প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:৩৩ এএম
ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ছবি : সংগৃহীতযুক্তরাষ্ট্রের ব্রুকলিনের কারাগারে বন্দি ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সময় কাটছে কুরআন, বাইবেলসহ বিভিন্ন ধর্মীয় ও দার্শনিক বই পড়ে। কারাগারের ভেতরের পরিস্থিতি সম্পর্কে অবগত কয়েকজন ব্যক্তির বরাতে এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস।
প্রতিবেদন অনুযায়ী, আধ্যাত্মিকতার প্রতি মাদুরোর দীর্ঘদিনের আগ্রহ থাকলেও কারাবন্দি হওয়ার পর তা আরও বেড়েছে। কারারক্ষী ও চ্যাপলেইনদের পাশাপাশি একজন খ্রিষ্টান যাজক এবং একজন ইহুদি রাব্বির সঙ্গেও দেখা করেছেন তিনি।
মাদুরো অতীতে নিজের ইহুদি বংশপরিচয়ের কথা প্রকাশ্যে জানিয়েছিলেন। নিজেকে ডাচ অ্যান্টিলিস থেকে ভেনেজুয়েলায় অভিবাসী হওয়া সেফার্ডিক ইহুদি সম্প্রদায়ের বংশধর বলেও দাবি করেছিলেন। তবে তার ঘনিষ্ঠজনদের ভাষ্য, গ্রেফতারের আগে ইহুদি ধর্মের প্রতি তার বিশেষ আগ্রহ দেখা যায়নি।
ভেনেজুয়েলার ইভাঞ্জেলিক্যাল খ্রিষ্টান জনগোষ্ঠীর সমর্থন পেতেও চেষ্টা করেছিলেন মাদুরো। এ ছাড়া তিনি, তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস এবং উত্তরসূরি দেলসি রদ্রিগেজ ভারতের প্রয়াত আধ্যাত্মিক গুরু সত্য সাই বাবার অনুসারী ছিলেন।
বর্তমানে ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে প্রায় ১ হাজার ৩০০ বন্দির সঙ্গে রয়েছেন মাদুরো। একই কারাগারের সংশ্লিষ্ট ব্লকে একসময় স্যাম ব্যাংকম্যান-ফ্রিড ও লুইজি মানজিওনের মতো আলোচিত বন্দিরাও ছিলেন।
উল্লেখ্য, হাজার হাজার টন কোকেন পাচারে সহযোগিতাসহ একাধিক অভিযোগে যুক্তরাষ্ট্রে মাদুরোর বিচার আগামী বছর শুরু হওয়ার কথা রয়েছে। একই অভিযোগে তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের বিরুদ্ধেও মামলা করা হয়েছে।
সময়ের আলো/এমকে