অভিশংসন উদ্যোগকে ‘প্রহসন’ বললেন পেন্টাগনপ্রধান হেগসেথ

আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে কংগ্রেসের অনুমোদন ছাড়া যুদ্ধ পরিচালনা এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অভিশংসনের উদ্যোগকে ‘প্রহসন’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট

2026-11-10T20:01:28+00:00
2026-11-10T20:01:28+00:00
 
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
অভিশংসন উদ্যোগকে ‘প্রহসন’ বললেন পেন্টাগনপ্রধান হেগসেথ
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৮:০১ পিএম 
অভিশংসন উদ্যোগকে ‘প্রহসন’ বললেন পেন্টাগনপ্রধান হেগসেথ
ইরানের বিরুদ্ধে কংগ্রেসের অনুমোদন ছাড়া যুদ্ধ পরিচালনা এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অভিশংসনের উদ্যোগকে ‘প্রহসন’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেছেন, নীতিগত মতপার্থক্যের সমাধান হওয়া উচিত আইন প্রণয়ন, বিতর্ক ও পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের মাধ্যমে। সামরিক অভিযানে অংশ নেওয়া সেনাসদস্যদের বিরুদ্ধে অভিশংসনের উদ্যোগকে তিনি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জন্য অপমানজনক বলেও উল্লেখ করেন।

মঙ্গলবার পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন হেগসেথ। তিনি বলেন, অভিশংসনের এই প্রস্তাব যুক্তরাষ্ট্রের শত্রুদের এমন বার্তা দিচ্ছে যে, বৈধ সামরিক অভিযান সফলভাবে পরিচালনার জন্য দেশটি নিজেদের সেনা ও বেসামরিক নেতৃত্বকেই শাস্তি দিতে পারে। এটি দেশপ্রেম নয়, বরং নাশকতা।

হেগসেথ বলেন, ‘আমি প্রতিটি সামরিক অভিযানের পাশে আছি। এগুলো পরিচালনা করতে পেরে আমি গর্বিত। আগামীকাল আবারও একই কাজ করব।’ তিনি আরও বলেন, সেনাসদস্যদের সেবা কোনো অপরাধ নয়, তারা বীর। ওয়াশিংটনের কোনো রাজনীতিক তাদের অন্যভাবে উপস্থাপন করতে পারবেন না।

গত সোমবার রিপাবলিকান কংগ্রেস সদস্য থমাস ম্যাসি হেগসেথের বিরুদ্ধে অভিশংসনের আটটি অভিযোগ উত্থাপন করেন। এর মধ্যে কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। এ উদ্যোগের ফলে প্রতিনিধি পরিষদে সম্ভাব্য ভোটাভুটির জন্য দুই দিনের সময়সীমা শুরু হয়েছে।

কংগ্রেসের কয়েকটি সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, রিপাবলিকানরা এখনো প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণে থাকলেও অভিশংসনের প্রস্তাবটি পাস হওয়ার মতো সমর্থন পেতে পারে। তবে সিনেটে হেগসেথের দোষী সাব্যস্ত হওয়ার সম্ভাবনা কম। কারণ, সেখানে অভিশংসনের পক্ষে দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন, আর ১০০ সদস্যের সিনেটে রিপাবলিকানদের আসন ৫৩টি।

ম্যাসি এর আগে গত সেপ্টেম্বরে হেগসেথের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব এনেছিলেন। তবে তখন রিপাবলিকান-নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে সেটি ভোটাভুটির জন্য তোলা হয়নি। এবার তিনি আটটি অভিযোগের প্রতিটির বিষয়ে আলোচনা ও ভোটের দাবি জানিয়েছেন।


প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য হেগসেথের প্রতি সমর্থন জানিয়েছেন। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, অভিশংসিত হলেও হেগসেথের পাশে থাকবেন। ম্যাসিকে ‘ব্যর্থ রাজনীতিক’ বলেও আক্রমণ করেন ট্রাম্প। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ইরান ও ভেনেজুয়েলায় মার্কিন সামরিক বাহিনীর সাফল্যের কথা তুলে ধরে প্রশ্ন করেন, হেগসেথকে কীভাবে অভিশংসন করা সম্ভব।

এদিকে, গত সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনে ইরান যুদ্ধ নিয়ে ভোটারদের অসন্তোষের প্রভাব পড়েছে। ওই নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেয়েছে। যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়াও মূল্যস্ফীতির চাপ বাড়িয়েছে।

মঙ্গলবার প্রকাশিত রয়টার্সের এক জরিপে দেখা গেছে, ৭১ শতাংশ মার্কিন নাগরিক চান, নবনির্বাচিত ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত কংগ্রেস ইরান যুদ্ধ বন্ধে আইন পাস করুক। জরিপে অংশ নেওয়া ডেমোক্র্যাটদের ৯৩ শতাংশ এবং রিপাবলিকানদের ৫১ শতাংশ এ মত দিয়েছেন।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। ট্রাম্প দাবি করেছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতেই এই যুদ্ধ প্রয়োজন ছিল। নির্বাচনের ফলাফলে ইরান যুদ্ধের প্রভাব থাকার কথা স্বীকার করলেও নিজের সিদ্ধান্তের পক্ষে অবস্থান ধরে রেখেছেন তিনি। 

সূত্র :  রয়টার্স 

সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   পেন্টাগনপ্রধান  হেগসেথ 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: