বৃষ্টির পানিতে ভাসছে তাঁবু, শীতের রাতে খোলা আকাশের নিচে গাজার হাজারো পরিবার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

গাজায় যুদ্ধের ধ্বংসস্তূপের ওপর এবার মরার ওপর খাঁড়ার ঘা হয়ে নেমে এসেছে বন্যা। ভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাসে হাজার হাজার

2026-11-08T22:29:42+00:00
2026-11-08T22:29:42+00:00
 
  রবিবার, ৮ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
রবিবার, ৮ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
বৃষ্টির পানিতে ভাসছে তাঁবু, শীতের রাতে খোলা আকাশের নিচে গাজার হাজারো পরিবার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ১০:২৯ পিএম 
গাজা শহরের রেমাল মহল্লা এলাকায় প্রবল বৃষ্টিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তাঁবুর বাইরে জমে থাকা পানি পরিষ্কার করছেন। ছবি : সংগৃহীত
গাজায় যুদ্ধের ধ্বংসস্তূপের ওপর এবার মরার ওপর খাঁড়ার ঘা হয়ে নেমে এসেছে বন্যা। ভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাসে হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনির তাঁবু ও অস্থায়ী আশ্রয়স্থল প্লাবিত হয়েছে। ভিজে গেছে বিছানা, বালিশ, কাপড়সহ শেষ সম্বলটুকুও। শীতের রাতে আশ্রয়হীন হয়ে পড়েছে অসংখ্য পরিবার, চরম দুর্ভোগে পড়েছে শিশুরা। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় গাজা উপত্যকাজুড়ে বাস্তুচ্যুত মানুষের আশ্রয়শিবিরগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) উত্তর গাজার গাজা শহর থেকে আল জাজিরার সাংবাদিক ইব্রাহিম আল-খলিলি জানান, বহু ফিলিস্তিনি যে অস্থায়ী তাঁবুতে থাকতে বাধ্য হচ্ছেন, সেগুলো প্রতিকূল আবহাওয়া মোকাবিলার জন্য যথেষ্ট নয়।

তিনি বলেন, সাম্প্রতিক ঝড় আশ্রয়ব্যবস্থার ভঙ্গুর অবস্থা স্পষ্ট করে দিয়েছে। কয়েক ঘণ্টার প্রবল বৃষ্টি ও তীব্র বাতাসে পরিবারগুলোর দিনের পর দিন ধরে মজবুত করার চেষ্টা করা তাঁবুগুলো ছিন্নভিন্ন হয়ে গেছে।

আল-খলিলি ভেজা তোশক, বালিশ ও কাপড় পড়ে থাকতে দেখেছেন। তার ভাষ্য অনুযায়ী, প্রায় ৪ লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি এমন এলাকায় আশ্রয় নিয়েছেন, যেগুলো নতুন করে বন্যার ঝুঁকিতে অত্যন্ত বিপজ্জনক হিসেবে বিবেচিত হচ্ছে।

সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনালের মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও পূর্ব ইউরোপের আঞ্চলিক পরিচালক আহমদ আলহেনদাউনি এক বিবৃতিতে বলেন, সপ্তাহান্তে পরিবারগুলো যখন ঘুমিয়ে ছিল, তখন বন্যার পানি তাদের তাঁবুতে ঢুকে পড়ে এবং পুরো শিবির প্লাবিত করে। শীতের পোশাক না থাকায় তীব্র ঠান্ডায় কাঁপছিল শিশুরা। পরিবারগুলো হারিয়েছে তাদের অবশিষ্ট সামান্য জিনিসপত্রও।

তিনি আরও বলেন, এটি শুধু খারাপ আবহাওয়ার ফল নয়। গাজার সীমান্তে তাঁবু, আশ্রয়সামগ্রী ও জ্বালানি অপেক্ষা করছে। অথচ ইসরায়েলি কর্তৃপক্ষের বাধায় সেগুলো প্রবেশ করতে পারছে না। এর মূল্য দিতে হচ্ছে শিশুদের।

প্রবল বৃষ্টিপাতের মধ্যে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা জমে থাকা পানি পরিষ্কার করছেন। ছবি : সংগৃহীত

প্রবল বৃষ্টিপাতের মধ্যে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা জমে থাকা পানি পরিষ্কার করছেন। ছবি : সংগৃহীত


গাজার সরকারি গণমাধ্যম দফতরের তথ্য অনুযায়ী, শুক্রবার গভীর রাত থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টি ও ঝোড়ো বাতাসে প্রায় ৭০ হাজার তাঁবু প্লাবিত হয়েছে। এছাড়া আরও অনেক দেওয়াল ধসে পড়েছে। 

যুদ্ধবিধ্বস্ত গাজায় এমনিতেই ভয়াবহ মানবিক সংকট চলছে। এর মধ্যে বন্যায় দুর্ভোগ আরও বেড়েছে। 

ফিলিস্তিনে ইউনিসেফের বিশেষ প্রতিনিধি জোনাথন ভেচ বলেছেন, গাজার অধিকাংশ মানুষ ভয়াবহ পরিস্থিতির মধ্যে বসবাস করছে। জরুরি সহায়তা পৌঁছে দিতে তিনি আরও তহবিলের আহ্বান জানিয়েছেন।

গাজার সরকারি গণমাধ্যম দফতর জানিয়েছে, ঝড়ে আনুমানিক ৩০ লাখ ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে, বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, ঝড়ের পর তারা অন্তত ১ হাজার ৫০০টি জরুরি ফোনকল পেয়েছে। সংস্থাটির আশঙ্কা, ২ হাজারের বেশি ভবন ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে। বাস্তুচ্যুত মানুষদের পর্যাপ্ত আশ্রয় দিতে অন্তত ৩ লাখ তাঁবু প্রয়োজন।

সূত্র : আল জাজিরা

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   বৃষ্টির পানি  তাঁবু  শীতের রাত  খোলা আকাশ  গাজা  হাজারো পরিবার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: