গৃহস্থালির বর্জ্য থেকে ১০ লাখ মানুষের বিদ্যুৎ

এমএকে জিলানী

আন্তর্জাতিক

চীনের চংখিং যেন এক সবুজ জাদুকর শহর। এই শহরের বাসাবাড়ি এবং মিউনিসিপ্যাল এলাকার কঠিন বর্জ্য শোধন করে বিদ্যুৎসহ বটম অ্যাশ,

2026-11-11T03:06:05+00:00
2026-11-11T03:06:05+00:00
 
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
চীনের চংখিং শহর
গৃহস্থালির বর্জ্য থেকে ১০ লাখ মানুষের বিদ্যুৎ
এমএকে জিলানী
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৩:০৬ এএম 
চীনের চংখিং শহরের বর্জ্য শোধন প্রকল্পের সামনে প্রতিবেদক । ছবি : সময়ের আলো
চীনের চংখিং যেন এক সবুজ জাদুকর শহর। এই শহরের বাসাবাড়ি এবং মিউনিসিপ্যাল এলাকার কঠিন বর্জ্য শোধন করে বিদ্যুৎসহ বটম অ্যাশ, ফ্লাই অ্যাশ, সলিডিফিকেশন, প্রক্রিয়াজাত পানি (রাস্তা পরিষ্কারসহ একাধিক কাজে), মেটাল রিকভারি (লোহা, অ্যালুমিনিয়াম) ইত্যাদি মূল্যবান সম্পদে পরিণত করা হয়। শুধু বাসাবাড়ির বর্জ্য থেকেই উৎপাদিত বিদ্যুৎ চংখিং শহরের কম-বেশি ১০ লাখ মানুষের বার্ষিক বিদ্যুতের চাহিদা পূরণ করে।

চীন সরকারের আমন্ত্রণে গত ২৭ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত বাংলাদেশের একটি মিডিয়া প্রতিনিধি দল চীনের ইউনান ও চংখিং শহর ঘুরে দেখেন। এই প্রতিনিধি দলকে গত ১ নভেম্বর সকালে চীনের চংখিংয়ের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প ‘চংখিং সানফেং ইউলিন এনভায়রনমেন্ট প্রটেকশন কো. লি.’ ঘুরিয়ে দেখানো হয়। এই প্রকল্পে মূলত বাসাবাড়ি এবং মিউনিসিপ্যাল এলাকার কঠিন বর্জ্য শোধন করে বিদ্যুৎসহ আরও কিছু মূল্যবান সম্পদে পরিণত করা হয়। যা চংখিংয়ের কেন্দ্রীয় শহরাঞ্চলের চতুর্থ হাউসহোল্ড ওয়েস্ট ইনসিনারেশন পাওয়ার প্লান্ট। এখানে ২০২০ সালের ডিসেম্বর থেকে গ্রিড-সংযুক্ত বিদ্যুৎ উৎপাদন শুরু হয়।

এই প্রকল্প চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চংখিং মিউনিসিপ্যালিটির ইউবেই জেলার লুয়োকি ন্যাশনাল ক্রাফট বা রিসোর্স রিসাইক্লিং পার্কে অবস্থিত। আমরা হোটেল থেকে প্রায় ১ ঘণ্টার পাহাড়ি পথ ট্যুরিস্ট বাসে পাড়ি দিয়ে প্রকল্প কার্যালয়ে পৌঁছাই। প্রকল্প এলাকাটি নয়নাভিরাম, চারদিকে পাহাড়ের মাঝে সবুজে ঘেরা একটি এলাকা। প্রকল্পটি এলাকার মূল উপাদান বর্জ্য কিন্তু আমরা নির্দিষ্ট এলাকা ছাড়া কোথাও কোনো ময়লা বা অপরিচ্ছন্নতা দেখতে পাইনি। প্রকল্প কার্যালয় থেকে পাহাড়ের ভাঁজে ভাঁজে রেলগাড়ি, সড়কপথ (একাধিক লেয়ারের) দেখতে পেলাম। আর প্রকৃতিক সৌন্দর্য বলে বোঝানো যাবে না।

প্রকল্প এলাকার একজন কর্মকর্তা আমাদের পুরো প্রকল্প এলাকা ঘুরিয়ে দেখান এবং কার্যক্রমগুলো বা বর্জ্য কোন কোন পদ্ধতিতে শোধন করা হয় তা সুন্দর ভিডিও চিত্রের মাধ্যমে বর্ণনা করেন। এই প্রকল্প দেখে মনে হলো, আবর্জনা হলো ভুল জায়গায় থাকা একটি সম্পদ মাত্র, যা সঠিকভাবে ব্যবহার করতে জানলে শক্তিতে রূপান্তরিত হয়। তিনি জানান, দক্ষিণ-পশ্চিম চীনের প্রথম সারির ‘শূন্য-বর্জ্য শহর’ পরীক্ষামূলক নির্মাণ প্রকল্পগুলোর অন্যতম হিসেবে, চংখিং স্থানীয় পরিস্থিতির আলোকে আবর্জনা পুনর্ব্যবহার ব্যবস্থার নির্মাণ এবং নিষ্কাশন ক্ষমতার উন্নতিকে ত্বরান্বিত করেছে। ফলে গৃহস্থালির বর্জ্যরে শতভাগ ক্ষতিকর নয় এমন প্রক্রিয়াকরণের হার অর্জিত হয়েছে এবং পুনর্ব্যবহারের হার কম-বেশি ৯০ শতাংশে পৌঁছেছে। এর রান্নাঘরের বর্জ্য পুনর্ব্যবহারের স্তর শীর্ষস্থানে রয়েছে। বাজারমুখী কার্যক্রমের মাধ্যমে গৃহস্থালির বর্জ্যকে ‘বিদ্যুতে রূপান্তরিত’ করা হচ্ছে, যা চংখিংয়ের শক্তি ব্যবহারকে উন্নত করছে। শূন্যে ঝুলে থাকা একটি বিশাল ‘লোহার থাবা’ গৃহস্থালির বর্জ্য ধরে একটি ইনসিনারেটরে নিক্ষেপ করে, যা সঙ্গে সঙ্গে পুড়ে ছাই হয়ে যায়... লুওকি জাতীয় সম্পদ পুনর্ব্যবহার ঘাঁটিতে অবস্থিত গৃহস্থালীর বর্জ্য দহন-চালিত বিদ্যুৎকেন্দ্রের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে, বুদ্ধিমান নিয়ন্ত্রণ ব্যবস্থাটি রিয়েল-টাইমে বর্জ্য দহনের অবস্থা, চুল্লির ভেতরের তাপমাত্রা এবং যন্ত্রপাতির পরিচালন পরিমিতি পর্যবেক্ষণ করে। ইনসিনারেটরে দেওয়া প্রতি টন পচানো গৃহস্থালির বর্জ্য থেকে এটি প্রায় ৬৫০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে। চংখিংয়ের কেন্দ্রীয় শহরাঞ্চলে অবস্থিত চতুর্থ বর্জ্য দহন বিদ্যুৎকেন্দ্রটি মাঝারি-তাপমাত্রার, উপ-উচ্চ চাপের বর্জ্য তাপ বয়লার ব্যবহার করেছে, যা সার্বিক বিদ্যুৎ উৎপাদন দক্ষতা ব্যাপকভাবে উন্নত করেছে। এই বিদ্যুৎকেন্দ্র সম্পূর্ণরূপে চংখিং সানফেং এনভায়রনমেন্ট দ্বারা বিনিয়োগ ও নির্মিত হয়েছে। যা ২০২০ সালের ডিসেম্বরে গ্রিড-সংযুক্ত বিদ্যুৎ উৎপাদন শুরু করে, যার পরিকল্পিত দৈনিক প্রক্রিয়াকরণ ক্ষমতা ৩ হাজার টন গৃহস্থালির বর্জ্য। বর্তমানে সানফেং ইউলিনের পরিচালনার দায়িত্বে রয়েছে।

তিনি জানান, এই সবুজ শক্তি অবশেষে জাতীয় বিদ্যুৎ গ্রিডের সঙ্গে সংযুক্ত হয় এবং হাজার হাজার পরিবারে পৌঁছে দেওয়া হয়। গত ২০২৪ সালের নভেম্বরের শেষ নাগাদ বিদ্যুৎকেন্দ্রগুলো মোট ৪৫,১২৫,০০০ টন গৃহস্থালির বর্জ্য প্রক্রিয়াজাত করেছে, যার ফলে কার্বন ডাই অক্সাইড নির্গমন প্রায় ১২,৪১,৯০,০০০ টন কমেছে। গ্রিডে সরবরাহ করা মোট বিদ্যুৎ উৎপাদন ২.০০১ বিলিয়ন কিলোওয়াট ঘণ্টায় পৌঁছেছে, যা প্রায় ২৪,০৮,৯০,০০০ নগরবাসীর দৈনন্দিন জীবনের এক বছরের বিদ্যুৎ চাহিদা মেটাতে সক্ষম। বিদ্যুৎ উৎপাদনে গৃহস্থালির বর্জ্য একটি ‘উদীয়মান শক্তি’ হয়ে উঠেছে। বর্তমানে ইউহুয়ান কোম্পানি ‘বর্জ্য-সম্পদ-পণ্য’ মডেল অনুসরণ করে নবায়নযোগ্য সম্পদের একটি সম্পূর্ণ পুনর্ব্যবহারযোগ্য শিল্প শৃঙ্খল প্রতিষ্ঠা করেছে। প্রতি বছর মোট ৯৭০,০০০ টন জৈব কঠিন বর্জ্য পুনর্ব্যবহার করে ১৩০ মিলিয়ন কিলোওয়াট ঘণ্টা বিদ্যুৎ, ৮ মিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাস এবং ৪৬ হাজার টন শিল্প-মানের মিশ্রিত তেল উৎপাদন করা সম্ভব, যার ফলে বার্ষিক কার্বন নিঃসরণ ৮০০,০০০ টন হ্রাস পায়।

চীনের সাংহাই স্টক এক্সচেঞ্জ থেকে প্রকাশিত তথ্যে জানা গেছে, চংখিং সানফেং ইউলিন এনভায়রনমেন্ট প্রটেকশন কো. লি. নামক প্রতিষ্ঠানটি মূলত চংখিং সানফেং এনভায়রনমেন্ট গ্রুপ করপোরেশন লিমিটেডের একটি সিস্টার কনসার্ন। যা চীনভিত্তিক একটি কোম্পানি, প্রতিষ্ঠানটি প্রধানত বর্জ্য দহন বিদ্যুৎ উৎপাদন সম্পর্কিত ব্যবসায় নিযুক্ত। চংখিং সানফেং এনভায়রনমেন্ট গ্রুপ করপোরেশন লিমিটেড ৩০ সেপ্টেম্বর, ২০২৬-এ সমাপ্ত ৯ মাসের জন্য তাদের আয়ের ফলাফল প্রকাশ করেছে। এই ৯ মাসে কোম্পানিটির বিক্রয়ের পরিমাণ ছিল ৪,৪৫২.৯৬ মিলিয়ন ইউয়ান, যা এক বছর আগের ৪,১৫৪.৬ মিলিয়ন ইউয়ানের তুলনায় বেশি। নিট আয়ের পরিমাণ ছিল ১,০৭১.১৯ মিলিয়ন ইউয়ান।

সময়ের আলো/প্রিন্ট/আতা
  বিষয়:   চীন  চংখিং  জাদুকর শহর  শহর  বাসাবাড়ি  মিউনিসিপ্যাল  বর্জ্য  শোধন  বিদ্যুৎ  বটম অ্যাশ  ফ্লাই অ্যাশ  সলিডিফিকেশন  প্রক্রিয়াজাত পানি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: