এক জলবিদ্যুৎকেন্দ্রে আলোকিত হচ্ছে সাড়ে ৭ কোটি মানুষ

এমএকে জিলানী (ইউনান) চীন থেকে ফিরে

আন্তর্জাতিক

চীনের বাইহেতান জলবিদ্যুৎকেন্দ্র বিশ্বের বৃহত্তম পরিচ্ছন্ন শক্তি করিডোর, যা ৭ কোটি ৫০ লাখ মানুষের পারিবারিক চাহিদা পূরণ করেছে। কয়েক দশকের

2026-11-10T02:05:51+00:00
2026-11-10T02:05:51+00:00
 
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
এক জলবিদ্যুৎকেন্দ্রে আলোকিত হচ্ছে সাড়ে ৭ কোটি মানুষ
এমএকে জিলানী (ইউনান) চীন থেকে ফিরে
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ২:০৫ এএম 
চীনের বাইহেতান জলবিদ্যুৎকেন্দ্র। ছবি : সংগৃহীত
চীনের বাইহেতান জলবিদ্যুৎকেন্দ্র বিশ্বের বৃহত্তম পরিচ্ছন্ন শক্তি করিডোর, যা ৭ কোটি ৫০ লাখ মানুষের পারিবারিক চাহিদা পূরণ করেছে। কয়েক দশকের পরিকল্পনা এবং প্রচণ্ড তাপপ্রবাহ, নড়বড়ে ভূতাত্ত্বিক গঠন ও ভূমিকম্পের ঝুঁকির সঙ্গে লড়াইয়ের পর জিনশা রিভার স্টেশনটি ২০২১ সাল থেকে ২৫০ বিলিয়ন কিলোওয়াট-ঘণ্টারও বেশি বিদ্যুৎ উৎপাদন করেছে। বাইহেতান জলবিদ্যুৎকেন্দ্রের অপারেশনস ডিপার্টমেন্টের শিফট-১-এর শিফট সুপারভাইজার লুও ইউয়ানওয়াং গত ২৮ অক্টোবর এই প্রকল্পটি সরেজমিন ঘুরে দেখার সময় এমন তথ্য জানান।

লুও ইউয়ানওয়াং জানান, জিনশা নদীর ওপর একটি খাড়া গিরি খাতে অবস্থিত বাইহেতান জলবিদ্যুৎকেন্দ্রটি চলতি বছর জুনের মধ্যে ২৫০ বিলিয়ন কিলোওয়াট-ঘণ্টার বেশি বিদ্যুৎ উৎপাদন করেছিল। এটিকে বিশ্বের বৃহত্তম পরিচ্ছন্ন শক্তি করিডোর বলা হয়, যা ৭ কোটি ৫০ লাখ মানুষের পারিবারিক চাহিদা পূরণ করেছে। বর্তমানে এই প্রকল্পে প্রায় ৪০০ জন কর্মরত আছেন।

জানা গেছে, বাইহেতান জলবিদ্যুৎকেন্দ্র হলো জিনশা নদীর ভাটিতে অবস্থিত চারটি জলবিদ্যুৎ ক্যাসকেড প্রকল্পের মধ্যে দ্বিতীয়, যা উডংদের পরে এবং জিলুওডু ও শিয়াংজিয়াবার আগে অবস্থিত। এটি সিচুয়ান প্রদেশের নিংনান কাউন্টি এবং ইউনান প্রদেশের কিয়াওজিয়া কাউন্টিতে, উডংদে থেকে প্রায় ১৮২ কিমি ও শিলুওডু জলবিদ্যুৎকেন্দ্র থেকে ১৯৫ কিমি উজানে অবস্থিত। প্রকল্পটি ৪৩০৩০০ বর্গ কিলোমিটারের একটি জলাধার এলাকা নিয়ন্ত্রণ করে, যা বাঁধ এলাকার উজানে জিনশা নদী অববাহিকার ৯১ শতাংশ। 

বাইহেতান জলবিদ্যুৎকেন্দ্রের প্রধান উদ্দেশ্য হলো বিদ্যুৎ উৎপাদন, পাশাপাশি এটি বন্যা নিয়ন্ত্রণ ও নৌ চলাচলের কাজ করে এবং স্থানীয় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সহায়তা করে। জলাধারটির মোট ধারণক্ষমতা ২০ দশমিক ৬২৭ বিলিয়ন ঘনমিটার, যার মধ্যে ১০.৪৩৬ বিলিয়ন ঘনমিটার নিয়ন্ত্রণমূলক এবং ৭.৫ বিলিয়ন ঘনমিটার বন্যা নিয়ন্ত্রণমূলক ধারণক্ষমতার অন্তর্ভুক্ত। বিদ্যুৎকেন্দ্রটির স্থাপিত ক্ষমতা ১৬০০০ মেগাওয়াট, যার গড় বার্ষিক বিদ্যুৎ উৎপাদন ৬২.৪৪৩ বিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা এবং নিশ্চিত উৎপাদন ৫৫০০ মেগাওয়াট। প্রকল্পটির প্রধান কাঠামোগুলোর মধ্যে রয়েছে নদী-অবরোধকারী বাঁধ, বন্যা নিষ্কাশন ও শক্তি ক্ষয় ব্যবস্থা এবং পানি পরিবহন ও বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা।

এই বাঁধটি একটি কংক্রিটের দ্বি-বক্রতাযুক্ত খিলান বাঁধ, যার শীর্ষ উচ্চতা ৮৩৪.০০ মিটার। এর ভিত্তির মধ্যে একটি কুশন স্ল্যাব এবং দুটি সহায়ক বাঁধ রয়েছে। বন্যা নিষ্কাশন এবং শক্তি ক্ষয়ের ব্যবস্থাগুলোর মধ্যে রয়েছে বাঁধের মূল অংশে ছয়টি ভূপৃষ্ঠস্থ নির্গমন পথ, সাতটি গভীর নির্গমন পথ এবং বাম তীরে তিনটি বন্যা নিষ্কাশন সুড়ঙ্গ। ভূগর্ভস্থ বিদ্যুৎকেন্দ্রটি বাম ও ডান তীরে প্রতিসমভাবে বিন্যস্ত এবং প্রতিটি বিদ্যুৎকেন্দ্রে আটটি করে ১০০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ফ্রান্সিস টারবাইন-জেনারেটর ইউনিট রয়েছে। নির্মাণকালে সারা বছর ধরে টানেলের মাধ্যমে বিদ্যুৎ প্রবাহ বজায় রাখা হয়েছিল। বাইহেতানকে চীনের বৃহৎ পরিসরের পরিবেশবান্ধব জ্বালানি প্রযুক্তির অগ্রগতির প্রতীক বলা হয়। এই মাপের জলবিদ্যুৎ দূরবর্তী লোড কেন্দ্রগুলোতে স্থিতিশীল ও স্বল্প কার্বনযুক্ত বিদ্যুৎ সরবরাহ করার পাশাপাশি দেশের অন্যতম প্রধান একটি নদীর বন্যা নিয়ন্ত্রণেও সহায়তা করে।

১৯৯১ সালে বাইহেতান জলবিদ্যুৎকেন্দ্রের প্রাথমিক কাজ পুরোদমে শুরু হয়েছিল। গত ২০১০ সালের অক্টোবরে জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন (এনডিআরসি) বাইহেতান জলবিদ্যুৎকেন্দ্রের প্রাথমিক কাজের অনুমোদন দেয়। ওই বছরের ডিসেম্বরে সিচুয়ান প্রাদেশিক গণ-সরকার প্রকল্পটির নির্মাণ অনুমোদনপত্র জারি করে এবং এরপর ২০১১ সালের জানুয়ারিতে ইউনান প্রাদেশিক গণ-সরকারও তা অনুমোদন দেয়। 

এরপর ২০১১ সালের জুন মাসে চায়না থ্রি গর্জেস করপোরেশন প্রকল্পটির জন্য প্রস্তুতিমূলক কাজ শুরু করে এবং গত ২০১৫ সালের নভেম্বর মাসে নদীটি বন্ধ করার কাজ সম্পন্ন হয়। এরপর ২০১৭ সালেরর আগস্টে প্রধান কাজগুলোর নির্মাণকাজ শুরু হয়েছিল এবং ২০২১ সালের মে মাসে প্রধান বাঁধের চূড়া পর্যন্ত কংক্রিট ঢালাইয়ের কাজ সম্পন্ন হয় ও জলাধারে পানি জমার কাজ শুরু হয়। ২০২১ সালের জুন মাসে প্রথম ব্যাচের জেনারেটিং ইউনিটগুলো চালু করা হয়েছিল এবং ২০২২ সালের ডিসেম্বরে সব জেনারেটিং ইউনিট চালু করা হয়েছিল। গত ২০২৩ সালের জুন মাসে প্রকল্পটি সম্পন্ন হয়।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 





  
  বিষয়:   জলবিদ্যুৎকেন্দ্র  আলোকিত  ৭ কোটি মানুষ  বাইহেতান 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: