ছবি : সংগৃহীত তুরস্কের পশ্চিমাঞ্চলে একটি লোহা ও ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৭ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। নতুন বয়লার স্থানান্তরের সময় ক্রেন ভেঙে পড়লে এর সঙ্গে থাকা সরঞ্জাম কারখানার চুল্লিতে পড়ে বিস্ফোরণের সূত্রপাত হয়। এ ঘটনায় কারখানাটিতে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে।
সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৯ নভেম্বর) দুপুরে তুরস্কের পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী ইজমিরের কাছে আলিয়াগা এলাকায় অবস্থিত হাবাস ডেমির সেলিক কারখানায় এ দুর্ঘটনা ঘটে। হতাহত ব্যক্তিরা সবাই ওই কারখানার শ্রমিক। এটি তুরস্কের অন্যতম প্রধান ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, কারখানায় নতুন একটি বয়লার সরানোর কাজ চলছিল। এ সময় বয়লার বহনকারী ক্রেনটি ভেঙে পড়ে। এতে ক্রেনের সঙ্গে থাকা বিভিন্ন সরঞ্জাম নিচে থাকা একটি চুল্লিতে পড়ে যায়। এর পরপরই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। কারখানাটির একটি বৈদ্যুতিক আর্ক ফার্নেসে নির্ধারিত রক্ষণাবেক্ষণকাজ চলার সময় দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পরিচালনাকারী প্রতিষ্ঠান।
ঘটনার পর কারখানার ভেতরে আগুন ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কারখানার ভেতর থেকে আগুনের শিখা ও আকাশে ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা গেছে।
ইজমিরের গভর্নর সুলেইমান এলবান জানান, বিস্ফোরণের পর উদ্ধারকাজ শুরু হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ১৬ বলে জানিয়েছিলেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তবে পরে দেশটির স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমিশোগলু জানান, গুরুতর আহত ব্যক্তিদের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এতে নিহতের সংখ্যা বেড়ে ১৭ হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। প্রথমে অনেকেই ঘটনাটিকে ভূমিকম্প বলে মনে করেছিলেন।
সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে এরদোয়ান হতাহতের বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। পাশাপাশি উদ্ধার অভিযানও অব্যাহত রয়েছে।
এদিকে বিবিসির তুর্কি বিভাগের প্রতিবেদনে স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বলা হয়েছে, এ ঘটনায় অন্তত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
তুরস্কে কর্মক্ষেত্রে দুর্ঘটনা দীর্ঘদিন ধরেই উদ্বেগের কারণ। স্বাধীন সংস্থা তুর্কিশ হেলথ অ্যান্ড সেফটি লেবার ওয়াচের তথ্য অনুযায়ী, দেশটিতে কর্মক্ষেত্রে নিরাপত্তা ও দুর্ঘটনা প্রতিরোধ বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে রয়েছে।
ইজমিরের আলিয়াগা জেলাটি তুরস্কের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। এখানে বড় বন্দর থাকার পাশাপাশি জাহাজ ভাঙার অন্যতম প্রধান কেন্দ্রও রয়েছে।
সময়ের আলো/এসএকে