নেতানিয়াহুর প্রধানমন্ত্রিত্বকে চ্যালেঞ্জ করা কে এই গাদি আইজেনকোট?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘদিনের রাজনৈতিক আধিপত্যে চ্যালেঞ্জ তৈরি করেছেন দেশটির সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট। সাম্প্রতিক নির্বাচনে কোনো পক্ষ একক

2026-11-08T20:13:14+00:00
2026-11-08T20:13:14+00:00
 
  রবিবার, ৮ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
রবিবার, ৮ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
নেতানিয়াহুর প্রধানমন্ত্রিত্বকে চ্যালেঞ্জ করা কে এই গাদি আইজেনকোট?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ৮:১৩ পিএম 
ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘদিনের রাজনৈতিক আধিপত্যে চ্যালেঞ্জ তৈরি করেছেন দেশটির সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট। সাম্প্রতিক নির্বাচনে কোনো পক্ষ একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন ৬৬ বছর বয়সী এই রাজনীতিক। তবে ফিলিস্তিন ইস্যুতে তার অবস্থান এবং রাজনৈতিক সমীকরণ নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন।

১৯৬০ সালে জন্ম নেওয়া আইজেনকোটের বাবা-মা মরক্কো থেকে ইসরায়েলে অভিবাসী হয়েছিলেন। ১৯৭৮ সালে ইসরায়েলি সেনাবাহিনীর গোলানি পদাতিক ব্রিগেডে যোগ দিয়ে চার দশকের সামরিক জীবন শুরু করেন তিনি। ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

সামরিক জীবন শেষে ২০২২ সালে বেনি গান্টজের ন্যাশনাল ইউনিটি পার্টিতে যোগ দিয়ে রাজনীতিতে প্রবেশ করেন তিনি। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর নেতানিয়াহুর জরুরি সরকারে যোগ দিলেও গাজা যুদ্ধের কৌশল ও যুদ্ধ-পরবর্তী পরিকল্পনা নিয়ে মতবিরোধের জেরে ২০২৪ সালের জুনে পদত্যাগ করেন। পরে ২০২৫ সালের সেপ্টেম্বরে নিজের রাজনৈতিক দল ‘ইয়াশার’ প্রতিষ্ঠা করেন।

ফিলিস্তিন ইস্যুতে অবস্থান কী?

নেতানিয়াহুর বিরোধী হলেও ফিলিস্তিন প্রশ্নে আইজেনকোটকে উদারপন্থী বলা যায় না। তিনি নিরাপত্তাকেন্দ্রিক সামরিক নীতির সমর্থক। গাজায় হামাসের শাসনের অবসান চান এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের বিরোধিতা করেছেন। তবে পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত করা এবং নতুন বসতি স্থাপনের কিছু উদ্যোগের বিরোধিতা করেন।

গাজা যুদ্ধে নিজের ২৫ বছর বয়সী ছেলে গাল মেইর আইজেনকোট ও দুই ভাতিজাকে হারিয়েছেন তিনি। একই সঙ্গে ৭ অক্টোবরের হামলা প্রতিরোধে ব্যর্থতার কারণ অনুসন্ধানে স্বাধীন তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন।


সরকার গঠনে চ্যালেঞ্জ

১২০ আসনের ইসরায়েলি পার্লামেন্ট ‘নেসেট’-এ নেতানিয়াহুর জোট পেয়েছে ৫৩টি আসন। অন্যদিকে আইজেনকোটের নেতৃত্বাধীন সম্ভাব্য বিরোধী জোটের আসন ৪৮টি। সরকার গঠনে প্রয়োজন ৬১টি আসন। ফলে আরব দলগুলোর সমর্থন কিংবা অন্য দলের সঙ্গে সমঝোতা ছাড়া আইজেনকোটের পক্ষে সরকার গঠন কঠিন।

প্রেসিডেন্টের কাছ থেকে প্রাথমিকভাবে ২৮ দিন সময় পেয়েছেন তিনি। প্রয়োজনে আরও ১৪ দিন সময় বাড়ানো যাবে। এই সময়ের মধ্যে সমর্থন নিশ্চিত করতে না পারলে অন্য কাউকে সরকার গঠনের দায়িত্ব দেওয়া হতে পারে।

সময়ের আলো/এমকে/টিকে
  বিষয়:   নেতানিয়াহু  প্রধানমন্ত্রিত্ব  চ্যালেঞ্জ  গাদি আইজেনকোট  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: