যুদ্ধ শেষে ইউক্রেনের মানচিত্র বদলে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের । ছবি : সংগৃহীতরাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটলে ইউক্রেনের বর্তমান ভৌগোলিক চিত্র আর আগের মতো নাও থাকতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের বক্তব্যে যুদ্ধপরবর্তী ইউক্রেনের ভৌগোলিক সীমানা পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত রয়েছে। তবে যুদ্ধ শেষে ইউক্রেনের সার্বভৌমত্ব ও স্বাধীনতা অক্ষুণ্ন থাকবে কি না, সে বিষয়ে কোনো স্পষ্ট আশ্বাস দেননি তিনি।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। এ সপ্তাহে রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা শুরুর আগে দেওয়া সাক্ষাৎকারে তিনি আশা প্রকাশ করেন, কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিনের এই যুদ্ধের অবসান সম্ভব হবে।
ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, আমরা এটি সম্পন্ন করতে পারব। আমার বিশ্বাস, এটি ঘটবে এবং শেষ পর্যন্ত ইউক্রেনের চেহারা কিছুটা বদলে যাবে।’
বিশেষজ্ঞদের ধারণা, ট্রাম্পের এই বক্তব্যের মধ্য দিয়ে যুদ্ধ বন্ধের বিনিময়ে ইউক্রেনের কিছু ভূখণ্ডের ওপর নিয়ন্ত্রণ হারানোর সম্ভাবনাই সামনে এসেছে। অর্থাৎ, শান্তি প্রতিষ্ঠার জন্য কিয়েভকে কিছু ভূখণ্ড ছেড়ে দেওয়ার বাস্তবতা মেনে নিতে হতে পারে।
ট্রাম্পের প্রত্যাশা, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠেয় ত্রিপক্ষীয় বৈঠক থেকে যুদ্ধ অবসানের পথ বেরিয়ে আসবে। এ ছাড়া চীনের শেনজেনে একটি সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে ইউক্রেন ও ইরান যুদ্ধ নিয়ে আলোচনা করার পরিকল্পনাও রয়েছে তার।
শান্তি আলোচনায় সবচেয়ে জটিল বিষয় হয়ে উঠেছে রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের ভূখণ্ডের ভবিষ্যৎ। বর্তমানে দেশটির প্রায় ২০ শতাংশ এলাকা রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। এসব ভূখণ্ডের বড় অংশ পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শর্ত, ইউক্রেনীয় সেনাদের দোনেৎস্ক ও লুহানস্ক থেকে প্রত্যাহার করতে হবে। অন্যথায় যুদ্ধবিরতি সম্ভব নয়। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশের আইন অনুযায়ী এসব ভূখণ্ড ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই।
ট্রাম্পের মতে, যুদ্ধ বন্ধের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে পুতিন ও জেলেনস্কির পারস্পরিক বৈরিতা। দুই নেতার মধ্যে বিদ্বেষের কারণে সমঝোতায় পৌঁছানো কঠিন হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।
এদিকে আবুধাবিতে অনুষ্ঠেয় আলোচনায় ভূখণ্ডগত বিরোধের পাশাপাশি ইউরোপের নিরাপত্তাব্যবস্থা নিয়েও আলোচনা হতে পারে। ট্রাম্পের জামাতা ও শান্তিবিষয়ক দূত জ্যারেড কুশনার ন্যাটো-রাশিয়া কাউন্সিল পুনরুজ্জীবিত করার প্রস্তাব দিতে পারেন। ২০১৪ সালে রাশিয়ার ক্রিমিয়া দখলের পর থেকে কার্যত নিষ্ক্রিয় রয়েছে এই কাউন্সিল। সামরিক উত্তেজনা কমানো এবং দুই পক্ষের মধ্যে যোগাযোগ বজায় রাখাই ছিল এর অন্যতম উদ্দেশ্য।
তবে আলোচনায় ইউরোপীয় কর্মকর্তারা সরাসরি অংশ নেবেন না বলে জানিয়েছে ক্রেমলিন। যদিও আলোচনার অগ্রগতি সম্পর্কে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোকে অবহিত করা হতে পারে।
অন্যদিকে ইরান যুদ্ধ নিয়েও নতুন করে মন্তব্য করেছেন ট্রাম্প। সংঘাত বাড়াতে ইরানে আবার হামলা চালানোর কোনো প্রয়োজন দেখছেন না বলে জানিয়েছেন তিনি। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, তেহরানের দাবিগুলো গ্রহণযোগ্য না হওয়ায় আলোচনায় এখনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অবশ্য জানিয়েছেন, যুদ্ধ ও শান্তির মধ্যবর্তী অনিশ্চয়তার অবসান ঘটাতে দেশটির সর্বোচ্চ নেতা আলোচনার নির্দেশ দিয়েছেন। তবে আলোচনার মাধ্যমে নিজেদের অধিকার আদায়ে ইরান আগ্রহী হলেও শক্তি প্রয়োগ কিংবা চাপের মুখে দেশটি আত্মসমর্পণ করবে না বলে জানিয়েছেন তিনি।
সময়ের আলো/এসকে