অজিত দোভালসহ ‘র’-এর সাবেক প্রধানের বিরুদ্ধে মার্কিন সমন জারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রভিত্তিক খালিস্তানপন্থি নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা একটি দেওয়ানি মামলায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল,

2026-11-10T23:47:21+00:00
2026-11-10T23:47:21+00:00
 
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
অজিত দোভালসহ ‘র’-এর সাবেক প্রধানের বিরুদ্ধে মার্কিন সমন জারি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১১:৪৭ পিএম 
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রভিত্তিক খালিস্তানপন্থি নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা একটি দেওয়ানি মামলায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল, দেশটির গোয়েন্দা সংস্থা ‘র’-এর সাবেক প্রধানসহ ভারত সরকারের বিরুদ্ধে সমন জারি করেছেন মার্কিন আদালত। আদালতের নির্দেশে মার্কিন পররাষ্ট্র দপ্তর ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাসের মাধ্যমে এই সমন পাঠিয়েছে। খবর ফার্স্টপোস্ট ও দ্য টেলিগ্রাফ ইন্ডিয়ার।

শিখস ফর জাস্টিসের (এসএফজে) নেতা পান্নুনের দায়ের করা মামলায় অজিত দোভাল ছাড়াও ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) সাবেক প্রধান সামন্ত গোয়েলকে বিবাদী করা হয়েছে। মামলায় পান্নুনের অভিযোগ, তাকে হত্যার উদ্দেশ্যে ‘র’-এর মাধ্যমে পরিচালিত ষড়যন্ত্রের মূল পরিকল্পনাকারী ছিলেন দোভাল। এ ঘটনায় ক্ষতিপূরণও দাবি করেছেন তিনি।

তবে ভারত সরকার আগেই পান্নুনকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা করেছে। একই সঙ্গে তার সংগঠন এসএফজেকে বেআইনি আখ্যা দিয়ে নিষিদ্ধ করেছে।


পান্নুনের দায়ের করা দেওয়ানি মামলাটি মূলত মার্কিন বিচার বিভাগের (ডিওজে) আগের একটি ফৌজদারি তদন্তের ওপর ভিত্তি করে করা হয়েছে। ওই মামলায় নিখিল গুপ্ত নামের এক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে পান্নুনকে হত্যার জন্য ভাড়াটে খুনি নিয়োগের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ আনা হয়।

২০২৩ সালে চেক প্রজাতন্ত্রে গ্রেফতারের পর নিখিল গুপ্তকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়। চলতি বছরের শুরুর দিকে আদালতে নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ স্বীকার করেন তিনি। চলতি মাসেই তার সাজা ঘোষণার কথা রয়েছে।

মার্কিন কৌঁসুলিদের দাবি, নিখিল গুপ্ত ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর তৎকালীন কর্মকর্তা বিকাশ যাদব ও অন্যদের সঙ্গে সমন্বয় করে হত্যার এই ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা করেছিলেন।

এদিকে মার্কিন সরকারের উত্থাপিত হত্যাচেষ্টার অভিযোগ তদন্তে ভারত একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে। বিকাশ যাদব বর্তমানে ভারতের একটি আদালতে মামলার মুখোমুখি রয়েছেন। তবে পান্নুনের দায়ের করা দেওয়ানি মামলাটিকে ‘অযৌক্তিক ও ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে ভারত সরকার। 

সময়ের আলো/ইউএমএইচ
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: