ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুর হাতে কী কী ক্ষমতা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েলের জাতীয় নির্বাচনের দুই সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কাটেনি। বিরোধী নেতা গাদি আইজেনকোটকে সরকার গঠনের

2026-11-10T17:07:22+00:00
2026-11-10T17:07:51+00:00
 
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুর হাতে কী কী ক্ষমতা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৫:০৭ পিএম  আপডেট: ১০.১১.২০২৬ ৫:০৭ পিএম
ইসরায়েলের জাতীয় নির্বাচনের বুথফেরত জরিপের ফল প্রকাশের পর জেরুজালেমে লিকুদ পার্টির নির্বাচনী কার্যালয়ে বক্তব্য দিচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী ও দলটির নেতা বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : রয়টার্স
ইসরায়েলের জাতীয় নির্বাচনের দুই সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কাটেনি। বিরোধী নেতা গাদি আইজেনকোটকে সরকার গঠনের সুযোগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। তবে আইজেনকোট কিংবা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট— কেউই পার্লামেন্ট নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন নিশ্চিত করতে পারেনি। ফলে শেষ পর্যন্ত কে সরকার গঠন করবেন, তা এখনো স্পষ্ট নয়।

আইজেনকোট যখন জোটের শরিক ও সম্ভাব্য সমর্থকদের সঙ্গে আলোচনা চালাচ্ছেন, তখন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন নেতানিয়াহু। আইজেনকোট সরকার গঠনে ব্যর্থ হলে প্রেসিডেন্ট আবারও নেতানিয়াহুকে সরকার গঠনের দায়িত্ব দিতে পারেন।

নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা না পেলেও অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুর হাতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর নির্বাহী ক্ষমতা রয়েছে। ফলে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত দেশটির প্রশাসন, নিরাপত্তা ও পররাষ্ট্রনীতিতে তার প্রভাব অব্যাহত থাকবে।

ইসরায়েলের বিশ্লেষক ও ফিলিস্তিনি নাগরিক এহাব জাবারিন আলজাজিরাকে বলেন, নেতানিয়াহু সরকার গঠনের অগ্রাধিকার হারিয়েছেন, কিন্তু প্রধানমন্ত্রীর বর্তমান পদ হারাননি। তার মতে, নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিরোধীদের মধ্যে সমঝোতা প্রয়োজন। তাদের পারস্পরিক মতপার্থক্যই নেতানিয়াহুর রাজনৈতিক অবস্থান টিকিয়ে রাখার সুযোগ তৈরি করেছে।

এ পরিস্থিতিকে তিনি ইসরায়েলের একটি ‘সাংবিধানিক বৈপরীত্য’ হিসেবে উল্লেখ করেছেন। কারণ, নির্বাচনে জনসমর্থনের ভিত্তিতে নতুন সরকার গঠনের সুযোগ তৈরি হলেও বিদায়ী প্রধানমন্ত্রী রাষ্ট্র পরিচালনার ক্ষমতা ধরে রেখেছেন।

অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর ক্ষমতার ভিত্তি কী?

ইসরায়েলের একক কোনো লিখিত সংবিধান নেই। দেশটির রাষ্ট্র পরিচালনার মৌলিক আইনি কাঠামো তৈরি হয়েছে একাধিক মৌলিক আইনের মাধ্যমে।

ইসরায়েলের মৌলিক আইন ‘দ্য গভর্নমেন্ট’-এর ৩০ অনুচ্ছেদ অনুযায়ী, নতুন সরকার শপথ নেওয়া পর্যন্ত বিদায়ী সরকার দায়িত্ব পালন অব্যাহত রাখবে। অর্থাৎ, নেসেটের আস্থা অর্জন করে নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগপর্যন্ত নেতানিয়াহু ও তার মন্ত্রিসভা রাষ্ট্র পরিচালনার ক্ষমতা ধরে রাখবেন।

জাবারিনের ভাষ্য, সরকার পরিচালনার ধারাবাহিকতার নীতি অনুযায়ী অন্তর্বর্তী সরকার রাষ্ট্র পরিচালনা, নিরাপত্তা ও পররাষ্ট্রনীতিসংক্রান্ত ক্ষমতা প্রয়োগ করতে পারে। তবে এ ক্ষেত্রে সংযম ও সতর্কতা বজায় রাখার বাধ্যবাধকতা রয়েছে।

নিরাপত্তা ও যুদ্ধসংক্রান্ত ক্ষমতা

অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুর সামরিক ও নিরাপত্তাসংক্রান্ত ক্ষমতা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। এ অবস্থাতেও তিনি নতুন নিয়োগ এবং নিরাপত্তাবিষয়ক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। তবে নির্বাচনের পর রাজনৈতিক বৈধতা ও জনসমর্থনের প্রশ্ন থাকায় তার এসব সিদ্ধান্ত বাড়তি নজরদারির মুখে পড়তে পারে।

মৌলিক আইন ‘দ্য গভর্নমেন্ট’-এর ৪০ অনুচ্ছেদ অনুযায়ী, মন্ত্রিসভার অনুমোদন ছাড়া নেতানিয়াহু এককভাবে নতুন যুদ্ধ শুরু করতে পারবেন না। অর্থাৎ, নতুন কোনো যুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত নিতে হলে মন্ত্রিসভার ভোটে অনুমোদন প্রয়োজন।

তবে বিদ্যমান সংঘাতকে কেন্দ্র করে সামরিক পদক্ষেপ নেওয়ার সুযোগ তার রয়েছে। জাবারিনের মতে, নতুন করে যুদ্ধ শুরু করার চেয়ে ইরান বা লেবাননের মতো বিদ্যমান নিরাপত্তা পরিস্থিতিকে কাজে লাগিয়ে উত্তেজনা বাড়ানোর আশঙ্কাই বেশি প্রাসঙ্গিক।

এ ক্ষেত্রে গোয়েন্দা তথ্য উপস্থাপন ও নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়নের বিষয়টিও গুরুত্বপূর্ণ। আইজেনকোট ও তার মিত্ররা বর্তমান নিরাপত্তা মন্ত্রিসভার সদস্য নন। ফলে নিরাপত্তাসংক্রান্ত তথ্য কীভাবে মন্ত্রিসভার সামনে উপস্থাপন করা হচ্ছে, সে ক্ষেত্রে নেতানিয়াহুর প্রভাব রয়েছে।

জাবারিন বলেন, কোন হুমকিকে নিয়ন্ত্রণযোগ্য হিসেবে দেখানো হবে আর কোন পরিস্থিতিকে সম্ভাব্য সামরিক হামলার শেষ সুযোগ হিসেবে উপস্থাপন করা হবে, তা গুরুত্বপূর্ণ বিষয়। মন্ত্রিসভার কাছে পৌঁছানো তথ্য ও সম্ভাব্য পদক্ষেপের উপস্থাপন সিদ্ধান্ত গ্রহণে বড় ভূমিকা রাখে।

এ ছাড়া ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত সরাসরি প্রধানমন্ত্রীর কাছে প্রতিবেদন দেয়। অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হলেও এ ব্যবস্থার কোনো পরিবর্তন হয় না।

আইন প্রণয়ন ও অভ্যন্তরীণ সিদ্ধান্তে সীমাবদ্ধতা 

নিরাপত্তা বাহিনীর ওপর কর্তৃত্ব থাকলেও অভ্যন্তরীণ নীতিনির্ধারণ ও আইন প্রণয়নের ক্ষেত্রে নেতানিয়াহুর কিছু বাস্তব সীমাবদ্ধতা রয়েছে।

ইসরায়েলবিষয়ক লেখক ও বিশেষজ্ঞ মায়সারা বাহর বলেন, নেতানিয়াহুর নেওয়া কিছু আর্থিক সিদ্ধান্ত পরবর্তী সরকারের কার্যক্রমে বাধা তৈরি করতে পারে। বিশেষ করে নতুন সরকারকে বেশি ঋণের বোঝা নিয়ে দায়িত্ব গ্রহণের পরিস্থিতিতে ফেলতে পারেন তিনি।

তবে নিজের বিরুদ্ধে চলমান দীর্ঘ দুর্নীতির বিচার থেকে সুরক্ষা পেতে নতুন কোনো আইন পাস করাতে পারবেন না নেতানিয়াহু।


বিরোধী জোটে ভাঙন ধরানোর চেষ্টা

অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে থাকার সুযোগ কাজে লাগিয়ে বিরোধী জোটে বিভক্তি তৈরির চেষ্টা করছেন নেতানিয়াহু বলে মনে করেন বিশ্লেষক জাবারিন।

তার মতে, নেতানিয়াহু জায়নবাদী ভোটার ও দলগুলোর সমর্থন পেতে আইজেনকোটের জোটকে আরব দলগুলোর ওপর নির্ভরশীল হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন।

অন্যদিকে মায়সারা বাহরের আশঙ্কা, ক্ষমতার পালাবদল বাধাগ্রস্ত করতে নেতানিয়াহু দেশের অভ্যন্তরে অস্থিরতা উসকে দিতে পারেন। ক্ষমতায় টিকে থাকতে তিনি বিভিন্ন রাজনৈতিক কৌশল গ্রহণ করতে পারেন বলেও মনে করেন এই বিশেষজ্ঞ।

অন্য দেশের সঙ্গে ইসরায়েলের ক্ষমতা হস্তান্তরের তুলনা

ইসরায়েলের অন্তর্বর্তী সরকারব্যবস্থা অন্যান্য সংসদীয় গণতন্ত্রের ব্যবস্থার সঙ্গে অনেকটা সামঞ্জস্যপূর্ণ। যুক্তরাজ্য ও ভারতেও নির্বাচনের পর নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগপর্যন্ত অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বিদ্যমান আইনি ক্ষমতা ভোগ করেন।

তবে সাংবিধানিক রীতি ও রাজনৈতিক চর্চা অনুযায়ী, অন্তর্বর্তী সরকারকে বড় ধরনের নীতিগত সিদ্ধান্ত এড়িয়ে চলতে হয়। বিশেষ করে যুদ্ধের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সতর্কতা অবলম্বনের প্রত্যাশা থাকে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রে বিদায়ী প্রেসিডেন্টের ক্ষমতা হস্তান্তরের জন্য নির্দিষ্ট সময়সীমা রয়েছে। নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণের আগপর্যন্ত প্রায় আড়াই মাসের এই সময়ে বাজেট, নিয়োগ ও ক্ষমতা হস্তান্তরের বিভিন্ন বিষয়ে কংগ্রেসের কঠোর নজরদারি থাকে।
 
সূত্র : আলজাজিরা

সময়ের আলো/ইউএমইচ 

  বিষয়:   ইসরায়েল  অন্তর্বর্তী প্রধানমন্ত্রী  নেতানিয়াহু  ক্ষমতা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: