প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১০:৩৮ এএম
ছবি : সংগৃহীত সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা পূর্ব-পশ্চিম পাইপলাইনে ফের হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) পাইপলাইনটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। এতে সীমিত আকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি এবং পাইপলাইনের কার্যক্রমও স্বাভাবিক রয়েছে।
সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দেশটির সরকারি সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সিকে (এসপিএ) জানান, পশ্চিমাঞ্চলীয় মদিনা এলাকায় পাইপলাইনটি লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে সেখানে অল্প সময়ের জন্য আগুন ধরে যায়। পরে তা নিয়ন্ত্রণে আনা হয়।
আলজাজিরাকে ওই কর্মকর্তা বলেন, হামলায় কেউ হতাহত হননি। পাইপলাইনের কার্যক্রমেও কোনো বিঘ্ন ঘটেনি।
হামলার পেছনে কারা রয়েছে, সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে তা সরাসরি উল্লেখ করা হয়নি। তবে দেশটির একাধিক কর্মকর্তা এ হামলার জন্য ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দায়ী করেছেন।
আরব উপদ্বীপজুড়ে বিস্তৃত প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ পূর্ব-পশ্চিম পাইপলাইন সৌদি আরবের জ্বালানি খাতের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা। যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের মধ্যে পাইপলাইনটির গুরুত্ব আরও বেড়েছে। হরমুজ প্রণালিতে অবরোধ এবং ওই পথ দিয়ে জ্বালানি রফতানিতে ঝুঁকি তৈরি হওয়ায় এই পাইপলাইন ব্যবহার করে বিকল্প পথে তেল রফতানি করছে সৌদি আরব।
এর আগে গত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেও পূর্ব-পশ্চিম পাইপলাইনে হামলা চালিয়েছিল হুতিরা। ওই হামলায় স্থাপনাটির বেশ ক্ষয়ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করে পাইপলাইনটি সচল করার প্রায় দুই মাসের মাথায় আবারও এটি লক্ষ্য করে হামলার ঘটনা ঘটল।
সময়ের আলো/এসএকে