যুদ্ধ শেষের ইঙ্গিত ট্রাম্পের, ইরানের ওপর অবরোধ বহাল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ কার্যত শেষের দিকে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধ শেষের

2026-11-10T09:02:55+00:00
2026-11-10T09:02:55+00:00
 
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
যুদ্ধ শেষের ইঙ্গিত ট্রাম্পের, ইরানের ওপর অবরোধ বহাল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:০২ এএম 
ছবি : সংগৃহীত
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ কার্যত শেষের দিকে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধ শেষের সম্ভাবনার কথা বললেও ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তিনি। একই সঙ্গে পরিস্থিতির পরিবর্তন হলে আবারও সামরিক অভিযান শুরুর প্রস্তুতি রয়েছে বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

স্থানীয় সময় সোমবার (৯ নভেম্বর) ওয়াশিংটন ডিসিতে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর আকস্মিক এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ট্রাম্প।

সংবাদ সম্মেলনে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করে দিয়েছে। তার ভাষায়, সামরিক দিক থেকে ইরান কার্যত শেষ। এখন শুধু বর্তমান পরিস্থিতি ধরে রাখা হচ্ছে। প্রতিবেশী দেশগুলোর অনুরোধেই এমন অবস্থান বজায় রাখা হয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন ট্রাম্প। বৈঠকে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা এগিয়ে নেওয়া এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্ব পায়।

বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কাতারের প্রধানমন্ত্রী জানান, আঞ্চলিক পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা এগিয়ে নেওয়ার উপায় নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে। একটি চুক্তিতে পৌঁছানো এবং অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে ইতিবাচক আলোচনার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তবে যুদ্ধ শেষের ইঙ্গিত দিলেও ইরানের ওপর চাপ অব্যাহত রাখার কথা জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন নৌ অবরোধ বহাল থাকবে। পাশাপাশি স্থলপথ ও কাস্পিয়ান সাগর দিয়ে ইরানের বাণিজ্য বন্ধে সম্প্রতি ঘোষিত ‘টাস্ক ফোর্স আয়রন গেট’-এর কার্যক্রমও চলবে।

ট্রাম্পের দাবি, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতসহ আঞ্চলিক মিত্ররা বর্তমান পরিস্থিতি বজায় রাখার পক্ষে। তিনি এই অবরোধকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে, এমনকি সম্ভবত বিশ্বের ইতিহাসেও সবচেয়ে বড় নৌ অবরোধ বলে উল্লেখ করেন।

প্রয়োজনে আবারও সামরিক পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি রয়েছে জানিয়ে ট্রাম্প বলেন, এই মুহূর্তে সামরিক অভিযান খুব একটা প্রয়োজনীয় বলে মনে হচ্ছে না। তবে পরিস্থিতির পরিবর্তন হলে যেকোনো সময় ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র।

তিনি আরও বলেন, ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ইরানের হুমকি থেকে সুরক্ষিত রাখা হয়েছে। তার ধারণা, খুব শিগগিরই যুদ্ধের অবসান হতে পারে।


ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান ইরানের

এদিকে ট্রাম্পের যুদ্ধ শেষের বক্তব্য প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়ি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ ইতোমধ্যে মার্কিন সরকারকে বিপর্যস্ত করেছে। ওয়াশিংটন এখন মরিয়া জুয়াড়ির মতো আচরণ করছে।

যুক্তরাষ্ট্রকে উদ্দেশ করে তিনি বলেন, ‘তাস গুটিয়ে নিন। কল্পিত আলোচনা নিয়ে ভুয়া খবর তৈরি করা বন্ধ করুন।’

অন্যদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এমন এক পরিস্থিতির অবসান চান, যেটিকে তিনি ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ বলে বর্ণনা করেছেন।

ইরানি সংবাদমাধ্যমের বরাতে পেজেশকিয়ান বলেন, তেহরান আলোচনায় বসতে প্রস্তুত। তবে কোনো ধরনের চাপ বা জবরদস্তির কাছে নতি স্বীকার করবে না। তার ভাষায়, শক্তি প্রয়োগ ও দাদাগিরির কাছে আত্মসমর্পণ করবে না ইরান।

হরমুজ প্রণালি ঘিরে অস্থিরতা

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর সংঘাত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। এর প্রভাবে আন্তর্জাতিক বাণিজ্যেও বড় ধরনের অস্থিরতা তৈরি হয়। হামলা শুরুর পরপরই ইরান গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। বিশ্ববাজারে তেল, গ্যাস ও সার পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যের বড় একটি অংশ পরিচালিত হয়।

মার্কিন ও ইসরায়েলি হামলার জবাবে ইরান কাতার, বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এসব হামলার অনেকগুলোর লক্ষ্য ছিল মার্কিন সামরিক স্থাপনা।

সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের অন্যান্য এলাকাতেও। সৌদি আরব ইরান-সমর্থিত হুতিদের বিরুদ্ধে নতুন করে লড়াই শুরু করেছে। অন্যদিকে, দক্ষিণ লেবাননে ইসরায়েলের দখলদারত্ব ও প্রাণঘাতী বিমান হামলা আঞ্চলিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

যুদ্ধ শুরুর প্রায় নয় মাসের মাথায় ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অনেকটাই অনিয়মিত হয়ে পড়েছে। মাঝেমধ্যে দুই পক্ষের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটছে। সাম্প্রতিক দিনগুলোতে ট্রাম্প প্রশাসন ইরানের কেশম দ্বীপে সীমিত পরিসরে হামলার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি-সংক্রান্ত তথ্যের জন্য ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে।

এর আগে ২০২৫ সালের জুনে ১২ দিনের যুদ্ধ শেষে ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। তবে পরবর্তী সময়ে দেশটির পারমাণবিক কর্মসূচি বন্ধ করাকে চলমান যুদ্ধের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে তুলে ধরেছেন তিনি। অন্যদিকে, ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে। তেহরানের দাবি, বেসামরিক জ্বালানি উৎপাদনের জন্যই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি পরিচালিত হচ্ছে।

যুদ্ধ বন্ধে ইরানের সাত শর্ত

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কাছে সাতটি শর্ত দিয়েছে ইরান। এর মধ্যে রয়েছে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা ইরানি অর্থ ছাড়, ওমানের সঙ্গে সমন্বয় করে হরমুজ প্রণালিতে নতুন নৌপথের স্বীকৃতি এবং লেবাননে ইসরায়েলি হামলাসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা।

সংঘাত নিরসনে কাতার গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করছে। দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যোগাযোগ রক্ষায় কাজ করছেন। সোমবারের রুদ্ধদ্বার বৈঠকে তিনি যুদ্ধ বন্ধে ইরানের পক্ষ থেকে দেওয়া দুই দিনের একটি প্রস্তাব ট্রাম্পের কাছে তুলে ধরেছেন বলে জানা গেছে।


বৈঠকের পর সাংবাদিকেরা ট্রাম্পকে প্রশ্ন করেন, সংঘাতের অবসান ঘোষণা করে বিষয়টি এখানেই শেষ করে দেওয়া হচ্ছে না কেন?

জবাবে ট্রাম্প বলেন, আঞ্চলিক নিরাপত্তার স্বার্থেই অবরোধ অব্যাহত রাখা প্রয়োজন। তিনি স্বল্পমেয়াদি সমাধানের পরিবর্তে দীর্ঘমেয়াদি সমাধানের ওপর গুরুত্ব দেন।

ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কয়েকজন গুরুত্বপূর্ণ মিত্র রয়েছে। তাদের যেন কোনো ধরনের ক্ষতির মুখে পড়তে না হয়, তা নিশ্চিত করতে হবে।

তিনি আরও দাবি করেন, ছয় মাস আগের তুলনায় মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন অনেক বেশি নিরাপদ। তবে ইরান এখনো অঞ্চলটিতে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   যুদ্ধ  ট্রাম্প  ইরান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: