স্কুল চলাকালে শিক্ষার্থীরা শুধু ফোন ব্যবহারই করতে পারবে না, ব্যাগ বা পকেটেও রাখতে পারবে না। সংগৃহীত ছবিযুক্তরাজ্যের সব স্কুলে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা কার্যকর করতে যাচ্ছে সরকার। নতুন নিয়ম অনুযায়ী, স্কুল চলাকালে শিক্ষার্থীরা শুধু ফোন ব্যবহারই করতে পারবে না, ব্যাগ বা পকেটেও রাখতে পারবে না। ২০২৭ সালের সেপ্টেম্বর থেকে এ নির্দেশনা কার্যকর হবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বর্তমানে যুক্তরাজ্যের কিছু স্কুলে ‘নো সি, নো হিয়ার’ নীতি চালু রয়েছে। অর্থাৎ, ফোন দেখা বা শোনা না গেলে শিক্ষার্থীরা তা নিজেদের ব্যাগে রাখতে পারে। তবে নতুন নির্দেশনায় এই সুযোগও বন্ধ করা হচ্ছে।
সরকারের নির্দেশনা অনুযায়ী, স্কুলের পুরো সময় শিক্ষার্থীদের ফোন নাগালের বাইরে রাখতে হবে। গত জুনে এ বিষয়ে বিধিবদ্ধ নির্দেশনা কার্যকর হয়েছে। এর ফলে স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনাকারী ট্রাস্টগুলোর ওপর সারাদিন ফোনমুক্ত পরিবেশ নিশ্চিত করার আইনি দায়িত্ব রয়েছে।
শিক্ষামন্ত্রী লুসি পাওয়েল বলেন, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি সরকারের স্পষ্ট বার্তা হলো, স্কুল শেখা ও বন্ধুত্ব গড়ে তোলার জায়গা, মোবাইল ফোনে সময় কাটানোর নয়। ফোনের অবাধ ব্যবহার শিক্ষার্থীদের পড়াশোনা ও পারস্পরিক যোগাযোগ থেকে দূরে সরিয়ে দিতে পারে।
নতুন নির্দেশনা বাস্তবায়নে স্কুলগুলো নিজেদের মতো করে ব্যবস্থা নিতে পারবে। কোনো কোনো স্কুলে ইতোমধ্যে ফোন রাখার জন্য বিশেষ তালাবদ্ধ পাউচ বা নিরাপদ লকারের ব্যবস্থা করা হয়েছে। আবার কিছু স্কুল দিনের শুরুতেই শিক্ষার্থীদের কাছ থেকে ফোন সংগ্রহ করে নেয়। কোনো কোনো প্রতিষ্ঠানে স্কুল প্রাঙ্গণে ফোন আনা পুরোপুরি নিষিদ্ধ।
বিবিসি ব্রেকফাস্ট অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী পাওয়েল বলেন, এ ধরনের বিধিনিষেধ স্কুলের সামগ্রিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে পারে। সরকার সব স্কুলেই এমন পরিবেশ দেখতে চায়।
ম্যানচেস্টারের বার্নেজ অ্যাকাডেমি ফর বয়েজের প্রধান শিক্ষক কার্ল হ্যারিসন জানান, শিক্ষার্থীদের ফোন ব্যবহার বন্ধ করতে তাদের স্কুলে মেটাল ডিটেক্টর ও বিশেষ ফোন পাউচের ব্যবস্থা করতে ২০ হাজার পাউন্ড ব্যয় হয়েছে। তার মতে, ফোন ব্যবহারের সুযোগ বন্ধ হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বেড়েছে। পাশাপাশি শ্রেণিকক্ষে মনোযোগ বাড়ায় পরীক্ষার ফলও ভালো হচ্ছে।
তবে নতুন নিয়ম বাস্তবায়নে অতিরিক্ত অর্থ বরাদ্দের দাবি জানিয়েছেন স্কুল পরিচালকদের সংগঠনের নেতারা। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব হেড টিচার্সের (এনএএইচটি) মহাসচিব পল হুইটম্যান বলেন, স্কুলে মোবাইল ফোন নিরাপত্তার ঝুঁকি তৈরি করতে পারে এবং পড়াশোনায় বিঘ্ন ঘটায়। তবে নতুন নির্দেশনায় প্রস্তাবিত কঠোর ব্যবস্থা বাস্তবায়নে বাড়তি খরচ হবে।
অ্যাসোসিয়েশন অব স্কুল অ্যান্ড কলেজ লিডার্সের মহাসচিব পেপে ডি’আসিও বলেন, নতুন নির্দেশনায় কিছুটা স্পষ্টতা এলেও অর্থায়ন ছাড়া স্কুলগুলোর পক্ষে সব শিক্ষার্থীর জন্য তালাবদ্ধ পাউচ বা নিরাপদ সংরক্ষণব্যবস্থা নিশ্চিত করা কঠিন। এ জন্য সরকারের প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া উচিত।
অন্যদিকে, যুক্তরাজ্যের শিশু কমিশনার ডেম র্যাচেল ডি সুজা নতুন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। শিশুদের মনোযোগ নষ্ট হওয়া ও স্কুলের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঠেকাতে কঠোর পদক্ষেপ জরুরি বলে মনে করেন তিনি।
এদিকে, যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলে স্কুলে মোবাইল ফোন ব্যবহারের নিয়ম ভিন্ন। স্কটল্যান্ডে স্কুলে ব্যক্তিগত ফোন ব্যবহারে বিধিনিষেধ আরোপে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ওয়েলসে জাতীয়ভাবে নিষেধাজ্ঞার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে পার্লামেন্ট। তবে স্কুলগুলোকে নিজস্ব নিয়ম তৈরির স্বাধীনতা দেওয়া হয়েছে। আর উত্তর আয়ারল্যান্ডে স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ করতে আইন প্রণয়নের বিষয়ে ১২ সপ্তাহের পরামর্শ কার্যক্রম শুরু হয়েছে।
স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধের এই উদ্যোগের সঙ্গে ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে যুক্তরাজ্য সরকারের পরিকল্পিত নিষেধাজ্ঞার সম্পর্ক নেই। আগামী মার্চে ওই নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আওতায় ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট ও টিকটকের মতো প্ল্যাটফর্ম ব্যবহারে শিশুদের বাধা দেওয়া হবে।
সূত্র : বিবিসি
সময়ের আলো/ইউএমএইচ