হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ আখ্যা দিয়ে দ্য গার্ডিয়ানের সংবাদ প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন। এ জন্য তিনি নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন

2026-11-11T19:52:00+00:00
2026-11-11T19:52:00+00:00
 
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ আখ্যা দিয়ে দ্য গার্ডিয়ানের সংবাদ প্রকাশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৭:৫২ পিএম 
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : দ্য গার্ডিয়ান
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন। এ জন্য তিনি নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন করেছেন। ভারতে পলাতক আওয়ামী লীগের কয়েকজন নেতার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। 

মঙ্গলবার (১০ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে শেখ হাসিনাকে ‘ডিসগ্রেসড ফরমার লিডার’ বা ‘কলঙ্কিত সাবেক নেতা’ হিসেবে উল্লেখ করেছে সংবাদমাধ্যমটি।

প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা দেশে ফেরার বিষয়ে আত্মবিশ্বাসী। ভারতে অবস্থানরত আওয়ামী লীগের কয়েকজন নেতাও জানিয়েছেন, আগামী মাসে দেশে ফেরার ব্যাপারে তিনি বেশ দৃঢ়প্রতিজ্ঞ। তাকে অনুসরণ করে দলের কয়েকজন নেতাও ইতোমধ্যে বাংলাদেশে ফিরেছেন।

সোমবার শেখ হাসিনার পক্ষে এক ব্রিটিশ আইনজীবী দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে চিঠি পাঠান। এতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দ্রুত দেওয়ার অনুরোধ জানানো হয়।

ভারতে অবস্থানরত আওয়ামী লীগের এক নেতা দ্য গার্ডিয়ানকে বলেন, শেখ হাসিনা সত্যিই দেশে ফিরতে চান বলেই নতুন পাসপোর্টের আবেদন করেছেন। কর্তৃপক্ষ পাসপোর্ট না দিলে দেশে ফেরার জন্য তিনি ট্রাভেল পাসের আবেদন করবেন।

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের দায়ে তাকে মৃত্যুদণ্ড দেন। ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন দমনে চালানো অভিযানে প্রায় ১ হাজার ৪০০ মানুষের মৃত্যুর ঘটনায় তাকে এ সাজা দেওয়া হয়।

শেখ হাসিনা অবশ্য তার বিরুদ্ধে দেওয়া রায় প্রত্যাখ্যান করেছেন। ট্রাইব্যুনালকে অবৈধ বলেও দাবি করেছেন তিনি। তবে ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হওয়ায় শেখ হাসিনার নতুন পাসপোর্ট পাওয়ার কোনো আইনি সুযোগ নেই। দেশে ফিরলে তাকে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে হবে। তার বিরুদ্ধে আপিলের সময়সীমাও শেষ হয়েছে বলে জানান তিনি।


এদিকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারতের ওপর চাপ দিয়ে আসছে সরকার। তবে ভারত এখনো বাংলাদেশের অনুরোধে সাড়া দেয়নি। এতে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। চলতি সপ্তাহে বাংলাদেশ সরকার জানিয়েছে, সন্ত্রাসী হিসেবে বিবেচিত শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী গ্রহণযোগ্য বন্দিবিনিময়ের ব্যবস্থা ছাড়া দেশে ফেরার সুযোগ দেওয়া হবে না।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও দলটির হাজারো নেতাকর্মীর মধ্যে শেখ হাসিনার সমর্থন রয়েছে। বিশ্লেষকদের ধারণা, দেশে ফেরার পরিকল্পনার পেছনে তার সমর্থকদের আবার সংগঠিত করা এবং তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারকে রাজনৈতিকভাবে চাপে ফেলার উদ্দেশ্য থাকতে পারে।

গত ফেব্রুয়ারিতে বাংলাদেশের নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসে। তবে মূল্যস্ফীতি ও পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষসহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে সরকারকে। এসব পরিস্থিতি আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক সুবিধায় কাজে লাগাতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

ভারতে নির্বাসনে থাকা আওয়ামী লীগের অন্য নেতারাও শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার পরিকল্পনা করছেন। তাদের অনেকের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা রয়েছে এবং অনুপস্থিতিতে কারাদণ্ডও হয়েছে। তবে পরিণতি মেনে নিয়েই দেশে ফিরে রাজনৈতিকভাবে লড়াই করতে চান বলে জানিয়েছেন দলটির এক জ্যেষ্ঠ নেতা।

সম্প্রতি দেশে ফিরে গ্রেফতার হয়েছেন সাবেক সংসদ সদস্য মুস্তাক আহমেদ রুহী। গত সেপ্টেম্বরে ফেরার পর তাকে গ্রেফতার করা হয়। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত একটি হত্যাকাণ্ডের মামলায় তার বিরুদ্ধে বিচার চলছে।

সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   হাসিনা  কলঙ্কিত সাবেক নেতা  দ্য গার্ডিয়ান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: