প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১১:২৩ এএম
ছবি : সংগৃহীত চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ ওঠা এক নারী ব্যবসায়ীর সঙ্গে সংশ্লিষ্টতার খবর প্রকাশের পর এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের দাবি, ওই নারী যে গুপ্তচর, তা জেনসেন হুয়াং জানতেন না বলে তাকে জানিয়েছেন।
সোমবার (৯ নভেম্বর) হোয়াইট হাউসে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন ট্রাম্প।
এর আগে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, চীনা ব্যবসায়ী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা, অ্যালিস হুয়াং চীনা সরকারের হয়ে গুপ্তচরবৃত্তি করেন। তবে জেনসেন হুয়াংয়ের সঙ্গে তার সম্পর্কের সূত্র ধরে কী ধরনের তথ্য সংগ্রহ করা হয়েছে কিংবা সেসব তথ্য বেইজিংকে সরবরাহ করা হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়। প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি তদন্তের উদ্যোগ নিয়েছে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ।
এ খবর প্রকাশের পর সোমবার এনভিডিয়ার শেয়ারের দাম গত সাত মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে।
ট্রাম্প জানান, মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা, ওই নারী চীনের কাছে তথ্য সরবরাহ করেছেন। বিষয়টি নিয়ে তদন্ত করছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই।
ট্রাম্প বলেন, জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো শুনে তিনি বিস্মিত হয়েছেন। এ বিষয়ে হুয়াংয়ের সঙ্গে কথা বলার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘আমি তাকে (জেনসেন হুয়াং) জিজ্ঞাসা করেছিলাম, ওই নারী যে গুপ্তচর, সে বিষয়ে তার কোনো ধারণা ছিল কি না। তিনি বলেছেন, ওই নারী যে গুপ্তচর, তা আমি জানতাম না। আমি সত্যিই তাকে বিশ্বাস করি।’
সিলিকন ভ্যালিতে ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্রদের একজন জেনসেন হুয়াং। ২০২৫ সাল থেকে তাদের মধ্যে সম্পর্ক রয়েছে। গত দুই বছরে হুয়াং বারবার ট্রাম্প প্রশাসনের বিভিন্ন কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছেন।
সময়ের আলো/এসএকে