্যিক জাহাজ চলাচলও সংঘাতের অন্যতম হাতিয়ারে পরিণত হয়েছে। ইরানের হিসাব অনুযায়ী, হরমুজে জাহাজ চলাচল ব্যাহত করে যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক চাপের বিরুদ্ধে পাল্টা সুবিধা আদায় করা সম্ভব। তবে এতে সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত নয়, এমন জাহাজ ও নাবিকরাও ঝুঁকির মুখে পড়ছেন।

এডিএনওসির জাহাজেও একাধিক হামলা

এডিএনওসির জাহাজে এটিই প্রথম হামলা নয়। গত ৭ আগস্ট এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, সংঘাত শুরুর পর থেকে তাদের ১৫টি জাহাজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হয়েছে। এসব ঘটনায় একজন নিহত এবং ২০ জন আহত হন।

এরপর আগস্টেও প্রতিষ্ঠানটির জাহাজে হামলার ঘটনা ঘটে। ১৩ আগস্ট দুটি জাহাজে হামলার পাশাপাশি ক্ষেপণাস্ত্র হামলার কথাও জানায় এডিএনওসি। এর আগে ১৪ জুলাই হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় প্রতিষ্ঠানটির পরিচালিত অপরিশোধিত তেলবাহী দুটি ট্যাংকার আল বাহিয়া ও মোম্বাসা বি-তে বস্তু আঘাত হানে।

এডিএনওসি বারবার নাবিকদের নিরাপত্তা ও আন্তর্জাতিক নৌপথে নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। সর্বশেষ হামলাটি ইউএইর জলসীমায় হওয়ায় হরমুজ প্রণালির সংকীর্ণ অংশের বাইরেও জাহাজ চলাচলের ঝুঁকি ছড়িয়ে পড়ার বিষয়টি স্পষ্ট হয়েছে।

নাবিকদের প্রাণহানির পাশাপাশি পরিবেশের ক্ষতি

ট্যাংকারে হামলার প্রভাব শুধু জাহাজের ক্ষয়ক্ষতি বা তেল সরবরাহে বিঘ্নের মধ্যেই সীমাবদ্ধ নেই। আইএমওর হিসাবে, এ পর্যন্ত অন্তত ২৫ জন নাবিক নিহত হয়েছেন। এ ছাড়া হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে তেল ছড়িয়ে পড়ায় সামুদ্রিক পরিবেশও হুমকির মুখে পড়েছে।

রয়টার্স যাচাই করা ভিডিওতে ওমানের উপকূলে তেল পৌঁছানোর দৃশ্য দেখা গেছে। স্যাটেলাইট চিত্রেও ওমান ও ইউএইর উপকূলের কাছে তেল ছড়িয়ে পড়ার প্রমাণ পাওয়া গেছে। এতে সামুদ্রিক জীববৈচিত্র্য, উপকূলীয় জনগোষ্ঠী ও নৌপরিবহন কার্যক্রম ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।


শান্তি আলোচনার মধ্যেও হামলা কেন?

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধে কাতারসহ কয়েকটি দেশ মধ্যস্থতার চেষ্টা করছে। তবে কূটনৈতিক তৎপরতা এখনো সামুদ্রিক সংঘাত থামাতে পারেনি।

ইরান মনে করতে পারে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে চাপ অব্যাহত রাখলে যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহার এবং নৌপথ পুনরায় চালুর বিষয়ে আলোচনায় সুবিধা পাওয়া যাবে। তবে এ কৌশলে বড় ধরনের ঝুঁকিও রয়েছে।

একদিকে ট্যাংকারে হামলা অব্যাহত থাকলে শান্তি আলোচনার পরিবেশ নষ্ট হতে পারে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক পাল্টা পদক্ষেপের আশঙ্কাও বাড়তে পারে। এমন পরিস্থিতিতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে শুধু সমঝোতা যথেষ্ট হবে না। লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের (এলএসইজি) বিশ্লেষকদের মতে, হরমুজে নৌপথ পুনরায় চালুর ক্ষেত্রে মাইন অপসারণ, বিমার উচ্চ ব্যয় এবং জাহাজমালিকদের ফিরে আসার আগ্রহ গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠবে।

ইরানের কৌশল কি উল্টো বিপদ ডেকে আনবে?

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত করে প্রতিপক্ষের ওপর অর্থনৈতিক চাপ তৈরি এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথে নিজেদের প্রভাব দেখানোর সুযোগ পাচ্ছে ইরান। কিন্তু প্রতিটি নতুন হামলা সংঘাত আরও বিস্তৃত হওয়ার ঝুঁকি তৈরি করছে। একই সঙ্গে উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের অবনতি এবং কূটনৈতিক সমঝোতার প্রচেষ্টা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কাও রয়েছে।

সব মিলিয়ে প্রশ্ন উঠেছে, হরমুজ প্রণালিতে ইরানের এই চাপ প্রয়োগের কৌশল যুক্তরাষ্ট্রের কাছ থেকে কাঙ্ক্ষিত ছাড় আদায়ে সহায়ক হবে, নাকি শান্তি আলোচনা সফল হওয়ার আগেই সংঘাতকে আরও বড় সামরিক লড়াইয়ের দিকে ঠেলে দেবে?

সূত্র : গালফ নিউজ 

সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   শান্তি আলোচনা  হরমুজ  ট্যাংকার  হামলা  ইরান 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: