৭ শর্ত মেনে যুক্তরাষ্ট্রকে ‘আত্মসমর্পণের’ আহ্বান ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা শুরু করতে ৭টি শর্ত পূরণের দাবি জানিয়েছে ইরান। দেশটির নিরাপত্তাপ্রধান মোহসেন রেজাই বলেছেন, এসব শর্ত মেনে

2026-11-10T14:28:22+00:00
2026-11-10T14:30:03+00:00
 
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
৭ শর্ত মেনে যুক্তরাষ্ট্রকে ‘আত্মসমর্পণের’ আহ্বান ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ২:২৮ পিএম  আপডেট: ১০.১১.২০২৬ ২:৩০ পিএম
ডোনাল্ড ট্রাম্প ও মোহসেন রেজাই। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা শুরু করতে ৭টি শর্ত পূরণের দাবি জানিয়েছে ইরান। দেশটির নিরাপত্তাপ্রধান মোহসেন রেজাই বলেছেন, এসব শর্ত মেনে না নিলে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসবে না তেহরান। ইরানের এই অবস্থানে চলমান সংঘাতে নিজেদের বিজয়ী মনে করার মনোভাবই প্রকাশ পাচ্ছে।

তবে ইরানের কাছে যুক্তরাষ্ট্র আত্মসমর্পণ করবে কি না, তা নির্ভর করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের ওপর। ট্রাম্পকে দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করা বিশ্লেষকদের মতে, ‘আত্মসমর্পণ’ শব্দটি তার কাছে অত্যন্ত অপমানজনক। ফলে, ইরানের দাবি মেনে যুক্তরাষ্ট্রের আত্মসমর্পণের সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে।

ট্রাম্প এখনো কূটনৈতিক সমাধানের আশাবাদ জানালেও দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি অবস্থান অব্যাহত রয়েছে। এতে যুদ্ধ বন্ধে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা ক্রমেই কঠিন হয়ে উঠছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা জোরদার হলেও নিজেদের ৭ দফা দাবিতে অনড় রয়েছে ইরান। আলজাজিরাকে দেওয়া বক্তব্যে দেশটির নিরাপত্তাপ্রধান মোহসেন রেজাই জানিয়েছেন, ওয়াশিংটনকে এসব শর্ত মেনে নিতে হবে।


ইরানের শর্তগুলো হলো-

১. লেবাননসহ সব ফ্রন্টে সামরিক ও শত্রুতামূলক কর্মকাণ্ড বন্ধ করতে হবে।

২. যুক্তরাষ্ট্রে জব্দ থাকা ইরানের শত শত কোটি ডলারের সম্পদ ও অর্থ ফেরত দিতে হবে।

৩. ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের আরোপ করা নৌ অবরোধ তুলে নিতে হবে।

৪. ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ করতে হবে।

৫. ইরানের বিপ্লববিরোধীদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সব ধরনের সহযোগিতা বন্ধ করতে হবে।

৬. ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের সব ধরনের হামলা বন্ধ করতে হবে।

৭. ইরানের ওপর আরোপিত সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।


এদিকে, ইরানের সঙ্গে আবারও সংঘাত শুরু হলে আগের হামলার তুলনায় পাঁচ গুণ বেশি শক্তিশালী আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সিএসপ্যানের ‘ওয়াশিংটন জার্নাল প্রাইমটাইম’ অনুষ্ঠানে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে চায়। যদিও প্রকাশ্যে দেশটি তা স্বীকার করছে না।

ট্রাম্প বলেন, ‘আমরা ভেনেজুয়েলায় জিতেছি, ইরানেও জিতেছি। তাদের নৌবাহিনী, বিমানবাহিনী, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা- সবকিছু ধ্বংস করে দিয়েছি। তাদের নেতাদেরও নিশ্চিহ্ন করেছি।’

তিনি আরও বলেন, ইরান সমঝোতা করতে আগ্রহী। তবে, দেশটি পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো কার্যক্রম চালালে সেখানে হামলা চালানোর প্রয়োজন হতে পারে। যদিও এখন পর্যন্ত ওই এলাকায় এ ধরনের কোনো তৎপরতা দেখা যায়নি বলে জানান তিনি।

ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন ট্রাম্প। তার আশঙ্কা, পারমাণবিক অস্ত্র পেলে ইরান তা ব্যবহার করবে।

ট্রাম্প জানান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতের নেতাদের সঙ্গে তার কথা হয়েছে। এসব দেশের নেতারা নতুন করে বড় ধরনের হামলা চালানোর পরিবর্তে বর্তমান সামরিক কৌশল অব্যাহত রাখার পক্ষে।

সূত্র : আলজাজিরা

সময়ের আলো/মহু
  বিষয়:   ইরান  যুক্তরাষ্ট্র  ডোনাল্ড ট্রাম্প  মোহসেন রেজাই  যুদ্ধ  শর্ত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: