ছবি : সংগৃহীত ইরানের বিরুদ্ধে যুদ্ধ এখনও শেষ হয়নি বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরাইল। তেহরান আবারও পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে এমন অভিযোগ তুলে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বলেন, যেকোনো ধরনের হুমকি মোকাবিলায় ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখা হবে। ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থায় যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা এবং ইরানে আরেকটি বড় ধরনের সামরিক অভিযান চালাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর বেনিয়ামিন নেতানিয়াহুর চাপ প্রয়োগের খবরের মধ্যেই এ হুমকি দিল তেল আবিব।
রোববার ইসরাইলি গণমাধ্যমের বরাত দিয়ে কাটজ বলেন, ‘ইরানের ক্ষেত্রে আমাদের অভিযান এখনও শেষ হয়নি। ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের প্রচেষ্টা আবারও শুরু করার চেষ্টা করছে।’ তবে ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করার অভিযোগ অস্বীকার করে আসছে। তেহরানের দাবি, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।
গত অক্টোবরের শেষ দিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা ধ্বংস হয়ে গেছে। তবে সন্দেহজনক কয়েকটি স্থাপনা এখনও অক্ষত থাকার কথাও স্বীকার করেছিলেন তিনি। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো ইরান পুনর্নির্মাণ করেছে এমন কোনো প্রমাণ তারা পায়নি। তবে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ যাচাই করতে এখনও সক্ষম হয়নি সংস্থাটি।
শুক্রবার হরমুজ প্রণালির কেশম দ্বীপে ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থায় ‘সীমিত হামলার’ কথা স্বীকার করেন ট্রাম্প। তবে একই সঙ্গে তেহরানের সঙ্গে আলোচনায় ওয়াশিংটন ‘অনেক অগ্রগতি’ অর্জন করেছে বলেও দাবি করেন তিনি।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। তাদের ঘোষিত লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করা এবং দেশটিতে ক্ষমতার পরিবর্তন ঘটানো। তবে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও সরকারের বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে হত্যার পরও ইরানের সরকার ক্ষমতায় রয়েছে।
শনিবার ইরানের সামরিক বাহিনী দাবি করেছে, যুদ্ধ শুরুর সময়ের তুলনায় এখন তারা আরও শক্তিশালী।
অন্যদিকে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের পাল্লার ক্ষেত্রে নিজেদের আরোপ করা ২ হাজার কিলোমিটারের সীমা তুলে নেওয়া হয়েছে। গত সপ্তাহে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল নতুন করে হামলা চালালে কোনো ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই তাৎক্ষণিক জবাব দেওয়া হবে।
এদিকে ২৭ অক্টোবরের নির্বাচনে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট পরাজিত হয়েছে। অন্যদিকে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছে ট্রাম্পের রিপাবলিকান পার্টি। ইরান যুদ্ধ নিয়ে জনমনে অসন্তোষ এই পরাজয়ের অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।
এমন পরিস্থিতিতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কাতারের মাধ্যমে ওয়াশিংটনের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছে তেহরান। প্রস্তাবটি পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র। আলোচনায় ফিরতে হলে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং নৌ অবরোধ তুলে নেওয়ার শর্ত দিয়েছে ইরান। এদিকে ইরান সংকটের কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে রাশিয়া। এরইমধ্যে রুশ প্রেসিডেন্ট পুতিন ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ির সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে ইরান যুদ্ধ ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
সময়ের আলো/প্রিন্ট/জেডি