এনভিডিয়া সিইও’র সঙ্গে প্রেম, গুপ্তচরবৃত্তির অভিযোগে আলোচনায় কে এই অ্যালিস । ছবি : সংগৃহীতবিশ্বের শীর্ষ এআই চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের অভিযোগ ঘিরে আলোচনায় এসেছেন চীনা নারী অ্যালিস হুয়াং। শুধু ব্যক্তিগত সম্পর্ক নয়, বেইজিংয়ের হয়ে গুপ্তচরবৃত্তি এবং এনভিডিয়ার ব্যবসায়িক সিদ্ধান্তে প্রভাব বিস্তারের চেষ্টার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।
মার্কিন গোয়েন্দা সংস্থার তদন্তে উঠে এসেছে, হুয়াংয়ের সঙ্গে ঘনিষ্ঠতা কাজে লাগিয়ে এনভিডিয়ার উন্নত প্রযুক্তির চিপ বিক্রিসংক্রান্ত তথ্য সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদও তদন্ত শুরু করেছে।
নিউইয়র্ক টাইমস ও ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের হয়ে কাজ করার অভিযোগ রয়েছে অ্যালিসের বিরুদ্ধে। এদিকে, তার সঙ্গে প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেছেন জেনসেন হুয়াং। একই সঙ্গে স্ত্রীর প্রতি অবিশ্বস্ত আচরণের দায় নিয়ে অনুতাপ প্রকাশ করেছেন তিনি। তবে অ্যালিসের সঙ্গে তার পরিচয়, সম্পর্কের সময়কাল এবং সম্পর্কের প্রকৃতি সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ্যে আসেনি।
কে এই অ্যালিস হুয়াং
অ্যালিস হুয়াংয়ের আরেক নাম হুয়াং লে। তিনি চীনা নাগরিক এবং সিঙ্গাপুরভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেগাস্পিডের সাবেক শীর্ষ নির্বাহী। এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংয়ের সঙ্গে তার কোনো পারিবারিক বা আত্মীয়তার সম্পর্ক নেই।
চীনের একটি বেসরকারি বিনিয়োগ তহবিলের তথ্যভান্ডারে থাকা প্রোফাইল অনুযায়ী, কর্মজীবনের শুরুতে টেলিভিশন সাংবাদিক হিসেবে কাজ করেছেন অ্যালিস। হুনান টিভি ও চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভিতে কাজ করার তথ্য রয়েছে তাঁর সম্পর্কে। পরবর্তী সময়ে এইচএসবিসির প্রাইভেট ব্যাংকিং বিভাগের প্রেসিডেন্টের সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর চীনের বিনিয়োগ প্রতিষ্ঠান সিআইটিআইসি সিকিউরিটিজের ভাইস প্রেসিডেন্ট হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া সাংহাই হেক্সি ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের নির্বাহী পরিচালক ও তহবিল ব্যবস্থাপক হিসেবেও কাজ করেছেন তিনি। প্রতিষ্ঠানটির সঙ্গে চীনা গেমিং কোম্পানি সেভেনরোডের সম্পর্ক রয়েছে।
তবে অ্যালিসের পেশাগত জীবনের এসব তথ্য নিয়ে প্রশ্নও উঠেছে। নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, হুনান টিভির একজন নির্বাহী তাকে চেনেন না বলে জানিয়েছেন। সিসিটিভির ওয়েবসাইটেও তার কোনো প্রোফাইল পাওয়া যায়নি।
জেনসেন হুয়াংয়ের সঙ্গে যেভাবে ঘনিষ্ঠতা
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে, ২০২৪ সালের জুনে তাইওয়ানের একটি বারে প্রথমবারের মতো জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিসকে একসঙ্গে দেখা যায়। ওই সময় গিগাবাইট ও নেটথান্ডারের নির্বাহীদের সঙ্গেও তাদের দেখা গিয়েছিল।
এর কাছাকাছি সময়ে মেগাস্পিড এনভিডিয়ার কাছ থেকে কয়েক বিলিয়ন ডলারের উন্নত এআই চিপ কেনা শুরু করে। পরের বছর মে মাসে তাইওয়ানের একটি রেস্তোরাঁর বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ও হুয়াংয়ের পেছনে অ্যালিসকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
এদিকে, মেগাস্পিডের সঙ্গে এনভিডিয়ার ব্যবসায়িক লেনদেনও তত দিনে মার্কিন কর্তৃপক্ষের নজরে আসে। তদন্তকারীদের অনুসন্ধানে প্রতিষ্ঠানটির একজন শীর্ষ কর্মকর্তার মাধ্যমে বেইজিংয়ে তথ্য পাঠানোর বিষয়টি উঠে এসেছে বলে দাবি করেছে নিউইয়র্ক টাইমস।
চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ
নিউইয়র্ক টাইমস ও ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে উদ্ধৃত একটি গোপন গোয়েন্দা স্মারকলিপিতে বলা হয়েছে, চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় অ্যালিস হুয়াংকে নিয়োগ দিয়েছিল। তার দায়িত্ব ছিল জেনসেন হুয়াং সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা এবং প্রয়োজনে চীনে উন্নত এআই চিপ বিক্রির বিষয়ে এনভিডিয়ার সিদ্ধান্তে প্রভাব বিস্তার করা।
মূলত যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির আধিপত্য বিস্তারের প্রতিযোগিতার প্রেক্ষাপটে বিষয়টি গুরুত্ব পেয়েছে। চীনের প্রযুক্তিগত অগ্রগতি সীমিত করতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন এনভিডিয়ার উচ্চক্ষমতাসম্পন্ন চিপ রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করেছিল।
তবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফেরার পর চীনে চিপ বিক্রির ওপর আরোপিত বিধিনিষেধ শিথিলের পক্ষে অবস্থান নেন জেনসেন হুয়াং। এমন পরিস্থিতিতে এনভিডিয়ার শীর্ষ নির্বাহীর সঙ্গে অ্যালিসের সম্পর্ক এবং প্রতিষ্ঠানটির ব্যবসায়িক সিদ্ধান্তে প্রভাব বিস্তারের কথিত প্রচেষ্টা মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর উদ্বেগ বাড়িয়েছে।
সময়ের আল/এসকে