প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:৩২ পিএম
এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং । ছবি : সংগৃহীতবিশ্বের শীর্ষ এআই চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংকে ঘিরে চীনের গুপ্তচরবৃত্তির অভিযোগ নাকচ করেছে বেইজিং।
সোমবার (৯ নভেম্বর) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ অভিযোগকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ ও ‘উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ বলে আখ্যা দিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, বিষয়টি নিয়ে চীন আগেও নিজেদের অবস্থান জানিয়েছে। তথাকথিত চীনা গুপ্তচরের বয়ান সম্পূর্ণ ভিত্তিহীন এবং চীনকে হেয় করার অপচেষ্টা।
এদিকে, বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত বিদেশি গোয়েন্দা তৎপরতার অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের সঙ্গে কথিত চীনা গুপ্তচরের সম্পর্কের বিষয়টি সামনে আসার পর এ পদক্ষেপ নেয়া হয়।
ওই নারীকে অ্যালিস হুয়াং নামে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। তার পেশাগত জীবনের শুরু টেলিভিশন সাংবাদিকতা দিয়ে। তিনি হুনান টিভি ও চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভিতে কাজ করেছেন বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। পরে এইচএসবিসি ব্যাংক এবং চীনের কয়েকটি আর্থিক ও বিনিয়োগ প্রতিষ্ঠানে কাজ করেছেন বলেও জানা গেছে। তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি উইয়ন।
অপরদিকে, স্ত্রী ও সন্তানদের কাছে পাঠানো এক ইমেইলে জেনসেন হুয়াং পরকীয়ার কথা স্বীকার করে ক্ষমা চেয়েছেন। তিনি লিখেছেন, ‘আমি আমার স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি। আমার কাজ স্ত্রী ও সন্তানদের কষ্ট দিয়েছে। এর কোনো অজুহাত নেই। আমি গভীরভাবে দুঃখিত।’
সময়ের আলো/এসকে