ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েলে নতুন জোট সরকার গঠনের দায়িত্ব বিরোধী নেতা গাদি আইজেনকটকে দিতে যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। গত সপ্তাহের নির্বাচনে প্রধানমন্ত্রী

2026-11-08T08:10:51+00:00
2026-11-08T08:10:51+00:00
 
  রবিবার, ৮ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
রবিবার, ৮ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ৮:১০ এএম 
গাদি আইজেনকট। ছবি : সংগৃহীত
ইসরায়েলে নতুন জোট সরকার গঠনের দায়িত্ব বিরোধী নেতা গাদি আইজেনকটকে দিতে যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। গত সপ্তাহের নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও আইজেনকট—কোনো পক্ষই পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সরকার গঠনের জন্য আইজেনকট ২৮ দিন সময় পাবেন। প্রয়োজনে এ সময় আরও ১৪ দিন বাড়ানো হতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সাবেক এই সামরিক প্রধান লিখেছেন, ‘এখন একটি জাতীয় জরুরি সরকার গঠনের সময়। আমরা যেন সেই দায়িত্ব পালনের যোগ্য হই, তা নিশ্চিত করতে আমি সবকিছু করব।’

ইসরায়েলের পার্লামেন্টের নাম নেসেট। এর মোট আসন ১২০টি। নির্বাচনে নেতানিয়াহুর ডানপন্থি লিকুদ পার্টি এবং তাদের কট্টর ডানপন্থি ও অতি-গোঁড়া ইহুদি মিত্ররা পেয়েছে ৫৩টি আসন। অন্যদিকে আইজেনকটের মধ্যপন্থি ইয়াশার পার্টি এবং তাঁর জোটের আরও তিনটি ইহুদি বিরোধী দল পেয়েছে ৪৮টি আসন।

এবারের নির্বাচনে আরব নেতৃত্বাধীন দুটি জোট—ইউনাইটেড আরব লিস্ট ও জয়েন্ট লিস্ট—মোট ১৯টি আসন পেয়েছে। আরব ভোটারদের ব্যাপক অংশগ্রহণের ফলে এই প্রথম তারা এত বেশি আসন পেল। ফলে সরকার গঠনে তাদের সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে ইহুদি দলগুলোর মধ্যে একটি ছাড়া বাকি সব দলই নির্বাচনের আগে আরব দলগুলোর সঙ্গে সরকার গঠনে অংশ না নেওয়ার অঙ্গীকার করেছিল।

সপ্তাহজুড়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শেষে আইজেনকটকে সরকার গঠনের প্রথম সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট হারজগ। প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এ সিদ্ধান্তের কথা আইজেনকট ও নেতানিয়াহু—দুজনকেই জানানো হয়েছে।

নবনির্বাচিত নেসেট সদস্যদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর আইজেনকট প্রধানমন্ত্রী হওয়ার পক্ষে ৬৭টি সুপারিশ পেয়েছেন। অন্যদিকে নেতানিয়াহু পেয়েছেন ৪৬টি।

ইসরায়েলের প্রেসিডেন্টের হাতে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে বিস্তৃত ক্ষমতা রয়েছে। যিনি জোট গঠনে সবচেয়ে বেশি সক্ষম বলে মনে করেন, তাকেই এ দায়িত্ব দিতে পারেন তিনি। সবচেয়ে বেশি আসন পাওয়া দলের নেতাকেই যে দায়িত্ব দিতে হবে, এমন বাধ্যবাধকতা নেই।

নির্বাচনের ফলাফলে সরকার গঠনের তিনটি সম্ভাব্য পথ সামনে এসেছিল। প্রথমটি, নেতানিয়াহু ও আইজেনকটের অংশগ্রহণে জাতীয় ঐক্যের সরকার। দ্বিতীয়টি, আইজেনকটের জোট থেকে কয়েকজন সদস্যকে ভাগিয়ে এনে নেতানিয়াহুর নেতৃত্বে ডানপন্থি সরকার। আর তৃতীয়টি, আরব দলগুলোর সমর্থনে আইজেনকটের নেতৃত্বে সরকার গঠন।


আইজেনকট এবং তার জোটের একজন ছাড়া বাকি সব সদস্যই আগে আরব দলগুলোর সঙ্গে সরকার গঠনে অংশ না নেওয়ার কথা জানিয়েছেন। তবে এ বিষয়ে সমঝোতার সম্ভাবনা নিয়ে আলোচনা রয়েছে। অতি-গোঁড়া ইহুদি দলগুলোর সঙ্গে সমঝোতার চেষ্টাও করতে পারেন তিনি। যদিও সেই পথও সহজ হবে না।

ইসরায়েলে জাতীয় ঐক্যের সরকার গঠনের নজির রয়েছে। ২০২০ সালে টানা তিনটি নির্বাচনে অচলাবস্থার পর নেতানিয়াহু ও তার মধ্যপন্থি প্রতিদ্বন্দ্বী বেনি গান্তজ ক্ষমতা ভাগাভাগির চুক্তিতে সম্মত হন। ওই চুক্তি অনুযায়ী, দুজন পর্যায়ক্রমে সরকারপ্রধানের দায়িত্ব পালন করেন।

বিভিন্ন দলের সঙ্গে আলোচনার সময় প্রেসিডেন্ট হারজগ বলেছিলেন, আরেকটি নির্বাচন এড়ানো এবং স্থিতিশীল সরকার গঠনের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে বর্তমান বাস্তবতা বিবেচনায় নিতে হবে। সব প্রতিশ্রুতি ও অঙ্গীকার পূরণ করা সম্ভব না-ও হতে পারে—দলগুলোর তা বোঝা উচিত।

২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত ইসরায়েলের রাজনীতিতে চরম বিভক্তি দেখা যায়। ওই সময়ে নেতানিয়াহু ও তার প্রতিদ্বন্দ্বীরা বারবার সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হওয়ায় পাঁচবার নির্বাচন অনুষ্ঠিত হয়। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   ইসরায়েল  সরকার গঠন  দায়িত্ব  আইজেনকট 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: