প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ১০:১৯ পিএম
২০২৯ সালের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদির সরকারের পতন হবে বলে দাবি করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। ছবি : সংগৃহীত২০২৯ সালের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদির সরকারের পতন হবে বলে দাবি করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তিনি বলেছেন, নির্বাচনের মাধ্যমেই ক্ষমতার পরিবর্তন ঘটবে। তবে এ জন্য দেশে স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচনী ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
শনিবার (৭ নভেম্বর) ভারতের কেরালার কোচিতে সিজেপির ‘যন্তর মন্তর অ্যাট কোচি’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন দীপকে।
বিজেপির ক্ষমতায় টিকে থাকার দাবির জবাবে তিনি বলেন, ‘২০২৯ সালের জন্য প্রস্তুত থাকুন। তিনি অবশ্যই ক্ষমতা ছাড়বেন।’
এ সময় উপস্থিত জনতার উদ্দেশে বারবার প্রশ্ন করেন, ২০২৯ সালে মোদি ক্ষমতা হারাবেন কি না। তার প্রশ্নে বিক্ষোভকারীরা উল্লাস প্রকাশ করেন।
নির্বাচনী ব্যবস্থার নিরপেক্ষতা নিশ্চিত করতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেন দীপকে। তিনি বলেন, ‘জ্ঞানেশ কুমারকে যেতেই হবে। তিনি গেলে নরেন্দ্র মোদিও যাবেন।’
মোদি সরকারের বিরুদ্ধে মানুষের ব্যক্তিগত জীবন ও রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ন্ত্রণের চেষ্টার অভিযোগও করেন তিনি। তার দাবি, সরকার মানুষের খাদ্যাভ্যাস, বিয়ে এবং ভোট দেওয়ার সিদ্ধান্তেও হস্তক্ষেপ করতে চাইছে। বিশেষ করে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়াকে নির্বাচনের ফলাফলে প্রভাব বিস্তারের হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তোলেন তিনি।
দীপকে বলেন, ‘প্রথমে তারা নিয়ন্ত্রণ করতে চেয়েছিল আপনারা কী খাবেন, এরপর কাকে আপনারা ভালোবাসবেন বা বিয়ে করবেন, আর এখন তারা এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে যেখানে তারা নিয়ন্ত্রণ করতে চায় আপনারা কাকে ভোট দেবেন।’
কোচির রাজেন্দ্র ময়দানে আয়োজিত সমাবেশে বিভিন্ন বয়সী বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। এর আগে মেরিন ড্রাইভ থেকে রাজেন্দ্র ময়দান পর্যন্ত প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন অভিনেতা প্রকাশ রাজ।
সূত্র : হিন্দুস্তান টাইমস
সময়ের আলো/এমকে