প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৬:৪৫ পিএম আপডেট: ১০.১১.২০২৬ ৭:০৫ পিএম
জিসিসির মহাসচিব জাসেম আল-বুদাইউই। ছবি : আরব নিউজ ইরানের হামলার পর নিজেদের সামরিক সহযোগিতা আরও জোরদার করতে কুয়েতে যৌথ সামরিক কমান্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে উপসাগরীয় ছয়টি দেশ। এ কমান্ডের অধীনে সদস্য দেশগুলোর সেনাবাহিনীর নির্দিষ্টসংখ্যক সদস্য দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) মহাসচিব জাসেম আল-বুদাইউই এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, জিসিসির প্রতিরক্ষামন্ত্রীরা কুয়েতে একটি অগ্রবর্তী সামরিক কমান্ড স্থাপনে সম্মত হয়েছেন। এটি জিসিসির ইউনিফায়েড মিলিটারি কমান্ডের অধীনে পরিচালিত হবে। এই যৌথ সামরিক কাঠামোয় ছয়টি সদস্য দেশের সশস্ত্র বাহিনী অন্তর্ভুক্ত রয়েছে।
বাহরাইনের রাজধানী মানামায় অনুষ্ঠিত জিসিসির যৌথ প্রতিরক্ষা পরিষদের ২৩তম অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বাহরাইনের প্রতিরক্ষাবিষয়ক মন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল আবদুল্লাহ বিন হাসান আল-নুয়াইমি।
জিসিসি মহাসচিব জানান, গত এপ্রিল মাসে জেদ্দায় অনুষ্ঠিত জিসিসি নেতাদের বিশেষ সম্মেলনে যৌথ সামরিক কার্যক্রম জোরদার এবং অভিন্ন হুমকি মোকাবিলায় সক্ষমতা বাড়ানোর যে নির্দেশনা দেওয়া হয়েছিল, তার ধারাবাহিকতায় এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
তিনি বলেন, অঞ্চলে ইরানের হামলার জবাবে সদস্য দেশগুলোর মধ্যে সামরিক সহযোগিতা ও সমন্বয়ের যে চিত্র দেখা গেছে, তা উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা যে একে অপরের সঙ্গে জড়িত, সেটিই তুলে ধরেছে।
জিসিসির সদস্য দেশগুলোতে ইরানের হামলার তীব্র নিন্দা জানান আল-বুদাইউই। এসব হামলায় বেসামরিক স্থাপনা ও অবকাঠামোর ক্ষয়ক্ষতির কথাও উল্লেখ করেন তিনি। হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
এ ছাড়া সৌদি আরবে হুতিদের হামলারও নিন্দা জানান তিনি। পবিত্র স্থানগুলোকে লক্ষ্যবস্তু করার ঘটনাকে সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেন জিসিসি মহাসচিব।
তিনি বলেন, সৌদি আরবের পাশে রয়েছে জিসিসির সব সদস্য দেশ। দেশটির নিরাপত্তা, স্থিতিশীলতা ও ভূখণ্ড রক্ষায় নেওয়া সব পদক্ষেপের প্রতি তাদের সমর্থন রয়েছে। সৌদি আরবের নিরাপত্তা উপসাগরীয় সব দেশের নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ।
আল-বুদাইউই আরও জানান, বৈঠকে উপসাগরীয় দেশগুলোর সামরিক সহযোগিতা ও সমন্বয় আরও গভীর করতে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সময়ের আলো/ইউএমএইচ